Advertisement

শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে কেন মধ্যবিত্ত এত বিচলিত?

শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে কেন মধ্যবিত্ত এত বিচলিত?
মজুরিবৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছে শ্রমিকেরা। ছবি: সংগৃহীত

দু–একদিন আগের কথা। পাঠাও–এর বাইক রাইড শেয়ার করা একজন রাইডারের সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছিলেন পোশাকশ্রমিকদের মজুরিবৃদ্ধির আন্দোলন নিয়ে। তার প্রশ্ন হলো, কেন পোশাকশ্রমিকেরা ন্যূনতম মজুরি হিসেবে ৩০ হাজার টাকা দাবি করছেন?

Advertisement

ওই রাইডার ভদ্রলোক এও জানালেন, তিনি সচরাচর পাঠাও দিয়ে রাইড চালান না। অর্থাৎ, এটি তার মূল পেশা নয়। বরং মাঝে মাঝে যাত্রাপথে নিজের পকেটের ওপর চাপ হালকা করতেই তিনি রাইডার হয়ে ওঠেন। তার ভাষায়, ‘এত খরচ বুঝছেন, মাঝেমধ্যে এমনে চালাইতেই হয়।’

Advertisement

অর্থাৎ, এই রাইডার মানুষটির মূল পেশা অন্য। মাঝে মাঝে বাড়তি আয় করেন পাঠাও দিয়ে। তো পোশাকশ্রমিকদের মজুরিবৃদ্ধির দাবি নিয়ে তার আপত্তির জায়গা হলো, ‘পোলাপান এত পাস দিয়া ২০ হাজার টাকা বেতন পায়। আর ওরা শুধু ফ্যাক্টরিতে চাকরি নিয়া কেন ৩০ হাজার পাইব? তাইলে তো সবাই চাকরি ছাইড়া দিয়া গার্মেন্টসকর্মী হইয়া যাইব।’

এমন বক্তব্য অবশ্য শুধু ওই রাইডার ভাইটির নয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ এ নিয়ে লিখছেন, সামাজিক পরিসরে মন্তব্যও করছেন। ঘটনা হলো, ঢাকার পর সারা দেশের বিভিন্ন এলাকাতেই গত কয়েকদিন ধরে শ্রমিকদের আন্দোলন দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘাতের দৃশ্যও দেখা যাচ্ছে। মূলত পোশাক শ্রমিকেরাই আন্দোলন করছেন এখন। তারা বেতনবৃদ্ধির দাবি তুলেছেন এবং ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিও উঠেছে। এরই মধ্যে সরকার মজুরি বোর্ড গঠন করেছে এবং সেই বোর্ড জানিয়েছে ডিসেম্বরের মধ্যেই এ নিয়ে একটি ফয়সালা হবে। আর এসবের মধ্যেই পোশাক শ্রমিকদের মজুরি সংক্রান্ত দাবি নিয়ে সরব হয়ে উঠেছে বিত্তের বিচারে এই দেশের মধ্যবর্তী শ্রেণির মানুষেরা। সুন্দর শব্দে তারা ‘মধ্যবিত্ত’ হিসেবেই সমাজে পরিচিত, অথবা পরিচিত না হলেও হয়তো তারা নিজেদের মধ্যবিত্তই দাবি করতে চায়। কিন্তু, শ্রমিকদের দাবি নিয়ে কেন এতটা উচাটন হয়ে উঠছে এ দেশের মধ্যবিত্তরা? দাবি সত্যিই অযৌক্তিক, নাকি অন্য কিছু?

প্রথমেই না হয় আমাদের দেশের মধ্যবিত্ত শ্রেণি নিয়ে কিছু বলে নেওয়া যাক। মধ্যবিত্ত একটি বিশেষণ পদ। এর বাংলা ব্যাকরণগত অর্থ হলো, ‘ধনী‑দরিদ্রের মধ্যবর্তী অবস্থাপন্ন গৃহস্থ; বিশেষ ধনী বা নিতান্ত দরিদ্র নয় এমন।’ বাংলা অভিধানের দেওয়া এই সংজ্ঞা অনুযায়ী, মধ্যবিত্ত অবশ্যই অবস্থাপন্ন। অর্থাৎ, অর্থনৈতিকভাবে মধ্যবিত্তরা স্বচ্ছল থাকে। মূলত দরিদ্র অবস্থা থেকে ধনীর দিকে যে যাত্রা, তার যাত্রাবিরতি এই মধ্যবিত্তে ঘটে।

বিশ্লেষকদের মতে, মধ্যবিত্ত আসলে এমন একটি একটি সামাজিক গোষ্ঠী, যাতে সুশিক্ষিত মানুষ অন্তর্ভুক্ত থাকে। উচ্চ ও নিম্নবিত্তের মাঝখানে এই সামাজিক শ্রেণির অবস্থান। মূলত এই শ্রেণিতে থাকে ব্যবসা‑বাণিজ্য সংশ্লিষ্ট ও পেশাজীবী মানুষেরা। পেশাজীবীদের মধ্যে সরকারি ও বেসরকারি–উভয়ই থাকে। পাশাপাশি থাকে দক্ষ শ্রমজীবীরাও। অর্থাৎ, মধ্যবিত্তরা ঠিক গরিব মানুষের মতো অভাবে ভোগে না। তবে স্বচ্ছল হলেও মাত্রাতিরিক্ত অর্থ‑বিত্ত তাদের থাকে না। সবই থাকে মাঝামাঝি।

তা, আমাদের দেশে মধ্যবিত্ত তাহলে কারা? সমস্যা হলো, পুরো বিশ্বেই মধ্যবিত্তের একটি সর্বজন স্বীকৃত সংজ্ঞা গড়ে ওঠেনি। বাংলাদেশেও সেই সংকট আছে। তবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা অনুযায়ী, ২০১৫ সালে বাংলাদেশের ওই সময়কার মোট জনসংখ্যার ২০ শতাংশ জনগোষ্ঠী বা ৩ কোটি ৫০ লাখের বেশি মানুষ ছিল মধ্যবিত্ত। মূল গবেষণায় বলা হয়েছে, ১৯৯২ থেকে ২০১০ সালের মধ্যে বাংলাদেশে উল্লেখযোগ্য হারে মধ্যবিত্ত শ্রেণির বিকাশ ঘটেছে। ১৯৯২ সালে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর মাত্র ৯ শতাংশ মধ্যবিত্ত ছিল। প্রায় দুই দশক পরে এ মধ্যবিত্তের হার দ্বিগুণের বেশি হয়েছে। বিআইডিএস‑এর গবেষণায় একটি পূর্বাভাসও ছিল। সেটি হলো, ২০২৫ সালে দেশের মধ্যবিত্ত শ্রেণির আকার মোট জনসংখ্যার ২৫ শতাংশে উন্নীত হবে ও ২০৩০ সালের মধ্যে দেশের এক-তৃতীয়াংশ মানুষ মধ্যবিত্ত হবে। ওই হিসাব ধরলে এখন প্রায় ৪ কোটি মানুষ মধ্যবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত বলে ধরে নেওয়া যায়।

তো এই অবস্থাসম্পন্ন মধ্যবিত্তরাই এখন নিম্নবিত্ত বা তারও নিচে থাকা পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তারা যুক্তি হিসেবে বড় বড় ডিগ্রি পাওয়ার কথা তুলছেন। তোলা হচ্ছে সরকারি, বেসরকারি অফিসে থাকা নানা পদের বেতনের কথাও। এবং সেই সাথে প্রশ্ন তোলা হচ্ছে যে, সুঁই–সুতার কাজ করেই এখন এর চেয়ে বেশি বেতন হবে?

দেশের বর্তমান অর্থনীতিতে মধ্যবিত্তরাও বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে। ছবি: এআই দিয়ে তৈরি
দেশের বর্তমান অর্থনীতিতে মধ্যবিত্তরাও বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে। ছবি: এআই দিয়ে তৈরি

ওপরের এই প্রশ্নের সাথে এক ধরনের তাচ্ছিল্যও মিশে আছে। সেটি প্রশ্ন করার ঢং থেকেই স্পষ্ট বোঝা যায়। মূলত, এই আলোচনার মধ্য দিয়ে যেমন ন্যায্যতার প্রশ্ন তোলা হচ্ছে, তেমনি এক ধরনের শ্রেণিবিদ্বেষের বিষয়টি ফুটে উঠছে। যারা প্রশ্ন তুলছেন, তারা যেন ধরেই নিয়েছেন যে, পোশাক শ্রমিকদের কম বেতন পাওয়াই উচিত, তাদের সংসার চালাতে খাবি খাওয়াই উচিত! অর্থাৎ, বাংলাদেশে বিত্তের যে শ্রেণিবিন্যাস আছে, সেটি টিকিয়ে রাখার জন্য হলেও, পার্থক্য ধরে রাখার জন্য হলেও বেতন এতটা বাড়ানো উচিত নয়। অন্তত মধ্যবিত্ত বলে দাবি করা এ দেশের মানুষদের এখনকার মন্তব্যে তেমনটাই বোধ হচ্ছে।

অথচ, এই দেশের গার্মেন্ট শিল্পে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা হয়। তৈরি পোশাকশিল্পের বৈশ্বিক বাজারেও বাংলাদেশ শীর্ষস্থানীয় রপ্তানিকারক। অর্থাৎ, ওই শিল্পে যথেষ্ট পরিমাণে আয় আছে। কিন্তু গার্মেন্টকর্মীদের সুযোগ–সুবিধা দেওয়ার ব্যাপারে মালিকেরা বরাবরই কৃপণ। আমরা বছরের পর বছর ধরে পোশাক শ্রমিকদের আন্দোলন দেখে আসছি। কখনও বেতনের জন্য, কখনও বোনাসের জন্য, কখনও সুযোগ–সুবিধার জন্য। সেসব আন্দোলনের করুণ পরিণতিও আমরা দেখেছি। ঈদের আগে পোশাক শ্রমিকদের সঠিক সময়ে বেতন–বোনাসের দাবি তোলা এ দেশে একটি নিয়মিত চিত্র। তাহলে এমন পরিস্থিতির বিপরীতে পোশাক শ্রমিকেরা যদি ৩০ হাজার টাকার ন্যূনতম মজুরির দাবি তুলেও থাকেন, তাতে এতটা জ্বলে উঠতে হচ্ছে কেন? শুধুই কি গরিবকে গরিব বানিয়ে রাখার ইচ্ছাতেই?

দুনিয়ার সমাজব্যবস্থায় যেদিন থেকে শ্রেণির উদ্ভব হয়েছে, সেদিন থেকেই শ্রেণিবৈষম্য টিকিয়ে রাখার কাজও গুরুত্ব পাচ্ছে ব্যাপকভাবে। কারণ তা না হলে শোষণের প্রক্রিয়াটি সচল থাকে না। তবে কি এই দেশের মধ্যবিত্তরা নিজেদের সামাজিক মর্যাদা হারানোর ভয়ে ভীত? হতেই পারে।

এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে, কয়েক বছর ধরেই আমাদের দেশের অর্থনীতি একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতিসহ সামগ্রিক বাজারের অবস্থা সুবিধার না। মানুষের আয় কমে যাচ্ছে, ব্যয় বাড়ছে। চাকরি বা ব্যবসা–বাণিজ্য, সব কিছুর পরিস্থিতিই সঙিন। গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) বলছে, দেশে দারিদ্র্যের হার কমার বদলে উল্টো বেড়ে গেছে। ২০২২ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৭.৯৩ শতাংশে। অর্থাৎ তিন বছরে দারিদ্র্যের হার বেড়েছে ৯.২৩ শতাংশ। একই সময়ে অতিদারিদ্র্যের হারও ৫ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৯.৩৫ শতাংশ হয়েছে। দারিদ্র্যের পাশাপাশি মানুষের ব্যয়ের বৈষম্যও বেড়েছে।

পিপিআরসি আরও বলেছে, দেশের প্রায় ৩ কোটি ১০ লাখ মানুষ—বা মোট পরিবারের প্রায় ১৮ শতাংশ—বর্তমানে এক ‘ঝুঁকিপূর্ণ মধ্যবিত্ত’ শ্রেণির আওতায় রয়েছে। সরকারি দারিদ্র্যসীমার ঠিক সামান্য ওপরে বসবাস করলেও, এই বিশাল জনগোষ্ঠী প্রকৃত আয়ের স্থবিরতা, জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় এবং একের পর এক অর্থনৈতিক অভিঘাতের কারণে, যে কোনো মুহূর্তে ফের দরিদ্র হয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

এক কথায়, দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণি এখন অত্যন্ত বেকায়দায় আছে। এর মধ্যেই আবার সম্প্রতি সরকার নতুন পে–স্কেল করে সরকারি চাকরিজীবীদের বেতন বহুলাংশে বাড়িয়ে দিয়েছে। এই বাড়তি বেতনের টাকাও জনগণের পকেট থেকেই বের হবে। ফলে দেশের ইকোনমিক ইকোসিস্টেমে এক ধরনের ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে। এটি সমাজের আর্থিক শ্রেণিবিন্যাসেও নিশ্চিতভাবেই অভিঘাত সৃষ্টি করছে। ফলে একটি শ্রেণি যখন অধিক বেতন–ভাতার নিশ্চয়তা নিয়ে আরাম বোধ করছে, তখন আরও কিছু শ্রেণির অর্থ খরচের স্বাধীনতা ক্রমশ সংকুচিতই হয়ে চলেছে। এই শ্রেণিগুলোর মধ্যেই আছে নিম্ন ও মধ্যবিত্তরা। মাসের খরচ বার বার কাটছাঁট করেও কুল–কিনারা মিলছে না। যখনই কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থায় আয়ের ক্ষেত্রে এমন বৈষম্যের সৃষ্টি হবে, ঠিক তখনই ক্ষোভের উদগীরণ দেখা দেয়। সেটিই হয়তো পোশাক শ্রমিকদের আন্দোলন হয়ে এবার সামনে এসেছে। এবং এর প্রতিক্রিয়ায় মধ্যবিত্ত যেভাবে ‘আচরণ’ করছে, তাতে স্পষ্ট হয়ে উঠছে তার নিজের অসহায়ত্বও। কিন্তু সেটিকে গঠনমূলকভাবে প্রকাশ করার বদলে, উল্টো তা হয়ে যাচ্ছে এক ধরনের ‘মারমুখী’ আচরণ। ব্যাপারটা অনেকটা এমন হয়ে দাঁড়াচ্ছে যেন—‘আমি ভুগছি, তুমি আরামে থাকবে কেন?’

অথচ, আদতে এ দেশের মধ্য ও নিম্নবিত্তের মধ্যে শুধুই কয়েকটা ‘যদি–কিন্তু’র তফাত ছাড়া আর কিছু নেই। পকেটের ভারত্বে কিছুটা কম–বেশি হলেই ‘মধ্য’ নেমে যায় ‘নিম্নে’। আর মধ্য, নিম্ন—এই দুই শ্রেণির প্রতিই কর্তৃপক্ষ শ্রেণির আচরণ ঠিক তেমনই, যেমনটা পোশাক শ্রমিকদের ক্ষেত্রে এখন এ দেশের মধ্যবিত্তরা করছে। সেটি তাচ্ছিল্যে ঠাসা থাকে, পায়ের নিচে রাখার ইচ্ছাতেই ভরপুর থাকে। মধ্য আর নিম্নের শ্রেণিপরিচয় এই দেশে তাই অনেকটাই ‘সেম সেম’।

সুতরাং প্রশ্ন তোলা উচিত, কেন এ দেশে মাস্টার্স পাসের দাম নেই, তা নিয়ে। প্রশ্ন তোলা উচিত, কেন মাস্টার্স পাস করেও চাকরির বাজারের ২০ হাজার টাকা স্টার্টিং স্যালারি হয়, তা নিয়ে। প্রশ্ন তোলা উচিত, রোজগারের ক্ষেত্রে থাকা অসমতা নিয়ে। প্রশ্ন তোলা উচিত, ব্যবসা–বাণিজ্যে কোনো অন্যায্য ট্যাক্স আরোপ করা থাকলে, তা নিয়ে। প্রশ্ন তোলা উচিত, আপনার পকেট কেটে কারা টাকা নিয়ে যায়, তা নিয়ে।

এসবের বদলে কেবলই যদি অন্যকে ‘ছোটলোক’ প্রমাণ করায় ব্যস্ত থাকা হয়, তাহলে আসলে কাজের কাজ কিছু হবে না। বরং অন্যকে ‘ছোটলোক’ প্রমাণ করতে করতে আমরা নিজেরাই যে কে, কখন সত্যিকার অর্থেই ‘ছোটলোক’ হয়ে যাব, তা হয়তো টেরই পাওয়া যাবে না!

লেখক: বার্তা সম্পাদক, চরচা