Advertisement

৯ মাসেই ‘লস’ ৩ হাজার কোটি টাকা, ইসলামী ব্যাংক কি ঘুরে দাঁড়াতে পারবে?

৯ মাসেই ‘লস’ ৩ হাজার কোটি টাকা, ইসলামী ব্যাংক কি ঘুরে দাঁড়াতে পারবে?

একটা সময় দেশের সবচেয়ে লাভজনক বেসরকারি ব্যাংকগুলোর একটি ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ। কিন্তু গত কয়েক বছরে অনিয়ম, ঋণ কেলেঙ্কারি ও রাজনৈতিক হস্তক্ষেপের প্রভাবে এখন ব্যাংকটি বড় আর্থিক সংকটে পড়ে গেছে। ২০২৬ সালের প্রথম ৯ মাসেই ব্যাংকটির লোকসান দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা। অথচ গত বছরের একই সময়ে ব্যাংকটি মুনাফা করেছিল!

Advertisement

তাই প্রশ্ন উঠেছে, কীভাবে এত অল্প সময়ে লাভজনক একটি ব্যাংক এত বড় লোকসানে পড়ল? এর পেছনে এস আলম গ্রুপের ভূমিকা কতটা? আর এই সংকট থেকে ঘুরে দাঁড়ানোর পথই-বা কী?

Advertisement

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত ব্যাংকটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক বাংলাদেশের সমন্বিত নিট লোকসান হয়েছে ৩ হাজার ২৮৬ কোটি টাকা। অথচ গত বছরের একই সময়ে ব্যাংকটি প্রায় ১০০ কোটি টাকা মুনাফা করেছিল!

এ বছরে শুধু লোকসানই করেনি ইসলামী ব্যাংক, বছরের তিন প্রান্তিকের প্রতিটিতে লোকসানের পরিমাণ ক্রমেই বেড়েছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৭৯ পয়সা। এপ্রিল-জুন সময়ে তা বেড়ে দাঁড়ায় ৬ টাকা ৩৯ পয়সা। আর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ২৪ পয়সা। শুধু শেষ তিন মাসেই ব্যাংকটির লোকসান হয়েছে প্রায় ১ হাজার ৯৭১ কোটি টাকা।

এই লোকসানের প্রভাব ব্যাংকটির সম্পদের মূল্যেও পড়েছে। গত বছরের ডিসেম্বর শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ৫২ পয়সা। চলতি বছরের সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়িয়েছে ২৩ টাকা ৬৪ পয়সায়। অর্থাৎ ৯ মাসে শেয়ারপ্রতি সম্পদের মূল্য কমেছে প্রায় অর্ধেক।

ব্যাংকটির পরিচালনা পর্ষদের ব্যাখ্যা অনুযায়ী, ইসলামী ব্যাংকের লোকসানের বড় কারণ দুটি–বিনিয়োগ থেকে আয় কমে যাওয়া এবং আমানতকারীদের মুনাফা পরিশোধের ব্যয় বেড়ে যাওয়া। ২০২৬ সালের প্রথম ছয় মাসে ব্যাংকটি আমানতকারীদের মুনাফা দিয়েছে ৫ হাজার ১৮৮ কোটি টাকা। বিপরীতে বিনিয়োগ থেকে আয় করেছে ৪ হাজার ৮৫৬ কোটি টাকা। অর্থাৎ, বিনিয়োগ থেকে পাওয়া আয় আর আমানতকারীকে দেওয়া মুনাফার পার্থক্যই প্রথম ছয় মাসের মোট লোকসানের প্রায় ২৫ শতাংশ!

এর সঙ্গে যুক্ত হয়েছে বিপুল খেলাপি বিনিয়োগ থেকে কিস্তি ও মুনাফা আদায় না হওয়া এবং প্রভিশন সংরক্ষণের চাপ।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর চরচাকে বলেন, “ইসলামী ব্যাংককে ঘুরে দাঁড় করাতে হলে প্রথমেই একটি ভালো ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। ব্যাংকটির জন্য এমন একটি পরিচালনা পর্ষদ প্রয়োজন, যারা আমানতকারী, ব্যাংক এবং দেশের স্বার্থে কাজ করবে। বর্তমানে একজন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ব্যাংকটির দায়িত্ব পালন করছেন। এটি সাময়িক ব্যবস্থা হতে পারে। কিন্তু একজন কর্মকর্তার পক্ষে দীর্ঘদিন এভাবে পুরো ব্যাংক পরিচালনা করা সম্ভব নয়। ব্যাংকটির স্থায়ী সমাধানের জন্য গ্রহণযোগ্য ও দক্ষ পরিচালনা পর্ষদ প্রয়োজন।”

ব্যাংকটির পরিচালনা পর্ষদে কারা, কখন বসেছেন?

ইসলামী ব্যাংকের বর্তমান সংকটের পেছনে শুধু ঋণ অনিয়ম নয়, পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ নিয়েও রয়েছে দীর্ঘ বিতর্ক। ২০১৭ সালে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ। এরপর ব্যাংকের পরিচালনা পর্ষদে গ্রুপটির মালিক সাইফুল আলমের পরিবারের সদস্য ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রভাব বাড়ে।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। চব্বিশের আগস্টের আগের পর্ষদের চেয়ারম্যান ছিলেন এস আলমের ছেলে আহসানুল আলম, সেই পর্ষদ ভেঙে ব্যাংকটির নতুন চেয়ারম্যান করা হয় সাবেক ব্যাংকার ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। তার সঙ্গে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা খুরশিদ ওয়াহাব, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আবদুস সালাম।

পরিচালনা পর্ষদের রাজনৈতিক পরিচয়ের প্রশ্নে একটি বিষয় লক্ষ্য করা যায়। তা হলো, কোনো ব্যক্তি হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত নন, কিন্তু কোনো না কোনোভাবে কোনো দলের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। এস আলম গ্রুপের সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠতার অভিযোগ এবং ব্যাংকটির নিয়ন্ত্রণ নিতে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ব্যবহারের অভিযোগ বিভিন্ন সংবাদমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে। বিশেষ করে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ব্যাংকের ঋণ বিতরণে গ্রুপটির স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পেয়েছে বলে বিভিন্ন তদন্ত ও নথিতে বলা হয়েছে।

২০২৬ সালের মে মাসে আবার ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আসে। সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ব্যাংকটির চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু তার নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের একাংশের প্রতিবাদ শুরু হয়। আমানত উত্তোলনের চাপ বাড়ে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ১৪ জুন পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে ব্যাংকটির পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। অর্থাৎ এই মুহূর্তে ব্যাংকটিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ নেই।

এস আলম গ্রুপ ঠিক কতটা ক্ষতি করেছে?

ইসলামী ব্যাংকের আর্থিক সংকটের সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে এস আলম গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঋণ। ২০১৭ সালে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর গ্রুপটি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তির নামে বিপুল পরিমাণ অর্থ বের করে নেয় বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদনে বলা হয়, এস আলম গ্রুপ এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মোট ৭৩ হাজার ১১৩ কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে গ্রুপটির সরাসরি ঋণ ৫৬ হাজার ১১৮ কোটি টাকা। পরোক্ষ ঋণ ৭ হাজার ৫২৪ কোটি টাকা। আর গ্রুপটির স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের ঋণ ৯ হাজার ৪৭১ কোটি টাকা।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব ঋণের বিপরীতে জামানত হিসেবে দেখানো সম্পদের মূল্য ছিল মাত্র ৪ হাজার ৩৫৯ কোটি টাকা। অর্থাৎ জামানতের পরিমাণ ঋণের অর্ধেকেরও কম! অথচ বাংলাদেশে ব্যাংকিং খাতে সাধারণত ঋণের ১০০ শতাংশেরও বেশি পরিমাণ জামানত রাখা হয়!

বিএফআইইউ-র প্রতিবেদনে বলা হয়, এস আলম গ্রুপের ২২টি প্রতিষ্ঠান সরাসরি ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মালিকানায় সাইফুল আলমের স্ত্রী, ছেলে, মেয়ের জামাতা ও পরিবারের অন্য সদস্যদের সংশ্লিষ্টতা রয়েছে।

এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নেওয়া ঋণের বড় অংশ এখন খেলাপি হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯১৪ কোটি টাকা। ব্যাংকটির বিতরণ করা মোট ঋণের ৫২ দশমিক ১৫ শতাংশই তখন খেলাপি ছিল। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, খেলাপি ঋণের বড় অংশ এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট। এসব ঋণ আদায়ে অগ্রগতি খুবই সীমিত।

শুধু খেলাপি ঋণ নয়, এসব ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতি রয়েছে। ব্যাংকের ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ওই বছরের ডিসেম্বর শেষে প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ ছিল ৯২ হাজার ৫৩৭ কোটি টাকা। কিন্তু ব্যাংক সংরক্ষণ করতে পেরেছিল মাত্র ৭ হাজার ৯২২ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়ায় ৮৪ হাজার ৬১৫ কোটি টাকা। অর্থাৎ খেলাপি ঋণের সম্ভাব্য ক্ষতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ ব্যাংকটির হাতে নেই।

প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, ৭৩ হাজার ১১৩ কোটি টাকা হলো এস আলম গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মোট ঋণ-সংশ্লিষ্ট হিসাব। আর ৯৮ হাজার ৯১৪ কোটি টাকা হলো ইসলামী ব্যাংকের মোট খেলাপি ঋণ। অর্থাৎ খেলাপি ঋণের প্রায় ৭৫ শতাংশই এস আলম গ্রুপের।

আহসান এইচ মনসুর বলেন, “২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে প্রায় ৮০ হাজার থেকে ৯০ হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে। ব্যাংকটির প্রায় ৫৫ শতাংশ সম্পদ এখনো নন-পারফর্মিং বা অনাদায়ী অবস্থায় রয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। তবে এ জন্য দীর্ঘমেয়াদি আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ প্রক্রিয়ায় পাঁচ থেকে সাত বছর সময় লাগতে পারে। তবে উদ্যোগ অব্যাহত রাখলে ফল পাওয়া সম্ভব।”

বাংলাদেশ ব্যাংক কী বলছে?

ইসলামী ব্যাংকের সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক কয়েক দফা পদক্ষেপ নিয়েছে। প্রথমে ২০২৪ সালের আগস্টে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। পরে ২০২৬ সালের জুনে আবারও পুরো পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। একই সময়ে তারল্য সংকট সামাল দিতে ব্যাংকটিকে ২ হাজার ৫০০ কোটি টাকা জরুরি সহায়তা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ব্যাংকটি থেকে দ্রুত আমানত তুলে নেওয়ার ঘটনা ঘটে। ২০২৬ সালের ৩১ মে থেকে ৭ জুন পর্যন্ত মাত্র এক সপ্তাহে ব্যাংকটির আমানত কমে যায় ৪ হাজার ২৪১ কোটি টাকা। আমানতকারীদের আস্থা ফেরাতে এবং লেনদেন স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংককে হস্তক্ষেপ করতে হয়।

এদিকে ব্যাংকটির বিপুল প্রভিশন ঘাটতি পূরণের জন্য বাংলাদেশ ব্যাংক দীর্ঘমেয়াদি সময় দিয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে ব্যাংকটির আবেদনের পর ঘাটতি পূরণে ২০ বছর সময় দেওয়ার বিষয়টি সামনে আসে। তবে এই সুবিধা পাওয়ার অর্থ এই নয় যে, ব্যাংকটির আর্থিক সংকট কেটে গেছে। বরং খেলাপি ঋণ আদায় এবং আয় বাড়াতে না পারলে এত বড় ঘাটতি পূরণ করা কঠিন হবে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ছিল প্রায় ৯৮ হাজার ৯১৪ কোটি টাকা। ব্যাংকটির ঋণ আদায়ের দুর্বলতা পুরো ব্যাংকিং খাতের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় স্থায়ী নেতৃত্বের অভাবও সংকটকে জটিল করছে। ব্যাংকটিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ নেই এবং নিয়মিত ব্যবস্থাপনা পরিচালকও নেই। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আলতাফ হোসেন। বড় ঋণ অনুমোদন, এলসি খোলা এবং করপোরেট গ্রাহকদের অর্থায়নের মতো সিদ্ধান্তেও বিলম্ব হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান চরচাকে বলেন, “ইসলামী ব্যাংকের যে ধরনের সাপোর্ট দরকার, বাংলাদেশ ব্যাংক তা অবশ্যই করবে। কারণ এমন শক্তিশালী ভিতের ওপর দাঁড়িয়ে থাকা ব্যাংক লসের সম্মুখীন হবে–এটা অবশ্যই আমাদের ইকোনমির জন্য অশনি সংকেত। এটা আরও দীর্ঘায়িত হোক, এটা আমরা চাইব না। খুব শিগগিরই নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা করা হবে।”

সামনে ব্যাংকটির লক্ষ্য কী?

ইসলামী ব্যাংকের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, খেলাপি বিনিয়োগ আদায় এবং আয় বাড়ানো। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন চরচাকে বলেন, “ব্যাংকটি এখন নতুন বিনিয়োগ অনুমোদনের ক্ষেত্রে গ্রাহকের আর্থিক সক্ষমতা, ব্যবসার নগদ প্রবাহ, ঋণ পরিশোধের ইতিহাস এবং সামগ্রিক ঝুঁকি যাচাই করছে। শুধু জামানতের ওপর নির্ভর করে বিনিয়োগ অনুমোদন না দেওয়ার নীতি নেওয়া হয়েছে। বিনিয়োগের অর্থ নির্ধারিত কাজে ব্যবহার হচ্ছে কি না, সেটিও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।”

খেলাপি বিনিয়োগ আদায়ে ব্যাংকটি আলাদা কৌশল নিয়েছে। যেসব প্রতিষ্ঠানের ব্যবসা চালু রাখার সম্ভাবনা রয়েছে, তাদের নগদ প্রবাহ ও ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনা করে অর্থ আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে ইচ্ছাকৃত ঋণখেলাপি, অসহযোগিতা কিংবা সম্পদ সরিয়ে নেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ব্যাংকটি। জামানত হিসেবে থাকা সম্পদ বিক্রি করেও অর্থ আদায়ের উদ্যোগ রয়েছে।

আলতাফ হোসেন আরও জানান, ব্যাংকের প্রতিটি শাখা, অঞ্চল ও প্রধান কার্যালয়ের ঋণ আদায় ইউনিটের জন্য আলাদা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নিয়মিত পর্যালোচনার মাধ্যমে এসব কার্যক্রম তদারক করা হচ্ছে। ব্যাংকটির লক্ষ্য শুধু ব্যবসার পরিমাণ বাড়ানো নয়, বরং সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা ও গ্রাহকের আস্থা ফিরিয়ে এনে একটি টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা।