Advertisement

ঢাবি ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ২

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ঢাবি ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ২
দফায় দফায় ককটেল বিস্ফোরণ হয়েছে ঢাবিতে। ছবি: চরচা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুটি স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে কলা ভবনের পাশের শ্যাডো এলাকা এবং ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) চত্বরে এসব বিস্ফোরণ ঘটে।

Advertisement

এ ঘটনায় কমপক্ষে দুজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, দুপুরে পরপর একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় ঘটা বিস্ফোরণে কেউ হতাহত না হলেও, ব্যবসায় শিক্ষা অনুষদের ভেতরের পার্কিং এলাকায় বিস্ফোরণে দুজন আহত হন।

আহতদের মধ্যে একজনের নাম সোহেল (৩৬)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষক তাসনীম নাভিলা ইসলামের গাড়ির চালক। দুপুরের খাবার শেষে পার্কিংয়ে থাকা গাড়ির দরজা খোলার সময় হঠাৎ ককটেলটি বিস্ফোরিত হলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে সাধারণ শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। আহত আরেকজন হাতে সামান্য আঘাত পান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়েছেন বলে জানা গেছে।

Advertisement

ককটেল নিক্ষেপের ধরন নিয়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে ভিন্নমত পাওয়া গেছে। কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি ককটেল ছুঁড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে অনেকের ধারণা ককটেলটি ভবনের ওপরের দিক থেকে নিচে পার্কিং এলাকায় ছোড়া হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন চরচাকে বলেন, “বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আমরা ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছি এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই জড়িতদের শনাক্ত করা হবে।”