Advertisement

শ্যামপুরে ঘরের তালা ভেঙে অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

শ্যামপুরে ঘরের তালা ভেঙে অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুরে ভাড়া বাসা থেকে এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরের দিকে পূর্ব জুরাইনের মদিনা মসজিদ রোডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Advertisement

নিহত মো. জনি (২৯) দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ বালুরচর মীরেরবাগ এলাকার মৃত জাহাঙ্গীরের ছেলে। তিনি ওই বাড়ির দ্বিতীয় তলায় স্ত্রী ও সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।

বাড়ির মালিক শিখা আক্তার বলেন, “কয়েক দিন আগে পারিবারিক কলহের জেরে জনির স্ত্রী রোকেয়া আক্তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। আজ বুধবার সকালে তিনি বাসায় ফিরে ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো দেখতে পান। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে রক্তাক্ত অবস্থায় জনির মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি বাড়ির মালিককে জানান। পরে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়।”

শিখা আক্তার বলেন, “খবর পেয়ে কদমতলী থানার পুলিশ গিয়ে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের মেঝে থেকে জনির রক্তাক্ত ও পঁচন ধরা মরদেহ উদ্ধার করা হয়।”

Advertisement

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন খান বলেন, “ঘটনাস্থল থেকে একটি কাঁচি ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে-জনি মাদকাসক্ত ছিলেন। পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর ঘরের বাইরে তালা লাগিয়ে পালিয়ে গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”