রাজধানীর ডেমরায় বাসা থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত ইভা আক্তার ফারজানা (১৩) সিলেটের কোম্পানীগঞ্জের বিজিপারোয়া এলাকার ইন্তাজ আলীর মেয়ে। সে ডেমরার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
ঢামেক হাসপাতালে ফারজানার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন বোনের মধ্যে ইভা ছিল সবার ছোট। তার বাবা পেশায় অটোরিকশাচালক, মা একটি হোটেলে কাজ করেন। ঘটনার সময় বাসায় পরিবারের কেউ ছিলেন না। সন্ধ্যায় ইভার বড় বোন বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইভাকে দেখতে পান।
পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”