Advertisement

পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
ফাইল ছবি: রয়টার্স

পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সভায় শ্রমিকদের নতুন মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপন এবং এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Advertisement

আজ মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সভার নতুন তারিখ জানানো হয়েছে।

Advertisement

এর আগে গত সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের নতুন মজুরির প্রস্তাব দেওয়ার কথা ছিল। এ জন্য মালিকপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছিল। তবে অনিবার্য কারণ দেখিয়ে শেষ মুহূর্তে সভাটি স্থগিত করা হয়।

পরে জানা যায়, মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধির একজন মো. আনোয়ার হোসেন অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করা হয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষের নতুন মজুরির প্রস্তাব দেওয়ার কথা ছিল। ওই বৈঠকে শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেয়। এতে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়।

তবে মালিকপক্ষ সেদিন কোনো মজুরি প্রস্তাব দেয়নি। প্রস্তাব তৈরির জন্য সাত কর্মদিবস সময় চায় তারা। পরে বোর্ড চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করে দেয়।

এদিকে নতুন মজুরি নির্ধারণের দাবিতে গত দুই সপ্তাহ ধরে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ চলছে। বিভিন্ন কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়ে কাজ না করে বেরিয়ে যাচ্ছেন। সড়কে বিক্ষোভের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে গত ১ নভেম্বর পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার।

বোর্ড গঠনের পর এ পর্যন্ত দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৪ নভেম্বর প্রথম বৈঠকে আগামী মাস থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের বিষয়ে সম্মত হয় বোর্ড। তবে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হলেও শিল্পাঞ্চলে অসন্তোষ পুরোপুরি থামেনি।