২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়েছেন, এর প্রেক্ষাপটে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুনসহ নানা ধরনের সহিংসতা বেড়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে ৫ নভেম্বর থেকে ১৬ নভেম্বর রাত পর্যন্ত ৯টি বাসে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি চলন্ত এবং ছয়টি পার্ক করে রাখা বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে চারজন বাসের চালক ও সহকারী।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এসব কাজে বিভিন্ন অপরাধে জড়িতদের ব্যবহার করছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতারা। বাসে আগুন দিয়ে ভিডিও পাঠালে দেওয়া হয় ১০ হাজার টাকা। আটকদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
আগুন দিয়ে ভিডিও পাঠালেই আসে টাকা
গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টায় ভাটার থানার ১০০ ফিট এলাকায় জলসিঁড়ি স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়। ওই জায়গায় প্রায় ৩০ থেকে ৪০টা বাস প্রতিদিন পার্ক করা থাকে। ওই ঘটনার দুই দিন আগে একই সময়ে ভাটারা থানাধীন কোকাকোলা মোড় এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ওই সময় বাসটির চালক ও সহকারী রাস্তার ধারে বাস রেখে চা খাচ্ছিলেন।
মিরপুর-১ এ রাজধানী পরিবহনের একটি বাসে আগুন। ছবি: চরচা
এই দুটি ঘটনায় পৃথক মামলা হয় ভাটারা থানায়। দুই মামলায় পাঁচজনকে আটক করে পুলিশ। জলসিঁড়ি স্কুলের বাসে আগুন দেওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে ভাটারা, বাড্ডা এবং নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক পাঁচজনের মধ্যে দুজন ফয়সাল মিয়া ও মোহাম্মদ আলম জলসিঁড়ি বাসে আগুন দেওয়া কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বাকি তিনজনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
এই পাঁচজনকে আটক করার প্রক্রিয়া সম্পর্কে চরচাকে বিস্তারিত জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান, “জলসিঁড়ি স্কুলের বাসে আগুন দেওয়ার ঘটনায় আমরা সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করি। পরে অভিযান পরিচালনা করে তাদের আটক করি। আটক দুজনের তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে আটক করা হয়।”
আওয়ামী লীগের সংশ্লিষ্টতা ও ১০ হাজার টাকার বিনিময়ে বাসে আগুন দেওয়ার তথ্যের ব্যাপারে এসআই ইয়াউর বলেন, “প্রথমে আটক দুজন আমাদের কাছে স্বীকার করেছে, তারা ১০ হাজার টাকার বিনিময়ে জলসিঁড়ি বাসে আগুন দিয়েছে। আলমের ফোন চেক করে আমরা ১০ হাজার টাকা আসার প্রমাণ পাই। এর আগে তারা একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে আগুন দেওয়ার ভিডিও পাঠায়। এছাড়া তারা স্বীকার করেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার নির্দেশে তারা এই কাজ করেছে।”
তবে ওই আওয়ামী লীগ নেতার নাম ‘তদন্তের স্বার্থে’ প্রকাশ করেননি ভাটারা থানার এই এসআই।
আটক হওয়া পাঁচজনের অতীত অপরাধের রেকর্ডের কথাও জানিয়েছেন এসআই ইয়াউর, “তারা মাদক কারবার ও ছিনতাই করত। বাড্ডা ও ভাটারা এলাকার বাসিন্দা। তাদের নির্দিষ্ট কোনো পেশা নেই।”
বৈশাখী পরিবহন ও জলসিঁড়ি স্কুলের বাসে আগুন লাগানো একই চক্রের কাজ বলে মনে করেন বৈশাখীর বাস পোড়ানো মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফরহাদ। চরচাকে তিনি বলেন, “ভাটারা এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় একটাই চক্র। আমরা পাঁচজনকে আটক করেছি। রিমান্ড পেলে আরও কয়েকজনের নাম পাব বলে আশা করছি।”
বাস পুড়িয়ে ভিডিও পাঠানোর তথ্য পাওয়া গেছে পল্লবীতে দুই বাসে আগুন দেওয়া ঘটনায়ও।
আগুন দেওয়ার সময়ের একটি সিসিটিভি ফুটেজ এবং এই ঘটনায় আটক দুজনের দেওয়া তথ্যে এমনটি নিশ্চিত হয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে মিরপুর-১২-এর ফুলকলি মোড়ে বিকল্প পরিবহনের একটি বাস আগে থেকেই পার্ক করা অবস্থায় ছিল। তখন একটি মোটরসাইকেলে মুখে কালো মাস্ক পরা দুজন আসে। তাদের একজন ফোনে ভিডিও ধারণ করে। ঠিক তখনই বাসের পেছনে আগুন জ্বলে ওঠে।
এই ঘটনায় রিয়াজ খান এবং আব্দুস সবুর নামের দুজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। তারা দুজন আওয়ামী লীগের সাথে জড়িত বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই মাহবুব হাসান। চরচাকে তিনি বলেন, “আমরা দুজনকে আটক করার পর তাদের মোবাইলে বাস পোড়ানোর সময় ধারণ করা ভিডিও পাই। এ ছাড়াও তাদের আওয়ামী লীগের সাথে জড়িত থাকার তথ্য পেয়েছি।”
তারা বাস পোড়ানোর সাথে জড়িত, এটা পুলিশ কীভাবে বুঝল–জানতে চাইলে এসআই মাহবুব বলেন, “আমাদের পাওয়া তথ্য-প্রমাণমতে তারা নির্দেশদাতা। তাদের মাধ্যমে মিরপুর, পল্লবী এলাকাতে নাশকতাগুলো করা হয়–আমরা এমন প্রমাণ পেয়েছি। আমরা আদালতে রিমান্ড চেয়েছি, জিজ্ঞাসাবাদে কিছু পাওয়া যাবে।”
ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: চরচা
চলন্ত বাসে কীভাবে আগুন দেওয়া হয়
রাজধানীতে চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনায় বাসের চালক এবং সহকারীকে আটক করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যে অসঙ্গতি থাকার কারণে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফার্মগেট এলাকায় আগুনসহ বাস এগিয়ে চলছে–এমন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। আগুনসহ বাস কীভাবে চলছে, তা নিয়েও প্রশ্ন ওঠে।
গত ৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় লাভলী পরিবহনের ওই বাসে আগুন দেওয়া হয়। বাসটি নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে গাবতলী যাতায়াত করে। বাসটির মালিকপক্ষের প্রতিনিধি আলমাস শেখ চরচাকে জানান, ঘটনার দিন বাসটি সাইনবোর্ড থেকে আসছিল এবং গাবতলী না গিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সব যাত্রী নামিয়ে দেয়, এরপর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যায়। এ সময় বাসের ভেতর থাকা তিন-চারজন আগুন ধরিয়ে নেমে যায়। বাসের চালক ও সহকারীও নেমে যায়। রাস্তার এক পাশে ঢাল হওয়ায় গাড়ি চলতে থাকে। এক পর্যায়ে মেট্রো স্টেশনের নিচে রেলিংয়ে ধাক্কা লাগে।
এই ঘটনায় বাসচালক জাকির হোসেন ও সহকারী মো. দুলালকে আটক করে পুলিশ।
তাদেরকে আটকের বিষয়ে এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহফুজুর রহমান চরচাকে বলেন, “বাসটি যাচ্ছিল গাবতলী, কিন্তু পথের মধ্যে যাত্রীদের নামিয়ে দিয়ে উল্টো আবার আসে কেন? তারা জানিয়েছিল, বাসটি আবার সাইনবোর্ড ফিরে যাচ্ছে। কিন্তু ফার্মগেট আসলে আগুন ধরে। বাসে শুধু তিন থেকে চারজন যাত্রী তোলে। তারাই আগুন দেয়। যদি সাইনবোর্ড ফেরার জন্য যাত্রা শুরু করে তবে অন্য যাত্রীদের তুলল না কেন? এসব প্রশ্নের উত্তর না পাওয়ায় তাদের সন্দেহভাজন হিসেবে আটক করেছি।”
ফরিদপুরে আগুনে পুরে যাওয়া বাস। ছবি: ইউএনবি
শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে ১০ নভেম্বর রাত ৯টায় ঠিকানা পরিবহনের চলন্ত বাসে আগুন দেওয়া হয়। এই ঘটনায় বাসের চালককে আটক করে পুলিশ। তাদের আটকের বিষয়ে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) বলেন, “চালক ও সহকারীকে আমরা জিজ্ঞেস করলে তারা বলতে পারেনি বাসে কয়জন ছিল, দেখতে কেমন? এমনকি কোন জায়গা থেকে তাদের তুলেছে, তা-ও জানে না। তাহলে তারা বাসে কী করছিল? এছাড়া তারা বাসটি খালি করে ফেলে আগে। এসব কিছুতে সন্দেহ করছি চালক ও সহকারী জড়িত থাকতে পারে।”
আগুন দিতে ব্যবহার হচ্ছে গান পাউডার এবং পেট্রোলিয়াম
আগুন দেওয়া আটটি বাসের মধ্যে একটিতে গান পাউডার দিয়ে এবং বাকি ছয়টিতে পেট্রোল দিয়ে আগুন ধরানো হয়।
ফার্মগেটে লাভলী পরিবহনের বাসে আগুন দেওয়ার সময় গান পাউডার ব্যবহার করা হয়েছে–এমন তথ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান। তিনি বলেন, “বাসটিতে আমরা তরল কোনো কিছুর আলামত পাইনি। আরেকটা বিষয়, চলন্ত বাসের ইঞ্জিনের হিটে বডি গরম থাকে, তখন গান পাউডার ছিটিয়ে দিলে আগুন জ্বলে ওঠে। তাই দুর্বৃত্তরা এটা বেছে নিয়েছে।”
কোথা থেকে এই গান পাউডার আসে–জানতে চাইলে মাহফুজুর রহমান বলেন, “এটা তো সরাসরি বেচাকেনা করা যায় না। তবে অনেকে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে এটা বানাতে পারে।”
এদিকে বৈশাখী পরিবহন এবং জলসিঁড়ি স্কুলের বাসে আগুন দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য। গাড়ির ভেতরে আধা লিটারের বোতল পাওয়া গেছে।
পূর্বাচলে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত
দুর্বৃত্তরা দাহ্য পদার্থ কোথা থেকে পাচ্ছে–জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আবদুল ওহাব বলেন, “আমরা চেক পয়েন্ট বসিয়েছি। কিন্তু কাউকে এখনো গান পাউডার অথবা পেট্রোলিয়াম জাতীয় কিছু নিয়ে আটক করা হয়নি। যদি আটক করা যেত, তাহলে বলতে পারতাম।”
কোন সময়ে, কেমন জায়গায়, কোন ধরনের বাসে আগুন দেওয়া হচ্ছে
বাসে আগুন দেওয়ার জন্য রাত কিংবা ভোর এবং পার্ক করা গাড়ি বেছে নিচ্ছে দুর্বৃত্তরা। পাঁচটি আগুন দেওয়ার ঘটনায় ওই সময়ের ডিউটি অফিসার এবং বাস মালিক ও চালকদের সাথে কথা বলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জলসিঁড়ি স্কুলের বাসটির মালিক তাশজিদ রহমান চরচাকে বলেন, “সন্ধ্যায় ভাটারার ১০০ ফিটের রাস্তায় তেমন কেউ থাকে না। প্রায় ৪০–৫০টা গাড়ি পার্ক করা হয়। সন্ধ্যা হলে লোকজন আরও কমে যায়। চালকরা গাড়ি তালা দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আমাকে চালক কল করে বলে, বাসে আগুন লাগছে।”
এদিকে চিড়িয়াখানা পরিবহন বাসে আগুন দেওয়া হয়েছে রাত ১টায়। এ সময় বাসটি চিড়িয়াখানা গেট এলাকায় পার্ক করা ছিল।
বিকল্প ও অভিজাত পরিবহনের বাসে আগুন দেওয়া হয় ভোর ৬টায়। এ সময় বিকল্প পরিবহনের বাসটির অনেকাংশ পুড়ে অভিজাত পরিবহনের বাসে আগুন ধরে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ঘটনার বর্ণনা দিয়ে ওই সময় দায়িত্বে থাকা এসআই আলামিন বলেন, “ভোরে রাস্তায় কেউ থাকে না। সেদিন বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছিল। তারা এই সুযোগ কাজে লাগিয়েছে।”
এদিকে ভাটারা থানাধীন এলাকায় পার্ক করা বাসের সাথে একজন করে লোক থাকার জন্য বাস মালিকদের নির্দেশ দিয়েছে পুলিশ। এই বিষয়ে পুলিশের এসআই মাহফুজুর রহমান চরচাকে বলেন, “আমরা মালিকদের বলেছি, বাস যেন মানুষ ছাড়া না রাখে। একজন যেন সবসময় বাসের পাশে থাকে। সম্পত্তির নিরাপত্তার দায়িত্ব যেমন আমাদের, তেমন তাদেরও।”