Advertisement

শীত আসছে, তবু ডেঙ্গু কেন যাচ্ছে না?

শীত আসছে, তবু ডেঙ্গু কেন যাচ্ছে না?
প্রতীকী ছবি

দেশে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল থামছেই না। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি ২০২৬ সালে ডেঙ্গুতে মোট মৃত্যু ৫০০ ছাড়িয়ে গেছে।

Advertisement

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২০২৩ সালে দেশে রেকর্ড তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং এক হাজার ৭০৫ জন মারা যান। ওই এক বছরের মৃত্যুর আগের ২৩ বছরের মোট ৮৫৩ মৃত্যুর দ্বিগুণ। পরের বছর ২০২৪ সালে ৫৭৫ জন এবং ২০২৫ সালে ৪১৩ জনের মৃত্যু হয়। এ বছর দেড় মাস বাকি থাকতেই আক্রান্ত ও মৃত্যু গত বছরের পুরো হিসাব ছাড়িয়ে গেছে। কেবল অক্টোবরেই ৪০০-এর বেশি মানুষ মারা গেছেন এবং ভর্তি হয়েছেন এক লাখ ৩০ হাজারের বেশি রোগী।

দেশের ৬৪ জেলাতেই ডেঙ্গু ছড়িয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পর খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে রোগী বেশি। আক্রান্তদের ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ১৬ থেকে ৩০ বছর বয়সীরা বেশি সংক্রমিত হচ্ছেন। তবে সংক্রমণের তুলনায় নারী, শিশু ও ৫০ বছরের বেশি বয়সীদের মৃত্যুঝুঁকি বেশি।

শীত এগোলেও ডেঙ্গু কমছে না কেন?

Advertisement

সাধারণত নভেম্বর থেকে শীত শুরু হলে ডেঙ্গু কমে যায়। কিন্তু এবার নভেম্বরের মাঝামাঝি এসেও মৃত্যু ও সংক্রমণ থামছে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার চরচাকে বলেন, “একটি মাত্র কারণে এমন পরিস্থিতি তৈরি হয় না। কোনো সংক্রামক রোগ শুরুতেই নিয়ন্ত্রণ করতে না পারলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা মশা নিয়ন্ত্রণের সঠিক পদ্ধতি অনুসরণ করছি না। দেশে প্রায় ৭০ শতাংশ মশার প্রজনন ঘটে বাসাবাড়ি ও আঙিনায়, কিন্তু আমরা সাধারণ মানুষকে যুক্ত করতে পারিনি। এর সঙ্গে এ বছর নভেম্বরেও বৃষ্টি হয়েছে। বাংলাদেশের ডেঙ্গুর ২৭ বছরের ইতিহাসে ডিসেম্বরে রোগী অনেক কমে আসে। তবে সব কারণ মিলিয়ে এ বছর ডিসেম্বরেও সংক্রমণ ততটা কমবে না।”

বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার ঘনত্বের সূচক ২০ ছাড়িয়ে যাওয়ায় নভেম্বরে দ্রুত উন্নতির আশা কম। রোগতত্ত্ববিদদের একাংশ আগেই চার বছর পরপর বড় মহামারির চক্রের কথা তুলে ধরে বছর শেষে পরিস্থিতি খারাপের আশঙ্কা করেছিলেন। আন্তর্জাতিক রোগ নজরদারি সংস্থা বেকনও সতর্ক করে বলেছে, বৃষ্টি ও চারটি সেরোটাইপ একসঙ্গে সক্রিয় থাকায় অক্টোবর-নভেম্বরে ঝুঁকি বেশি থাকছে।

সরকারও বাড়তি ঝুঁকির কথা স্বীকার করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়ে।” তিনি পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দিয়েছেন। দুই থেকে আড়াই কোটির বেশি মানুষের ঢাকা শহরে শুধু সিটি করপোরেশনের পক্ষে সব সামলানো সম্ভব নয় উল্লেখ করে তিনি শিক্ষার্থী ও তরুণদের চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, “পূর্বাভাস অনুযায়ী দুই মাস আগেই পরিকল্পনা নিয়ে দুই হাজার চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জাপানি নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে মশা কমানোর চেষ্টাও চলছে।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম ৭৫টি ওয়ার্ডে প্রতি শনিবার পরিচ্ছন্নতা দিবস ও লার্ভা জরিপ চালানোর কথা জানান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টনও প্রতি শনিবার বিশেষ অভিযান ও বাসাবাড়ি পরিষ্কারের প্রচারণার কথা বলেন।

গবেষণা থেকে যা জানা যায়

শীত চলে এলেও ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি কেন কমছে না, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা মিলেছে সাম্প্রতিক দুটি গবেষণায়। ২০২৫ সালে ফিউচার হেলথ সাময়িকীতে প্রকাশিত ‘সিম্পটোম্যাটিক প্যাটার্ন চেঞ্জেস অ্যান্ড ক্লাইমেটিক ফ্যাক্টরস ইন ডেঙ্গু আউটব্রেকস ইন বাংলাদেশ’ নামক একটি গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামলে মশার ডিম থেকে লার্ভা ফোটা বন্ধ হয় না। বাংলাদেশে শীতকালে পঞ্চগড় ও দিনাজপুর ছাড়া বেশিরভাগ এলাকায় তাপমাত্রা এর নিচে নামে না। মশার প্রজননের জন্য ন্যূনতম ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যথেষ্ট হওয়ায় শীতকালেও পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ ও উষ্ণ এলাকায় এডিস মশা বংশবৃদ্ধি করতে পারে।

পরিসংখ্যান বলছে, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত চার বছরে ডিসেম্বর মাসে দেশে মোট ৩৪ জন মারা গিয়েছিলেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। কিন্তু ২০২৩ সালের ডিসেম্বরেই মারা যান ৭৬ জন এবং ২০২৪ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত প্রাণ হারান ৪৩ জন।

একই গবেষণায় বলা হয়েছে, এডিস মশা এখন কেবল পরিষ্কার পানি বা সকাল-সন্ধ্যায় কামড়ানোর চেনা আচরণে সীমাবদ্ধ নেই। শহরের ঘনবসতিপূর্ণ অন্ধকার ঘর ও রাতের অতিরিক্ত কৃত্রিম আলোর কারণে এডিস অ্যালবোপিক্টাস মশা দূষিত পানিতেও ডিম পাড়ছে এবং দিনের যেকোনো সময় কামড়াচ্ছে। মশা মারার প্রচলিত কীটনাশকেও কাজ হচ্ছে না আর।

এ ছাড়াও, দ্বিতীয় বা তৃতীয়বার ডেঙ্গুর ভিন্ন ধরনে (সেরোটাইপে) আক্রান্ত হওয়ায় জ্বর ছাড়াই ডেঙ্গু শনাক্ত হওয়া কিংবা দীর্ঘস্থায়ী ডায়রিয়া, রক্তবমি, বুক-পেটে পানি জমা ও মস্তিষ্কে প্রদাহের মতো নতুন উপসর্গ দেখা দিচ্ছে।

২০২৪ সালের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মোট আক্রান্তের ৫৫ শতাংশই ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এর মধ্যে ৩০ শতাংশ শিশু। আক্রান্তদের ৬৩ শতাংশের বেশি পুরুষ হলেও মৃত্যুর ক্ষেত্রে প্রায় ৫২ শতাংশ ছিলেন নারী। হাসপাতালে আসা রোগীদের বাসা ও কর্মস্থলের ঠিকানা ধরে হটস্পট নিয়ন্ত্রণ করলে কম প্রচেষ্টায় ভালো ফল পাওয়া সম্ভব বলে গবেষণায় উল্লেখ করা হয়।

অন্যদিকে, ২০২৪ সালে বাংলাদেশ জার্নাল অব মেডিসিন সাময়িকীতে প্রকাশিত ‘উইন্টার প্রিভ্যালেন্স অব ডেঙ্গু ফিভার ফলোড বাই ইমিউনোসাপ্রেশন অ্যাসোসিয়েটেড হোয়াইট ব্লাড সেল এলিভেশন: আ ক্রস সেকশনাল স্টাডি’ শীর্ষক গবেষণায় শীতকালীন ডেঙ্গুর দীর্ঘমেয়াদি ঝুঁকির চিত্র উঠে এসেছে। এই গবেষণায় জ্বর ও শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে আসা ৭৫ জন রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, পুরুষ রোগীদের ৭৬ শতাংশ এবং নারী রোগীদের ৫৫ শতাংশ সাম্প্রতিক শীতকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, যাদের মধ্যে ৬১ শতাংশ পুরুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেরে ওঠার পরও তাদের দীর্ঘদিন শুকনো কাশি, হালকা জ্বর ও শরীর ম্যাজম্যাজ করার মতো সমস্যা ছিল। রক্ত পরীক্ষায় ৬৫ শতাংশ রোগীর শ্বেত রক্তকণিকার মাত্রা ১৫ হাজারের বেশি পাওয়া যায়, যা রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার পর সংক্রমণের এবং দেশে ডেঙ্গুর দ্বিতীয় ও তৃতীয় ধরনের সক্রিয়তার ইঙ্গিত দেয়।

ধরন বদল আর শহুরে অব্যবস্থাপনায় বাড়ছে সংক্রমণ

অসময়ে বৃষ্টি, বাড়তি গরম ও আর্দ্রতার কারণে সারা বছরই এডিস মশা ডিম পাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অপরিকল্পিত নগরায়ণ, নির্মাণাধীন ভবন, বহুতল ভবনের নিচতলার পার্কিং ও বর্জ্য অব্যবস্থাপনা। বাসাবাড়ির ভেতরে ও বাইরে ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ফুলের টব বা পানির ট্যাংকে জমে থাকা পরিষ্কার পানিতেই সারা বছর মশা জন্মাচ্ছে। যাতায়াত বাড়ায় জেলা ও গ্রামাঞ্চলেও সংক্রমণ ছড়িয়েছে।

এবার মৃত্যু বাড়ার বড় কারণ ভাইরাসের ধরন বা সেরোটাইপ বদল। ডেঙ্গুর চারটি ধরন আছে। একবার একটি ধরনে আক্রান্ত হলে শুধু সেটির বিরুদ্ধে আজীবন প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। কিন্তু পরে অন্য ধরনে দ্বিতীয়বার আক্রান্ত হলে ঝুঁকি অনেক বেড়ে যায়। তখন আগের অ্যান্টিবডি নতুন ভাইরাসকে না ঠেকিয়ে উল্টো কোষে ঢুকতে ও সংখ্যা বাড়াতে সাহায্য করে।

চিকিৎসাবিজ্ঞানে একে বলে অ্যান্টিবডি-ডিপেনডেন্ট এনহ্যান্সমেন্ট বা এডিই। এতে রক্তনালি থেকে জলীয় অংশ বেরিয়ে যাওয়া ও রক্তক্ষরণের মতো মারাত্মক জটিলতা হয়। গত বছর দেশে ডেঙ্গুর দ্বিতীয় ধরনটি প্রধান ছিল। কিন্তু চলতি বছরের আগস্টে আইইডিসিআরের পরীক্ষায় ৭১টি নমুনার প্রায় ৯২ শতাংশে তৃতীয় ধরনটি পাওয়া যায়। অক্টোবরে চারটি ধরনই সক্রিয় থাকার তথ্য মিলেছে। কোভিড-১৯ পরবর্তী রোগপ্রতিরোধ ব্যবস্থার প্রভাবও খতিয়ে দেখতে বলছেন গবেষকেরা। ডেঙ্গুর নির্দিষ্ট কোনো ওষুধ নেই, তবে সরকার টিকার পরীক্ষামূলক প্রয়োগের কথা ভাবছে।

জ্বর কমলেই বিপদ, তবু হাসপাতালে যেতে দেরি

চিকিৎসকদের মতে, সময়মতো হাসপাতালে এলে বেশির ভাগ মৃত্যু এড়ানো সম্ভব। সচেতনতার অভাব ও দেরিতে হাসপাতালে আসাই মৃত্যুর প্রধান কারণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রোগীদের ৭০ শতাংশের বেশি ভর্তির ২৪ ঘণ্টার মধ্যেই মারা যান বলে ২০১৯ সালের একটি গবেষণায় উঠে এসেছে।

গবেষণায় আরও বলা হয়েছে, অনেকেই সাধারণ জ্বর ভেবে বাড়িতে বসে থাকেন। অথচ তৃতীয় থেকে সপ্তম দিনের মধ্যে জ্বর কমতে থাকলেই বিপদ শুরু হয়। জ্বর ছাড়ার পরের ২৪ থেকে ৪৮ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই সময়ে তীব্র পেট ব্যথা, ঘন ঘন বমি বা ডায়রিয়া, মাড়ি বা নাক দিয়ে রক্ত পড়া, বুকে বা পেটে পানি জমা, অতিরিক্ত দুর্বলতা বা অস্থিরতা দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। প্রাথমিক শকের সময় রক্তচাপ স্বাভাবিক থাকতে পারে। তাই নাড়ির গতি বেড়ে যাওয়া, হাত-পা ঠান্ডা হওয়া বা প্রস্রাব কমে যাওয়াকেও গুরুত্ব দিতে হবে। তবে ১০ থেকে ২০ শতাংশ গুরুতর রোগীর আগে থেকে কোনো সতর্কসংকেত নাও থাকতে পারে।

হাসপাতালে রোগী ব্যবস্থাপনাতেও ঘাটতি আছে। অনেক সময় রক্তের ঘনত্ব বা হেমাটোক্রিট পরীক্ষার বদলে শুধু প্লাটিলেটের ওপর জোর দেওয়া হয়। অথচ প্লাটিলেট কমলে নয়, রোগী মারা যান রক্তনালি থেকে তরল বেরিয়ে শকে চলে গেলে বা অতিরিক্ত স্যালাইনে ফুসফুসে পানি জমলে। গোপন অভ্যন্তরীণ রক্তক্ষরণ দ্রুত ধরতে না পারায়ও মৃত্যু ঘটে।

ফগিংয়ে কাজ হচ্ছে না, দরকার সারা বছরের উদ্যোগ

সিটি করপোরেশন ও পৌরসভাগুলো মশা নিধনে এখনো ধোঁয়া বা ফগিংয়ের ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন একই কীটনাশক ব্যবহারে এডিস মশা আর সহজে মরছে না। এ বিষয়ে ড. কবিরুল বাশার বলেন, “ফগিংয়ের কার্যকারিতার কোনো প্রমাণ না থাকায় পৃথিবীর অনেক দেশেই তা আইন করে বন্ধ করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে পারিবারিক ও সামাজিক উদ্যোগে মানুষকে যুক্ত করতে হবে। সরকারি-বেসরকারি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন ও রাস্তাঘাটে প্রজননস্থল বন্ধ করতে হবে। যেসব প্রজননস্থল সরানো যাবে না, সেখানে তিন থেকে ছয় মাস কাজ করে এমন ইনসেক্ট গ্রোথ রেগুলেটরজাতীয় ওষুধ দিতে হবে। সিটি করপোরেশনের কেউ কেউ সীমিত পরিসরে এটি শুরু করলেও বড় পরিসরে এখনো হচ্ছে না।”

নাগরিক সম্পৃক্ততার ঘাটতি তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. সৈয়দ আব্দুল হামিদ চরচাকে বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে রাষ্ট্র ও কমিউনিটির প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এখন ছবি তুলে ফেসবুকে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে, অথচ দেখা উচিত ছিল ডেঙ্গু কতটা কমল। বাসাবাড়ির ময়লা, গ্যারেজের সামনে রাখা টায়ার, দুই বাড়ির মাঝখানের জায়গা, ফ্ল্যাট বাড়ির নিচতলা, পরিত্যক্ত গাড়ি ও নির্মাণাধীন স্থাপনায় মশা জন্মায়। ফ্ল্যাট সমিতি ও সমাজের সবাই নজর দিলে এবং কাজের স্বীকৃতি ও শাস্তির ব্যবস্থা থাকলে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব।”

এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আরও বলেন, “সিটি করপোরেশনকে লোক দেখানো কাজের বাইরে এসে সারা বছর কাজ করতে হবে, যেমনটি কলকাতা করেছে। কলকাতার আবহাওয়া ও মানুষের আচরণ আমাদের কাছাকাছি; তারা পারলে আমরা কেন পারব না? স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ ঘর ও এলাকা পরিষ্কারের দায়িত্ব দিলে ভালো ফল পাওয়া যাবে।”

বিশেষজ্ঞদের মতে, সারা বছরের বিজ্ঞানভিত্তিক মশক নিধন, দ্রুত পরীক্ষা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আসন্ন শীতের দিনগুলোতেও ডেঙ্গুর মৃত্যু থামানো কঠিন হবে।