Advertisement

স্থানীয় সরকার নির্বাচনে অভ্যন্তরীণ সংঘাত এড়াতে কোন কৌশলে বিএনপি

স্থানীয় সরকার নির্বাচনে অভ্যন্তরীণ সংঘাত এড়াতে কোন কৌশলে বিএনপি
বিএনপির সাংগঠনিক প্রস্তুতির অন্যতম দিক হচ্ছে দলের ভেতরে শৃঙ্খলা নিশ্চিত করা। ছবি: চরচা

ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের বিভিন্ন পদে ক্ষমতাসীন বিএনপির একাধিক নেতা প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কোথাও সম্ভাব্য প্রার্থীরা আগাম প্রচার শুরু করেছেন, কোথাও স্থানীয় সংসদ সদস্য ও প্রভাবশালী নেতাদের সমর্থন পেতে তৎপরতা চালাচ্ছেন। আর এর ফলে স্থানীয় সরকার নির্বাচনের আগেই বিএনপির অভ্যন্তরে বিরোধ ও সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisement

এই পরিস্থিতিতে প্রতিটি এলাকায় একজন প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা করছে বিএনপি। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও অভ্যন্তরীণ শৃঙ্খলার জন্য প্রার্থী বাছাইয়ে ভূমিকা রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব। সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরির পাশাপাশি মাঠপর্যায়ে জরিপ, কেন্দ্রীয় পর্যবেক্ষণ এবং বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষ কমিটিও গঠন করেছে দলটি।

Advertisement

তবে কেন্দ্রের এই উদ্যোগের মধ্যেই তৃণমূল নেতাদের একটি অংশের আশঙ্কা, প্রার্থী বাছাইয়ে স্থানীয় প্রভাবশালী নেতা বা সংসদ সদস্যদের ব্যক্তিগত পছন্দ প্রাধান্য পেলে দীর্ঘদিনের ত্যাগী নেতারা বঞ্চিত হতে পারেন। আবার কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে একাধিক নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে নির্বাচনী বিরোধ সংঘাতে রূপ নিতে পারে। এ পরিস্থিতি এড়াতে আগেভাগেই সম্ভাব্য বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।

একক প্রার্থী, চার মানদণ্ডে যাচাই

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে একই পদে বিএনপির একাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতা করলে দলের ভেতরে বিভক্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় নেতৃত্ব। এ কারণে প্রতিটি এলাকায় একজন প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে শীর্ষ নেতৃত্ব। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিরোধ থাকলে তা নির্বাচনের আগেই আলোচনার মাধ্যমে মীমাংসা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে চারটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে বিএনপি। এগুলো হলো–প্রার্থীর পরিচ্ছন্ন ভাবমূর্তি, স্থানীয় জনপ্রিয়তা, দলের প্রতি ত্যাগ ও অবদান এবং নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা।

এ জন্য স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ইসমাঈল জবিউল্লাহ এবং বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাকে নিয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের নেতাদের সঙ্গে অনলাইন বৈঠক করেছেন। এসব বৈঠকে সম্ভাব্য প্রার্থী, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। প্রার্থীদের নামের তালিকা তৈরির ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে জরিপ চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

এমপিদের পছন্দ-অপছন্দ নিয়ে তৃণমূলে উদ্বেগ

প্রার্থী বাছাইয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রভাবশালী নেতাদের ভূমিকা নিয়ে বিএনপির তৃণমূল পর্যায়ে উদ্বেগ রয়েছে। দলের একাধিক নেতাকর্মীর আশঙ্কা, সংসদ সদস্যরা নিজেদের রাজনৈতিক বলয় শক্তিশালী করতে পছন্দের ব্যক্তিদের সমর্থন দিতে পারেন। এতে দীর্ঘদিনের ত্যাগী ও জনপ্রিয় নেতারা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বেন।

ঝিনাইদহ জেলার একটি উপজেলার চেয়ারম্যান পদপ্রত্যাশী একজন বিএনপি নেতা চরচাকে বলেন, “যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে সমর্থন না দিয়ে সংসদ সদস্যরা নিজেদের রাজনৈতিক বলয় শক্তিশালী করতে পছন্দের ব্যক্তিকে সমর্থন দেওয়ার চেষ্টা করতে পারেন।”

তৃণমূলের নেতাকর্মীদের এমন আশঙ্কার বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত চরচাকে বলেন, “অতীতের অভিজ্ঞতা থেকে হয়তো তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে এমন একটি আশঙ্কা তৈরি হয়েছে। অতীতে অনেক সময় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কেউ কেউ ব্যক্তিগত প্রভাব বা রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। এবার সে সুযোগ নেই। কেন্দ্র থেকে বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে।”

বিএনপির এই সাংগঠনিক নেতা জানান, এবার প্রার্থী বাছাইয়ের নির্দেশনা ভিন্নভাবে দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করা হলে দল কঠোর অবস্থানে যাবে।

কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা

স্থানীয় সরকার নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে দলীয় ভোট বিভক্ত হওয়ার পাশাপাশি নির্বাচনের পরও বিরোধ অব্যাহত থাকতে পারে বলে মনে করছে বিএনপি। এ কারণে কেন্দ্রীয়ভাবে সমর্থিত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করার নির্দেশনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী চরচাকে বলেন, “এবার দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের সঙ্গে প্রার্থীদের সম্পৃক্ততা, স্থানীয় পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতা এবং দলের নেতাকর্মীদের সমর্থনের বিষয়গুলো বিবেচনায় নিতে তৃণমূলের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

রিজভী বলেন, একই এলাকা থেকে যাতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করেন, সে বিষয়েও স্থানীয় নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রথমে স্থানীয় পর্যায়ে তৈরি হবে। পরে জেলা ও বিভাগীয় পর্যায়ে যাচাই-বাছাই করা হবে। কোনো তালিকায় অসংগতি বা পক্ষপাতের অভিযোগ উঠলে তা পুনরায় পর্যালোচনা করা হবে। বিভাগীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি না হলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে।

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে প্রার্থী বাছাইয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া এবং দলীয় সিদ্ধান্ত অমান্যের ক্ষেত্রে কী ধরনের শাস্তি দেওয়া হবে, সে বিষয়ে পূর্ণাঙ্গ নির্দেশনা এখনো প্রকাশ করা হয়নি।

বিকল্প প্রার্থীও প্রস্তুত রাখছে বিএনপি

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শুধু একজনকে চূড়ান্ত করার ওপর নির্ভর করতে চায় না বিএনপি। নির্বাচনী প্রক্রিয়ায় কোনো কারণে সমর্থিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে যাতে দল বিপাকে না পড়ে, সে জন্য বিকল্প প্রার্থী রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল চরচাকে বলেন, “কোনো কারণে নির্বাচন কমিশন কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করলে বিকল্প প্রার্থী প্রয়োজন হবে।”

তবে বিকল্প প্রার্থী রাখার বিষয়টি একাধিক ব্যক্তিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি হিসেবে দেখছে না দলটি। মূল লক্ষ্য হচ্ছে, নির্বাচনের আগে একজন প্রার্থীকে ঘিরে দলীয় ঐক্য তৈরি করা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটি করেছে। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান জানিয়েছেন, স্থানীয় জ্যেষ্ঠ নেতা, সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মতামত নিয়ে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে।

নির্বাচনের আগে বিরোধ মেটানোই বড় পরীক্ষা

বিএনপির জন্য স্থানীয় সরকার নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের বিষয় নয়, তৃণমূলের সাংগঠনিক নিয়ন্ত্রণেরও পরীক্ষা। জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে যে ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়, স্থানীয় সরকার নির্বাচনে তা আরও জটিল হতে পারে। কারণ, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ব্যক্তিগত সম্পর্ক, স্থানীয় প্রভাব, ব্যবসায়িক স্বার্থ এবং দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ প্রার্থী বাছাইয়ে ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া দলীয় প্রতীক না থাকায় বিএনপির পরিচিতি ব্যবহার করে একাধিক নেতা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এতে কেন্দ্রের সমর্থিত প্রার্থীকে স্থানীয় পর্যায়ে সবাই মেনে নেবেন কি না, সেই প্রশ্নও উঠছে।

দলীয় সূত্র বলছে, সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আগাম আলোচনা, তৃণমূলের মতামত সংগ্রহ এবং কেন্দ্রীয় পর্যবেক্ষণের মাধ্যমে বিরোধ কমানোর চেষ্টা করা হচ্ছে। কোনো এলাকায় প্রার্থী নিয়ে বিরোধ তৈরি হলে নির্বাচনের আগেই তা সমাধান করতে চায় শীর্ষ নেতৃত্ব।

দলটির বিভিন্ন স্তরের নেতাদের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় সরকার নির্বাচনে সংঘাত এড়ানোর ক্ষেত্রে দলটির কৌশল মূলত তিনটি–একক প্রার্থী নির্ধারণ, প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত নেওয়া এবং কেন্দ্রের সিদ্ধান্ত বাস্তবায়নে সাংগঠনিক নজরদারি।

তবে মাঠপর্যায়ে প্রভাবশালী নেতাদের অবস্থান, দীর্ঘদিনের স্থানীয় বিরোধ এবং একাধিক প্রার্থীর নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ সামলাতে দলটি কতটা সক্ষম হয়, সেটিই হবে এই প্রস্তুতির বড় পরীক্ষা–এমনটিই ভাবছেন তৃণমূলের নেতাকর্মীরা।