Advertisement

রাতে রাজধানীতে একাধিক ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

রাতে রাজধানীতে একাধিক ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন
ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: চরচা

রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল মঙ্গলবার রাতে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এরমধ্যে রাত ১০টায় আদাবরের শেখেরটেক এবং ১১টায় মহাকালী বাসস্ট্যান্ড এবং শিল্পাঞ্চল থানার এসআর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে শ্যামলীতে চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

Advertisement

সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা চরচাকে জানিয়েছেন, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) ইবনে মিজান জানান, রাত ৯টা ৫৫ মিনিটের দিকে শেখেরটেক ৯ নম্বর রোডে ওয়ালটন প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এরপর রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, রাত ১১টার দিকে মহাখালী বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে ঠিকানা পরিবহনের একটি যাত্রীহীন বাসটি আসাদ গেটের দিকে যাচ্ছিল। বাসটি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

আজিজুর রহমান বলেন, “বাসে কেবল চালক ও তার সহকারী ছিলেন। আগুন লাগামাত্রই তারা দ্রুত নেমে পড়তে সক্ষম হওয়ায় অক্ষত রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।”