রাজধানী ঢাকার পল্লবী এলাকায় আজ বুধবার সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল ৬টা ৪০ মিনিটের দিকে মিরপুর-১২ নামে পরিচিত এলাকার ফুলকলি মোড়ে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দেয়। পরে আগুন ছড়িয়ে পাশের অভিজাত পরিবহনের আরেকটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ জানায়, প্রথম বাসটির আসন, জানালার কাচ ও বডি সম্পূর্ণ পুড়ে গেছে। অন্যদিকে দ্বিতীয় বাসটির পেছনের জানালার কাচ, আসন ও আসনের কভার ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনে। ফলে আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।
অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।