Advertisement

ইসলামী ব্যাংকের মালিকানা সরকার কি নেবে?

ইসলামী ব্যাংকের মালিকানা সরকার কি নেবে?
ইসলামী ব্যাংকের লোগো

দেশের ব্যাংক খাতের সংকট মোকাবিলায় একের পর এক বেসরকারি ব্যাংকের মালিকানা সরকারের হাতে যাওয়ার ঘটনা ঘটছে। অনিয়ম, ঋণ কেলেঙ্কারি, খেলাপি ঋণ ও মূলধন ঘাটতিতে বিপর্যস্ত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক, যার অনুমোদিত মূলধনের ৫০ শতাংশ- পরিশোধিত মূলধনের ৫৭ শতাংশ- দিয়েছে সরকার। এবার দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংককেও সরকারি মালিকানায় নিয়ে যাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।

Advertisement

ব্যাংকটির মূলধন ঘাটতি মেটাতে সরকারের কাছে ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ চাওয়া হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের হাতে চলে যেতে পারে।

ইসলামী ব্যাংকের দিক থেকে অবশ্য এই প্রক্রিয়ার ব্যাপারে কিছু না জানার দাবিই করা হচ্ছে। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলতাফ হোসেন চরচাকে বলেন, “সরকারের কাছে অর্থ সহায়তা চাওয়া হয়েছে, সেটা আমরা শুনেছি। তবে এই সিদ্ধান্তের সঙ্গে আমরা সংশ্লিষ্ট নই। আমাদেরকে জানানো হয়নি। এটা বাংলাদেশ ব্যাংক ও সরকার পর্যায়ে আলোচনা চলছে। যেহেতু আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি, সেহেতু এই প্রসঙ্গে আমরা কিছু বলতে পারব না। বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের কাছে মাঝে মাঝে কিছু তথ্য চায়, আমরা সেগুলো সরবরাহ করি।”

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বর্তমানে ইসলামী ব্যাংকের প্রশাসক হিসেবে রয়েছেন। এই বিষয়ে জানতে একাধিকবার ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Advertisement

আমানতকারীদের অর্থের নিরাপত্তা, ব্যাংক খাতে আস্থা ফেরানো এবং আর্থিক স্থিতিশীলতা রক্ষার যুক্তিতে অনেকেই সরকারের এমন উদ্যোগকে জরুরি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে, সংকটে পড়া বেসরকারি ব্যাংক উদ্ধারের একমাত্র উপায় কি সেগুলোর মালিকানা সরকারের হাতে নেওয়া?

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর এমন প্রক্রিয়ার পক্ষে নন। চরচাকে তিনি বলেন, “বিশ্বজুড়ে সরকারগুলো ব্যাংক খাত থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। অথচ বাংলাদেশ উল্টো পথে হাঁটছে। বাংলাদেশ সরকার ব্যাংকগুলোকে নিজের নিয়ন্ত্রণ নিচ্ছে। যেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অবস্থাই ভালো না, সেখানে সরকার আরও বেসরকারি ব্যাংক নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে।”

ইসলামী ব্যাংক নিয়ে কী হচ্ছে?

মূলধন ঘাটতি মেটাতে ইসলামী ব্যাংক সরকারের কাছে নতুন শেয়ার বিক্রির মাধ্যমে ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ চেয়েছে। ব্যাংকটির ২০২৭-২০৩৩ মেয়াদি মূলধন পুনরুদ্ধার পরিকল্পনা অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন সাধারণ শেয়ার ইস্যু করে এই অর্থ সংগ্রহের প্রস্তাব দেওয়া হয়েছে।

বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন দুই হাজার কোটি টাকা, এটিকে ১০ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। অন্যদিকে, বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন প্রায় এক হাজার ৬১০ কোটি টাকা। নতুন শেয়ার ইস্যু হলে তা বেড়ে দাঁড়াবে প্রায় সাত হাজার ৬১০ কোটি টাকা। সরকার বা সরকারি প্রতিষ্ঠানগুলো নতুন ইস্যু করার শেয়ারের সবই কিনলে ব্যাংকটির মোট শেয়ারের ৭৮ দশমিক ৮ শতাংশের মালিক হবে সরকার। ফলে ব্যাংকটির নিয়ন্ত্রণও কার্যত সরকারের হাতে চলে যাবে।

গত ৯ নভেম্বর বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছে। অর্থাৎ, প্রস্তাবটি সরকারের বিবেচনার জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত সরকার বিনিয়োগে চূড়ান্ত সম্মতি দিয়েছে কি না, তা জানা যায়নি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান অবশ্য চরচাকে বলেন, “ইসলামী ব্যাংকের মালিকানা সরকার নিচ্ছে- এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। এ ধরনের কোনো প্রস্তাব এলে তখন বাংলাদেশ ব্যাংক বিষয়টি নিয়ে বিবেচনা করবে।”

তবে ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে চরচাকে বলেন, “ইসলামী ব্যাংকটির নিয়ন্ত্রণ সরকার নেওয়ার চেষ্টা করছে। অতীতে যেসব ব্যাংকের নিয়ন্ত্রণ সরকার নিয়েছে, সেগুলোর বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। তাই ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও যেন একই পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।”

সরকারি মালিকানার চেয়ে বরং ইসলামী ব্যাংকের এই সংকট কাটাতে ভিন্ন কোনো পদ্ধতিতে যাওয়ার পরামর্শ ইসলামী ব্যাংকের এই কর্মকর্তার, “…এই ব্যাংকের পরিচালনা পর্ষদে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও ব্যাংক পরিচালনায় অভিজ্ঞ ব্যক্তিদের রাখা জরুরি। দ্রুত একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা না হলে ব্যাংকের সংকট আরও বাড়তে পারে এবং ধীরে ধীরে পরিস্থিতির অবনতি ঘটতে পারে। পাশাপাশি এস আলম গ্রুপের যেসব শেয়ার বর্তমানে হোল্ড করা রয়েছে, সেগুলো বিক্রি করে পাওয়া অর্থ ব্যাংকে মূলধন হিসেবে যুক্ত করার উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে ব্যাংকের তারল্য পরিস্থিতির উন্নতি হবে এবং আমানতকারী ও গ্রাহকদের আস্থা ফেরাতেও সহায়ক হবে।”

কেন ইসলামী ব্যাংক সরকারি মালিকানায় যাচ্ছে, সরকারকে তারা কী প্রস্তাব দিয়েছে- এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এখন তো ব্যাংক চালাচ্ছে প্রশাসক। প্রশাসক ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ চেয়েছে বড় অংশের মালিকানা দেওয়ার বদলে। সরকার এই বিনিয়োগ করলে মালিকানা নিতে পারবে। প্রস্তাবটা দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে।”

ইসলামী ব্যাংকের অবস্থা কী?

ইসলামী ব্যাংকের বর্তমান আর্থিক অবস্থা বেশ নাজুক। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির কর-পরবর্তী লোকসান তিন হাজার ৩০৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ৭৯ কোটি টাকা।

গত সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মোট ঋণের পরিমাণ ছিল এক লাখ ৮১ হাজার ৮৬০ কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৬০০ কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে। অর্থাৎ, মোট ঋণের ৫৫ শতাংশেরও বেশি খেলাপি! একই সময়ে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকা। অর্থাৎ, ব্যাংকটির সংকট কেবল মূলধনের নয়, ঋণের মান ও আর্থিক সক্ষমতারও।

এই অবস্থায় ইসলামী ব্যাংককে সরকারি মালিকানায় নিলেই কি ব্যাংকের সংকট কেটে যাবে? আহসান এইচ মনসুর তা মনে করেন না, “সরকার মালিকানা নিলেই কোনো ব্যাংক ভালো হয়ে যায় না। বরং ইসলামী ব্যাংকের যে সুনাম এখনো অবশিষ্ট আছে, সরকার সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার হলে সেটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যাংকটিতে ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ করলেও কয়েক বছরের মধ্যে তা নষ্ট হয়ে যেতে পারে। এরপর আবারও সরকারের কাছ থেকে অর্থের প্রয়োজন হতে পারে।”

একীভূত পাঁচ ব্যাংকের ক্ষেত্রে সরকার কী করেছিল?

ব্যাংক খাতের সংকট মোকাবিলায় সরকারের বড় পদক্ষেপ আসে ২০২৫ সালের অক্টোবরে। ওই সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। ব্যাংকগুলোর আর্থিক অবস্থা পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক দেখতে পায়, দীর্ঘদিনের অনিয়ম ও ঋণ বিতরণে দুর্বলতার কারণে এগুলোর মূলধন ঘাটতি, খেলাপি ঋণ ও তারল্যসংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার সক্ষমতাও হারিয়ে ফেলেছিল ব্যাংকগুলো।

এই পাঁচ ব্যাংকের মধ্যে চারটি ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। অন্যদিকে এক্সিম ব্যাংকের নিয়ন্ত্রণে ছিলেন ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার।

ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পদের মান পর্যালোচনা করা হয়। এরপর ব্যাংক রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় ব্যাংকগুলোর সম্পদ ও দায় নতুন ব্যাংকের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। অর্থাৎ, শুধু পরিচালনা পর্ষদ পরিবর্তন কিংবা নতুন প্রশাসক নিয়োগ নয়, পুরনো পাঁচটি ব্যাংকের পরিবর্তে নতুন একটি ব্যাংক গঠন করে পুরো ব্যবস্থাপনাই ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়।

নতুন ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয় ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের আমানতের একটি অংশ শেয়ারে রূপান্তরের মাধ্যমে মূলধনে যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, একীভূত হওয়া পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর জমা রয়েছে এক লাখ ৪২ হাজার কোটি টাকা। বিপরীতে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ প্রায় এক লাখ ৯২ হাজার কোটি টাকা। অর্থাৎ, আমানতের চেয়ে প্রায় ৫০ হাজার কোটি টাকা বেশি ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। এর মধ্যে প্রায় ৮৬ শতাংশ ঋণই খেলাপি হয়ে পড়েছে, যার পরিমাণ প্রায় এক লাখ ৬৫ হাজার কোটি টাকা। আমানতের তুলনায় অতিরিক্ত ঋণ বিতরণের অর্থ এসেছে মূলত বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংক থেকে নেওয়া ধার এবং বিভিন্ন পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে। এক সময় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রি-ফাইন্যান্স, রিফাইন্যান্স ও বিশেষ তহবিলের আওতায় প্রায় ৩৬ হাজার কোটি টাকা অর্থায়ন পেয়েছিল সম্মিলিত পাঁচ ব্যাংক। পাশাপাশি আন্তঃব্যাংক বাজার থেকেও অর্থ ধার করেছে তারা।

তাই বিপুল পরিমাণ ঋণ বিতরণ করলেও তার বড় অংশ আদায় না হওয়ায় ব্যাংকগুলো একদিকে খেলাপি ঋণের বোঝায় জর্জরিত হয়েছে, অন্যদিকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতাও হারিয়েছে। ফলে ব্যাংকগুলোকে স্বাভাবিকভাবে চলতে দেওয়ার চেয়ে আমানতকারীদের স্বার্থ রক্ষা ও পুরো আর্থিক ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ঠেকানোই ছিল একীভূত করার প্রধান যুক্তি।

সরকারের এই মালিকানা কত দিনের, ছাড়বে কীভাবে?

সরকার সম্মিলিত ইসলামী ব্যাংককে স্থায়ীভাবে সরকারি মালিকানায় রাখার পরিকল্পনার কথা জানায়নি। বরং আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ধীরে ধীরে সরকারি অংশীদারত্ব কমিয়ে বেসরকারি বিনিয়োগকারী বা কৌশলগত অংশীদারের হাতে মালিকানা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। অর্থাৎ, আপাতত ব্যাংকটিকে উদ্ধার ও পুনর্গঠনের দায়িত্ব নিয়েছে সরকার। আর্থিক অবস্থার উন্নতি হলে বেসরকারি মালিকানায় ফিরিয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এখনো সরকার মালিকানা নেওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত নয়। ফলে স্বাভাবিকভাবেই, সরকার কতদিনের জন্য এই মালিকানা নিতে যাচ্ছে, সে ব্যাপারে সিদ্ধান্ত এখনই আসবে না। তবে প্রশ্নটা থাকছেই। সরকার কতদিনের জন্য এই মালিকানা নেবে, ছাড়ার সময়ে প্রক্রিয়াটা কী হবে?

একটা ব্যাংককে সরকার নিয়ন্ত্রণে নিলে সাধারণত কীভাবে আবার বেসরকারি খাতে ছাড়া হয়- এই বিষয়ে ধারণা দিয়েছেন আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, “ব্যাংককে বেসরকারি খাতে ফিরিয়ে দেওয়ার আগে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক সাধারণত এর আর্থিক অবস্থার উন্নয়নে কাজ করে। এ জন্য খেলাপি ঋণ আদায়, অনিয়মের তদন্ত, সম্পদ উদ্ধার, মূলধন ঘাটতি পূরণ এবং তারল্য পরিস্থিতির উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়। ব্যাংকের আর্থিক অবস্থা স্থিতিশীল হলে দেশি-বিদেশি সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়। এরপর বিনিয়োগকারীর কাছে সরাসরি শেয়ার বিক্রি, প্রতিযোগিতামূলক দরপত্র কিংবা পুঁজিবাজারের মাধ্যমে শেয়ার হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়। এক্ষেত্রে বিনিয়োগকারীর আর্থিক সক্ষমতা, ব্যাংক পরিচালনার অভিজ্ঞতা ও মালিকানার স্বচ্ছতা যাচাই করা হয়। সব আইনি প্রক্রিয়া এবং বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন শেষে নতুন বিনিয়োগকারীর হাতে ব্যাংকের মালিকানা ও পরিচালনার নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়।”

এর পাশাপাশি আরও বড় যে প্রশ্নটি উঠছে, তা হলো- যে পরিকল্পনায় বা যত দিনের জন্যেই হোক, কেন সেই ব্যাংকের মালিকানা সরকারকেই নিতে হবে?

আহসান এইচ মনসুর এভাবে বেসরকারি ব্যাংককে সরকারি মালিকানায় নেওয়ার পক্ষে নন। বিশ্বজুড়ে যখন সরকারগুলো ব্যাংক খাত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, তখন বাংলাদেশ এ ক্ষেত্রে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের মালিকানা সরকারের কাছে যাওয়ার সময়ে আহসান এইচ মনসুরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। তাহলে তখন কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?

এমন প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, “সেটা করা হয়েছিল তিন বছরের জন্য। আর তার চেয়ে বড় কথা হলো, সেটাকে ব্যাংক রেজল্যুশনের আওতায় নিয়ে করা হয়েছিল, যেন পুরনো মালিকানা আর আসতে না পারে। আর ইসলামী ব্যাংকের ক্ষেত্রে অন্যটা ঘটছে। এখানে ঘুরিয়ে-ফিরিয়ে পুরনো মালিকানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ, সরকার যদি ইসলামী ব্যাংককে রেজল্যুশনের আওতায় নিয়ে সেটাকে কিছুদিনের জন্য মালিকানায় নেয়, তাহলে সমস্যা নাই।”

ব্যাংক বিপদে পড়বে আর সরকার মালিকানা কিনতেই থাকবে?

একটি ব্যাংকের সংকট শুধু ওই ব্যাংকের মালিক বা শেয়ারহোল্ডারদের ক্ষতিগ্রস্ত করে না। এর প্রভাব পড়ে আমানতকারী, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সামগ্রিক অর্থনীতিতে। বিশেষ করে বাংলাদেশের মতো ব্যাংকনির্ভর অর্থনীতিতে ব্যাংক খাতের ওপর আস্থার সংকট তৈরি হলে তার প্রভাব পড়ে ঋণ বিতরণ, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও বিনিয়োগে।

এ কারণে সংকটে পড়া ব্যাংকগুলোকে উদ্ধার করতে সরকারকে মূলধন জোগানো কিংবা মালিকানা গ্রহণ করতে হতে পারে। কিন্তু এটিই কি সমাধান?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম রায়হান এমন পরিস্থিতিতে মূলত ব্যাংক খাতে জবাবদিহি নিশ্চিত করার পক্ষে যুক্তি দেন। তিনি চরচাকে বলেন, “ব্যাংক খাতের সংকট কেবল একীভূতকরণ বা আইনি কাঠামোর বিষয় নয়, এটি আর্থিক খাতের সুশাসনের সঙ্গেও জড়িত। ব্যাংক খাতে অনিয়ম রোধ হলে বেসরকারি খাতেই ব্যাংকটি ভালো করবে। এর জন্য অনিয়মকারীদের জবাবদিহির আওতায় আনা, আত্মসাৎ করা অর্থ উদ্ধার এবং বাংলাদেশ ব্যাংকের স্বাধীন তদারকি নিশ্চিত করা জরুরি। বারবার সরকারি অর্থ দিয়ে ব্যাংক বাঁচিয়ে রাখলে অনিয়মকারীদের কাছে ভুল বার্তা যাবে। তারা মনে করবে, অনিয়ম করেও বাঁচা যায়। তখন তারা তা করতে উৎসাহী হবে।”

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অভিজ্ঞতাও খুব একটা আশাব্যঞ্জক নয়। দীর্ঘদিন ধরে এসব ব্যাংকে খেলাপি ঋণ, রাজনৈতিক প্রভাব, অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে মূলধন ঘাটতি পূরণে সরকারের বাজেট থেকে বিপুল অর্থ দেওয়া হলেও, অনেক ব্যাংকের আর্থিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। ফলে বেসরকারি ব্যাংকের সংকট সমাধানেও বারবার সরকারি মালিকানার ওপর নির্ভরশীল হয়ে পড়লে একই ধরনের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

অর্থনীতিতে কী প্রভাব পড়বে?

অর্থনীতিবিদরা বলছেন, সংকটে পড়া কোনো ব্যাংকে সরকারি হস্তক্ষেপের প্রয়োজন হলেও সেটি হওয়া উচিত সংকট মোকাবিলার সাময়িক ব্যবস্থা, স্থায়ী ব্যবসায়ীক মডেল নয়।

এ ক্ষেত্রে প্রথমেই ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করে খেলাপি ঋণ ও মূলধন ঘাটতির হিসাব প্রকাশ করতে হবে। যাদের অনিয়ম ও দুর্নীতির কারণে ব্যাংকগুলো সংকটে পড়েছে, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারে উদ্যোগী হতে হবে। পাশাপাশি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাবমুক্ত পেশাদার ব্যক্তিদের নিয়োগ, ঋণ বিতরণে স্বচ্ছতা এবং বাংলাদেশ ব্যাংকের স্বাধীন তদারকি নিশ্চিত করতে হবে।

সরকার ইসলামী ব্যাংকের মালিকানা নিলে দেশের অর্থনীতির জন্য তা কতটা ইতিবাচক হবে, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “বাংলাদেশ ব্যাংক যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশের অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দেবে। যে সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য ভালো হবে, সেটিই নেওয়া হবে। আর কোনো সিদ্ধান্ত অর্থনীতির জন্য ভালো না হলে, তা নেওয়া হবে না। দেশের ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানগুলো যেন ভালোভাবে পরিচালিত হয়, সেটিই বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”