Advertisement

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু
ফরিদপুরে আগুনে পুরে যাওয়া বাস। ছবি: ইউএনবি

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার শহরের গোলচামট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পৌর বাস টার্মিনালের কাছে এ ঘটনা ঘটে।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, নিহত কালাচাঁন শেখ (৫৫) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরউদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও বাস শ্রমিকরা জানান, রাতে দেরি হলে কালাচাঁন বাসের ভেতরেই ঘুমাতেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন বলেন, “মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে বাসটিতে আগুন দেন। তাদের একজন বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক সরাসরি আগুনে দগ্ধ হননি। তবে ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

Advertisement

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ বলেন, “রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় বাসটি আগুনে জ্বলছিল। ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।”

ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বলেন, “টার্মিনালের পাশে দাঁড় করানো বাসটির ভেতরে ঘুমিয়ে ছিলেন কালাচাঁন। আগুন লাগার পর তাপের কারণে তার এক হাতে পুড়ে যায়। তিনি বাস থেকে বের হয়ে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।”

পুলিশের এই কর্মকর্তা বলেন, “জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ জন্য শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।”