বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের ১ হাজার জনকে মালয়েশিয়া পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার সংসদ অধিবেশনে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে সরকারপ্রধান এ কথা বলেন।
সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের প্রতারণা রোধে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে কি না তা জানতে চান। তিনি বলেন, সরকার কোন দেশে কত কর্মী নেবে এবং কত খরচ হবে তা প্রকাশ করলে সাধারণ মানুষ দালালদের প্রতারণা থেকে বাঁচবে। এ ছাড়া সরকার অভিবাসন ব্যয় নির্ধারণ করে দিলে এবং প্রয়োজনে প্রণোদনা দিলে গ্রামের সাধারণ মানুষ জমি বিক্রি বা ঋণ না করেই বিদেশে যেতে পারবে।
নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ওই প্রশ্নের উত্তরে সংসদ নেতা তারেক রহমান বলেন, “সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে বিদেশে নেওয়ার নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ রেখেছিল। কোনো কোনো ক্ষেত্রে শ্রমিক নেওয়া স্থগিত অথবা কমিয়ে দিয়েছিল।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। কয়েক দিন আগে আমাদের প্রবাসী শ্রমবিষয়ক মন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সফলভাবে এ সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি।”
তারেক রহমান বলেন, “শুধু তাই নয়, যাওয়ার ক্ষেত্রে সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হব। এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত হয়েছেন, এমন পরিবারের প্রায় ১ হাজার মানুষকে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
প্রধানমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। কয়েকটি দেশ জানিয়েছে, তারা নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মী নেবে। একই সঙ্গে সরকার চেষ্টা করছে, যারা এসব সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে।”
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার কোনো ধরনের প্রণোদনা দিতে পারে কি না, এমন প্রশ্নের বিষয়ে সরকারপ্রধান বলেন, “সংসদ সদস্য একটি প্রণোদনার কথা বলেছেন। তবে এই অর্থ কোথা থেকে আসবে, তা আমার কাছে বোধগম্য হয়নি। সংসদ সদস্য বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের চেষ্টা করা যেতে পারে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি কিন্তু বলেছিলাম যে, আমরা মালয়েশিয়াতে আলোচনা করে যেই বন্ধ জিনিসটা ছিল আমাদের মানুষ পাঠানোর, এটিকে আমরা ওপেন করতে সক্ষম হয়েছি। আপনি জানলে আরও খুশি হবেন, আমরা কথাবার্তা বলে চেষ্টা করেছি যে, যারা যাবে তাদের টোটাল খরচ, যাওয়ার খরচ যাতে ম্যাক্সিমাম দুই লাখ টাকার ভিতরে থাকে। এই খরচটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছি। তবে, আমরা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও যখন যাবেন, এদেশ থেকে শ্রমিকরা যাবেন, তাদের ক্ষেত্রেও যাতে এটি করা সম্ভব হয়, সেই প্রক্রিয়াটি চলছে।”