পাঠকের নিশ্চয়ই মনে আছে। আওয়ামী লীগ সরকারের আমলে যখন বিরোধী দল মাঠে কোনো কর্মসূচি দিত, ক্ষমতাসীন দলের একশ্রেণির নেতা-কর্মী সেই কর্মসূচি ভণ্ডুল করতে লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়তেন। তাদের দাপটে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও তটস্থ থাকতেন।
পরবর্তীকালে সেটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়ায়। পুলিশ সদস্যরা হয়ে পড়েন ক্ষমতাসীন দলের নেতা-পাতি নেতা ও কর্মীদের হুকুম বরদার। বিভিন্ন অঞ্চলে নানা বাহিনী গড়ে উঠেছিল। এক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই ছাত্রলীগের ১২টি গ্রুপ ছিল দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতার নামে। আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ ও যুবলীগের এ রকম কত বাহিনী ও গ্রুপ যে গড়ে উঠেছিল, তার ইয়াত্তা নেই। কিন্তু শেষ পর্যন্ত এসব বাহিনী ও গ্রুপ আওয়ামী লীগকে রক্ষা করতে পারেনি। মানুষ চায় আইনের শাসন।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার (ফরহাদ মযহারের ভাষায় উপদেষ্টা সরকার) গঠিত হয় তারাও জনজীবনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে পারেনি। সে সময় গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তির একাংশ আইন হাতে তুলে নিল, বিভিন্ন স্থানে মব সন্ত্রাস চলতে থাকল। এই প্রেক্ষাপটে বিএনপির নেতৃত্ব দ্রুত নির্বাচন দাবি করে বলেছিলেন, অনির্বাচিত সরকারের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা তথা জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। নির্বাচিত সরকার এলে পরিস্থিতির উন্নতি হবে, জনজীবন নিরাপদ থাকবে।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হয়, তাতে দুই তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ও তাদের মিত্ররা ক্ষমতায় আসে। স্বাভাবিকভাবে জনমনে প্রত্যাশা ছিল, এবারে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। জনমনে শান্তি ও স্বস্তি ফিরে আসবে।
কিন্তু বাস্তবতা হলো গত ৮ মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি লক্ষ্য করা যায়নি ক্ষমতাসীন দলের (সহযোগী সংগঠনসহ) একশ্রেণির নেতা–কর্মীর দৌরাত্ম্যের কারণে। তারা যেমন অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, তেমনই আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাও বেড়ে যায়।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্য অনুযায়ী, “চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) সারা দেশে রাজনেতিক সহিংসতায় ৭৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ছয় হাজার ৪৭৩ নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
প্রতিবেদনে বলা হয়, এক হাজার ১৩টি সহিংসতার ঘটনার ৯৩১টি ঘটেছে বিএনপির অন্তর্কোন্দল এবং বিএনপির সঙ্গে অন্য রাজনৈতিক দলের মধ্যে। এর মধ্যে বিএনপির অন্তর্কোন্দলের ৩৪২টি ঘটনায় নিহত হয়েছেন ৪০ জন এবং আহত দুই হাজার ৬৩২ জন। বিএনপি-জামায়াতের মধ্যে ৩২১টি সংঘর্ষে ১১ জন নিহত ও দুই হাজার ১৯০ জন আহত হয়েছেন।”
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারি ও বিরোধী দল মুখোমুখি অবস্থানে থাকায় রাজনৈতিক অঙ্গন আগে থেকেই উত্তপ্ত ছিল। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বের দেশে আসার ঘোষণা সেই উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে। সরকারি দলের পক্ষ থেকে ‘ফ্যাসিবাদী শক্তিকে’ ঠেকাতে জাতীয় ঐক্যের ডাক দিলেও বিরোধী দল এটাকে দেখছে সন্দেহের চোখে। শেখ হাসিনার ঘোষণার আগে সরকারি দল ফ্যাসিবাদী শক্তি ও গুপ্তশক্তির আঁতাতের কথা বলায় বিরোধী দল ক্ষুব্ধ। তারা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে নানা তৎপরতাকে সরকারের ‘নিয়ন্ত্রিত নাশকতা’ বলেও সন্দেহ করেন।
অন্যদিকে, আইন নিজের হাতে তুলে নেওয়ার ধারাবাহিক ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। বিডিনিউজ ২৪ জানায়, পল্টন থানায় নেওয়ার পর এক ভিডিওতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে বলতে শোনা যায়, “ওসি সাহেব, আপনাদের জন্য মেহমান নিয়ে এলাম।” এই মেহমানের নাম মহিউদ্দিন আহমদ রুদ্র। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এক সময় ছাত্রলীগ করতেন। এটাই তার অপরাধ। তার বিরুদ্ধে নাশকতার কোনো অভিযোগ নেই। তাহলে কেন ধরে আনা হয়েছে? নয়নের ভাষায় “এই যে যারা বোম-টোম মারে, বাস পোড়ায়, তাদের তিনি কোর্ট-কাচারি থেকে জামিন করান।”
অপরাধের বিচার হলো একটি আইনি প্রক্রিয়া। অভিযোগ যে কেউ করতে পারেন। আদালতই সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রায় দেবেন অভিযুক্ত ব্যক্তি দোষী না নির্দোষ। কিন্তু নয়ন সাহেবরা সম্ভবত আইনি প্রক্রিয়ায় বিশ্বাস করেন না। এ কারণে সাবেক যুবলীগ ও ছাত্রলীগ হলেই ধরে বেধে থানায় নিয়ে গিয়ে নিজেদের ক্ষমতা দেখান।
ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের অনেক নেতাও একই আচরণ করতেন। দেশকে বিএনপি–জামায়াতমুক্ত করতে চাইতেন। ক্ষমতার ভাষাই বোধ হয় একই রকম।
অনেকে বলেন, বিএনপি ও আওয়ামী লীগকে তো আপনারা দেখেছেন। এখন জামায়াতকে একবার দেখুন। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে যেই পাঁচটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ী জামায়াতের সহযোগী ইসলামী ছাত্র শিবিরের নেতাদের কাণ্ড কারখানা দেখে কেউ বলবেন না এরা আইনের শাসনে বিশ্বাসী। তারাও সুযোগমতো আইন হাতে তুলে নিয়েছেন।
একই দিন রাত সাড়ে ১০টার দিকে বিএনপির কিছু নেতা–কর্মী এস এম বাবু নামে একজনকে ধরে মোহাম্মদপুর থানায় দিয়ে যায়। বাবু আওয়ামী লীগের একজন নেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে। আওয়ামী লীগ নেতা হলে তার বিরুদ্ধে যদি কোনো মামলা না থাকে, তাহলে কি তাকে গ্রেপ্তার করা যায়?
পর দিন সন্ধ্যার আরেকটি ঘটনা। ঢাকার আজিমপুর এলাকার। দুইজন ব্যক্তিকে দুই হাতে শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন এক দল ব্যক্তি। পরবর্তীতে তাদের একটা জায়গায় নিয়ে চড় থাপ্পর ও মারধর করতেও দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায়ও নেতৃত্ব দেন যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন।
নয়ন বিবিসির বাংলার কাছে দাবি করেছেন, নাশকতার উদ্দেশ্যে সংগঠিত হচ্ছিলেন বেশ কয়েকজন ব্যক্তি। গোপনে সেই খবর পেয়ে তাদের মধ্যে থেকে চারজনকে ধরে তারা পুলিশে দিয়েছেন। তার কাছে গোপন তথ্য থাকলে কেন তিনি পুলিশকে খবর দিলেন না। পুলিশের দায়িত্বটি নিজেই কাঁধে নিলেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নয়ন সাহেবকে ঢাকার পুলিশ কমিশনার করার প্রস্তাব দিয়েছেন। কেউ কেউ বলেছেন, তিনি গোপালগঞ্জে গেলে সেখানকার আইনশৃঙ্খলার উন্নতি ঘটবে।
এ সম্পর্কে বিবিসি বাংলার সাংবাদিক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে দলের অবস্থান জানতে চেয়েছিলেন। জবাবে তিনি বলেছেন, “আমাদের পক্ষ থেকে নেতা-কর্মীদের কোন নির্দেশনা দেই নাই এমন কোনো কিছু করার। যদি কেউ এমন কিছু করে থাকে তাহলে তাদেরকে নিরুৎসাহিত করব যেন এগুলো না করে।”
কিন্তু দলের ভারপ্রাপ্ত মহাসচিরের দায়িত্ব কি শুধু নিরুৎসাহিত করা? যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া কি তার দায়িত্ব নয়? এর আগে এই যু্ব নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের একটি প্রতিনিধি সভা থেকে প্রায় ৩০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করিয়েছিলেন। সেবারে আওয়ামী লীগের সভা সন্দেহে তাদের ধরা হলেও একজনও ওই দলের নেতা-কর্মী পাওয়া যায়নি।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক উমর ফারুক যথার্থই বলেছেন, “এখন যারা নিজেদের ক্ষমতাবান মনে করে এবং প্রতিপক্ষকে দুর্বল মনে করে সেই অবস্থান থেকে অনেকে তারা মব ভায়োলেন্সের পথে হাঁটছে।”
মব ভায়োলেন্সের পথ হাঁটা কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার পরিণাম যে কত ভয়ংকর তা ক্ষমতার জোশে থাকা যুবদল ও ছাত্রদলের নেতারা বুঝতে না পারলেও বিএনপির পোড়খাওয়া নেতারা নিশ্চয়ই অনুধাবন করবেন।
লেখক: সম্পাদক, চরচা