Advertisement

আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী
বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। ছবি: পিএমও

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

আজ বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা বলেন, ‘‘এই বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করতে এই সন্ত্রাসী গোষ্ঠী যারা দেশে এবং বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে-এই সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসীরা দেশ এবং জনগণের বিরুদ্ধে আবারো সন্ত্রাসে লিপ্ত হয়েছে।”

প্রধানমন্ত্রী বলেন, “সুতরাং কথা একটাই, দেশে পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে এসে দাঁড়াতে। এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং এই সংসদের বাইরে অন্য যে সকল গণতান্ত্রিক দল আছেন সকলের প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ঐক্যবদ্ধভাবে ৫ আগস্টের চেতনায় পতিত পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই। ”

তারেক রহমান বলেন, ‘‘তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলে বলি, যে আওয়াজ আজকে থেকে তিন দশক আগে দেশনেত্রী খালেদা জিয়া তুলেছিলেন- দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন। আবারও আজ সেই আওয়াজ তুলে বলি, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’। এই হোক আজকের অধিবেশনের এই অধিবেশনের শেষ শপথ, শেষ প্রত্যাশা।”

Advertisement

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব, আমাদের সংসদ এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করব। বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে আমরা সঁপে দেব না।”

সংসদ নেতা বলেন, ‘‘যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, যারা গোলাম সেই অপশক্তিকে, সেই তাবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত এই দেশের গণতান্ত্রিক জনগণ ভেঙে দেবে।”

তারেক রহমান বলেন, “একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেই প্রত্যাশা রাখতে চাই। আসুন চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এদেশ থেকে বিতাড়িত করেছিলাম, তাদেরকে আবার চব্বিশের চেতনায় আমরা মাথা গুঁড়িয়ে দিতে চাই।”

বিকাল সোয়া ৪টার দিকে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। পরে মাগরিবের নামাজের বিরতির পর সভাপতির আসনে বসেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দিনের কার্যসূচি শেষে হওয়ার পর সন্ধ্যা পৌনে সাতটার দিকে স্পিকার অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান।