Advertisement

বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার : প্রধানমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার : প্রধানমন্ত্রী
সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

আজ বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম দিনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

Advertisement

প্রধানমন্ত্রী বলেন, “২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৬ সালের ১৯ অক্টোবর হিসাবে তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।”

রেমিট্যান্স প্রসঙ্গে তারেক রহমান বলেন, “বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই উৎস চালুর উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন।”

প্রধানমন্ত্রী বলেন, “বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম নিয়েছে।”

দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরদের মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী জানান, এর ফলে বিদেশে নতুন রেমিট্যান্স পাঠানোর সংযোগ যুক্ত করা সহজ হচ্ছে। প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে। প্রতিযোগিতা বৃদ্ধির কারণে ট্রান্সফার খরচও কমেছে।

তারেক রহমান বলেন, “বৈধ পথে রেমিট্যান্স প্রবৃদ্ধি বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ সহায়তা বা প্রণোদনা দিয়েছে। এ ছাড়া কম খরচে রেমিট্যান্স পাঠানোর জন্য এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে অর্থ পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।”