Advertisement

খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকার বাস বন্ধ

খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকার বাস বন্ধ
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় বেশ কয়েকটি টিকিট কাউন্টার বন্ধ রাখা হয়েছে। ছবি: চরচা

নিরাপত্তা শঙ্কার কারণে খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশে বাস চলাচল বন্ধ রয়েছে। পদ্মা সেতু হয়ে না গিয়ে বিকল্পপথ হিসেবে কিছু কিছু পরিবহন যশোর-মাগুরা সড়ক ব্যবহার করছে।

Advertisement

সন্ধ্যায় নগরীর রয়্যাল মোড়ে দেখা যায়, বেশিরভাগ কাউন্টার ফাঁকা। সোহাগ, গ্রীন লাইন ও গোল্ডেন লাইনসহ অন্য গাড়িগুলো তাদের যাত্রা বাতিল করেছে। ফোন করে টিকিটের টাকা ফেরত দিচ্ছেন কাউন্টার মাস্টাররা।

সোহাগ কাউন্টারের সামনে কথা হয় জাহিদুল ইসলাম নামের শিক্ষার্থীর সঙ্গে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। চার দিন আগে পারিবারিক কাজে খুলনায় আসেন। দুই দিন বাদে বিশ্ববিদ্যালয়ে তার পরীক্ষা রয়েছে। আজ তার ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু টিকিট নিতে এসে বিপদে পড়েছেন।

একই কাউন্টারে কথা হয় মাহমুদুর রহমানের সাথে। চোখের জটিলতা নিয়ে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার একজন চিকিৎসকের কাছে তার সাক্ষাতের সূচি রয়েছে। ওইদিন চিকিৎসকের সাথে দেখা না হলে আবার তাকে তিন মাসের জন্য অপেক্ষা করতে হবে।

Advertisement

ঢাকার রামপুরার বাসিন্দা সেহেল বলেন, “কোম্পানির একটি কাজে খুলনায় এসেছিলাম। এখানে আমার কোনো আত্মীয়-স্বজন না থাকায় হোটেলে থাকতে হচ্ছে। এতে অনেক টাকা গচ্চা যাচ্ছে।”

সোহাগ পরিবহনের টিকেট মাস্টার আব্দুল হান্নান বলেন, “বেলা সাড়ে ১২টার পর থেকে ঢাকার উদ্দেশে কোনো পরিবহন ছেড়ে যায়নি। এর আগে সাড়ে ১১টার গাড়ি গোপালগঞ্জ থেকে ফিরিয়ে দেওয়া হয়। বিকল্প পথ হিসেবে যশোর হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে কয়েকটি গাড়ি। এতে যাত্রীদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে। অনেক যাত্রীদের ফেরত দেওয়া হচ্ছে। বিশেষ করে এয়ারপোর্টের যাত্রীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক অবরোধের খবরে যাত্রীদের ফোন করে তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।”

আব্দুল হান্নান বলেন, “দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি এসি ও তিনটি নন এসি গাড়ির যাত্রা বাতিল করা হয়েছে। এতে কোম্পানির ব্যাপক ক্ষতি হচ্ছে। তাছাড়া ঢাকা থেকে গাড়ি ছাড়ার ব্যাপারে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।”

গ্রীন লাইনের টিকিট বিক্রেতা বলেন, “বেলা সাড়ে ১১টা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে গাড়িগুলো চলাচল করেছে। কিন্তু এরপর থেকে আর কোনো গাড়ি কাউন্টার থেকে ছেড়ে যায়নি। সব গাড়ি বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের ফোন করে টাকা ফেরত দেওয়া হচ্ছে।”