Advertisement

বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় ফ্রন্ট খোলার মুখে আরাকান আর্মি

অং মার্ম উ

বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় ফ্রন্ট খোলার মুখে আরাকান আর্মি
বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত। ছবি: রয়টার্স

আরাকান আর্মি (এএ) যখন আরাকান (রাখাইন রাজ্য) রাজ্যের রাজধানী সিত্তের দিকে অগ্রসর হচ্ছে এবং সেখানে লড়াই আরও তীব্র হচ্ছে, তখন বাংলাদেশের সঙ্গে সীমান্তজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। জান্তা সরকারের ঘনিষ্ঠ রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বাড়ায় সেখানে সংঘাতের আরেকটি ফ্রন্ট তৈরি হচ্ছে।

Advertisement

এসব হামলাকে বিচ্ছিন্ন সীমান্ত সংঘর্ষ হিসেবে দেখার সুযোগ নেই। ২০২৪ সালে বুথিডং ও মংডু দখলের লড়াইয়ের সময় মিয়ানমারের সামরিক বাহিনী এবং মুসলিম সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে যে সহযোগিতা গড়ে উঠেছিল, এসব ঘটনা তারই ধারাবাহিকতা। বাংলাদেশের জন্য এ পরিস্থিতি নিজস্ব নিরাপত্তাস্বার্থ এবং বর্তমানে দেশটিতে আশ্রয় নেওয়া কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীর প্রত্যাবাসনের সম্ভাবনা নিয়ে কঠিন প্রশ্ন তৈরি করছে। অন্যদিকে, নিজ রাজ্যজুড়ে স্থিতিশীলতা বজায় রাখার সক্ষমতা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ছে আরাকান আর্মিও।

উদ্বেগের বড় কারণ হলো, সামরিক জান্তার ভূখণ্ডগত পশ্চাদপসরণের সময় গড়ে ওঠা সশস্ত্র নেটওয়ার্কগুলো এখনো আরাকান আর্মির ওপর চাপ সৃষ্টি করে চলেছে। অথচ তাদের মূল বাহিনীকে অন্যত্র জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।

Advertisement

সহযোগিতা থেকে ছায়াযুদ্ধে

২০২৪ সালে আরাকান অভিযানের সময় মিয়ানমারের সামরিক বাহিনী বড় ধরনের ভূখণ্ডগত ক্ষতির মুখে পড়ে। আরাকান আর্মির অগ্রযাত্রা ঠেকাতে অতিরিক্ত জনবল ও স্থানীয় মিত্রের সন্ধানে নামে তারা। শেষ পর্যন্ত এমন কয়েকটি সশস্ত্র সংগঠনকে বেছে নেয়, যাদের সঙ্গে বিস্ময়করভাবে সেই জনগোষ্ঠীরই সংশ্লিষ্টতা ছিল, যাদের ওপর সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে নিপীড়ন চালিয়েছে। এসব সংগঠনের একটি ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) জানিয়েছে, জান্তা সরকার আরসাকে (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) গোলাবারুদ সরবরাহ করেছে। পাশাপাশি, রোহিঙ্গা শরণার্থীদের প্রশিক্ষণের জন্য সামরিক স্থাপনায় নিয়ে যাওয়ার ব্যবস্থাও করেছিল।

ট্রান্সন্যাশনাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, লড়াই চলাকালে আরসা ও আরেকটি সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) প্রশিক্ষণ, অস্ত্র ও কৌশলগত সহায়তা পেয়েছিল। ২০২৪ সালের ডিসেম্বরে আরাকান আর্মি মংডু দখলের পরও সংগঠন দুটির সঙ্গে জান্তা সরকারের কর্মকর্তাদের যোগাযোগ বজায় ছিল।

এখানে সেই সামরিক বাহিনীর কথাই বলা হচ্ছে, যারা ২০১৭ সালে নৃশংসতা চালিয়ে লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য করেছিল। সেই বাহিনীই এখন প্রকাশ্যে আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে সহযোগিতা করছে।

তবে জান্তা সরকারের কাছে এ কৌশলের সম্ভাব্য সুবিধাগুলোই ছিল বেশি গুরুত্বপূর্ণ। রাজ্যের উত্তর সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলো জান্তার প্রচলিত সামরিক ঘাঁটিগুলো পতনের পরও আরাকান আর্মির অবস্থানকে চ্যালেঞ্জ জানাতে পারে। এর ফলে আরাকান আর্মির গুরুত্বপূর্ণ জনবল ও সম্পদ অন্য যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে সীমান্তে নিয়োজিত করতে হবে।

বিভাজন ও শাসনের কৌশলের ওপর দীর্ঘদিন ধরে টিকে থাকা জান্তা সরকারের জন্য এর আরেকটি সুবিধা হলো, এ পরিস্থিতি রাজ্যের রাখাইন ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস আরও গভীর করতে পারে।

ফলে আরাকান আর্মি শেষ পর্যন্ত মংডু দখল করলেও বাংলাদেশ সীমান্তে সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে সক্ষম হয়; কিন্তু দুর্গম ভূখণ্ড ও আন্তসীমান্ত নেটওয়ার্কের মাধ্যমে তৎপর সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি নির্মূল করতে পারেনি।

গত বছরের সেপ্টেম্বরে উত্তর মংডুর ইন চাউং গ্রামের কাছে আরাকান আর্মির একটি সীমান্ত নিরাপত্তাচৌকিতে হামলা চালায় আরসার যোদ্ধারা। পরে আরাকান আর্মির সদস্যরা চৌকিটি পুনর্দখল করেন। হামলাকারীরা বাংলাদেশে পালিয়ে গেছে বলে খবর পাওয়া যায়।

এরপরও সংঘর্ষ অব্যাহত থাকে। চলতি বছরের অক্টোবরের শেষ দিকে স্থানীয় বাসিন্দারা জানান, উত্তর ও দক্ষিণ মংডুতে আরসা নতুন করে সদস্য সংগ্রহ, সশস্ত্র তৎপরতা এবং আরাকান আর্মির অগ্রবর্তী অবস্থানগুলোতে হামলা শুরু করেছে।

এক বাসিন্দা আমার সংবাদমাধ্যম ডেভেলপমেন্ট মিডিয়া গ্রুপকে বলেন, ‘মংডু টাউনশিপের উত্তর ও দক্ষিণ—উভয় অংশেই আরসার তৎপরতা আবার বেড়েছে।’

সিত্তের আশপাশে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত আরাকান আর্মিকে আরসার ধারাবাহিক হামলার কারণে এখন সীমান্তে প্রয়োজনীয় সেনাসদস্য, গোয়েন্দা সম্পদ ও রসদ সরিয়ে নিতে হতে পারে।

এসব অভিযানের ওপর সরাসরি নিয়ন্ত্রণ না থাকলেও এতে মিয়ানমারের সামরিক বাহিনীই লাভবান হবে।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রাখা প্রয়োজন। সীমান্তে সক্রিয় আরসা, আরএসও এবং তৃতীয় আরেকটি সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) নেতৃত্বের কাঠামো ও স্বার্থ এক নয়। অতীতে জান্তা সরকারের সঙ্গে তাদের সহযোগিতা ছিল বলে সাম্প্রতিক প্রতিটি হামলা কেন্দ্রীয়ভাবে সমন্বিত হচ্ছে—এমনটা ধরে নেওয়া ঠিক হবে না।

মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়ন থেকে বাঁচতে প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে আসার সপ্তম বার্ষিকীতে কক্সবাজারে ভারী বর্ষণের মধ্যে সমবেত রোহিঙ্গা শরণার্থীরা। ২৫ আগস্ট ২০২৪। ছবি: রয়টার্স
মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়ন থেকে বাঁচতে প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে আসার সপ্তম বার্ষিকীতে কক্সবাজারে ভারী বর্ষণের মধ্যে সমবেত রোহিঙ্গা শরণার্থীরা। ২৫ আগস্ট ২০২৪। ছবি: রয়টার্স

বাংলাদেশের সীমান্তসংকট

এসব সংঘর্ষে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আরাকান আর্মির অভিযোগ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কিছু কর্মকর্তা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোকে রসদ, গোলাবারুদ ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছেন। পাশাপাশি, সীমান্ত নিরাপত্তাচৌকির কাছাকাছি এলাকায় তাদের তৎপরতা চালানোর সুযোগও দেওয়া হচ্ছে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপও বাংলাদেশের নিরাপত্তা কাঠামোর কিছু অংশের সঙ্গে এসব গোষ্ঠীর জটিল সম্পর্কের বিষয়টি তাদের প্রতিবেদনে তুলে ধরেছে।

অভিযোগগুলোর বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া প্রয়োজন। তবে এ ধরনের অনিয়মের অভিযোগকে বাংলাদেশের সরকারের আনুষ্ঠানিক নীতির সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। প্রকাশ্যে বিজিবি আরসা বা আরএসওকে সহায়তা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

সীমান্ত নিরাপত্তা নিয়ে বাংলাদেশ বাস্তব কিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে। ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এবং তাদের একসময় প্রত্যাবাসনের সম্ভাবনা ঢাকার জন্য বড় ধরনের উদ্বেগের কারণ।

তবে বাংলাদেশকে শেষ পর্যন্ত এই বাস্তবতার মুখোমুখি হতে হবে যে, যেখান থেকে রোহিঙ্গারা পালিয়ে এসেছে, সেই ভূখণ্ড এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এতে রাজনৈতিক বাস্তবতায় মৌলিক পরিবর্তন এসেছে।

বাংলাদেশের কিছু নিরাপত্তা কর্মকর্তা এখনো এসব মুসলিম সশস্ত্র সংগঠনকে আরাকান আর্মির ওপর চাপ সৃষ্টির সম্ভাব্য হাতিয়ার হিসেবে বিবেচনা করতে পারেন। কিন্তু আন্তসীমান্ত হামলায় তাদের সহায়তা করলে বাস্তবে সীমান্তের স্থিতিশীলতাই নষ্ট হবে এবং শান্তিপূর্ণ প্রত্যাবাসন আরও কঠিন হয়ে পড়বে।

অর্থাৎ, শরণার্থী জনগোষ্ঠীকে ব্যবহার করে আরসা ও সহযোগী সংগঠনগুলোর তৎপরতা বন্ধ করা এবং সীমান্তের অপর পাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী আরাকান আর্মির কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রাখলেই বাংলাদেশের নিরাপত্তাস্বার্থ বেশি সুরক্ষিত হবে।

সশস্ত্র গোষ্ঠী ও সামরিক নিয়ন্ত্রণের বাইরেও

রোহিঙ্গাদের সশস্ত্র তৎপরতার পেছনের কারণগুলো মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে তাদের সহযোগিতার অনেক আগে থেকেই বিদ্যমান।

দীর্ঘদিনের বৈষম্য, রাষ্ট্রহীনতা, বাস্তুচ্যুতি ও অনিশ্চয়তা থেকে ক্ষোভের জন্ম হয়েছে, যা সশস্ত্র সংগঠনগুলো নিজেদের স্বার্থে কাজে লাগাতে পারে। মানবিক সহায়তা কমে যাওয়া এবং কাজের সুযোগ সীমিত হয়ে পড়ায় শরণার্থীরা বিশেষভাবে সদস্য সংগ্রহ ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তবে এসব পরিস্থিতি বেসামরিক মানুষের ওপর হামলা, অপহরণ কিংবা জোরপূর্বক সদস্য সংগ্রহের কোনো বৈধতা দেয় না।

একইভাবে, আরসা, আরএসও ও এআরএ-কে সামগ্রিক মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে বিবেচনা করা উচিত নয়। মংডুর রাখাইন, মুসলিম ও অন্য সম্প্রদায়ের মানুষ সশস্ত্র সহিংসতা, জীবিকার সংকট ও নিরাপত্তাহীনতার হুমকির মুখে রয়েছেন। আরাকান আর্মিসহ সংঘাতে জড়িত সব পক্ষের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

ভূখণ্ডগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আরাকান আর্মির দায়িত্বও বেড়েছে, যা কেবল সামরিক নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয়। কার্যকর শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অর্থ হলো, জাতিগত পরিচয় কিংবা ধর্ম নির্বিশেষে সব বেসামরিক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের ক্ষোভ ও অভিযোগের সমাধান করা এবং সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে না দেওয়া।

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে পাহারায় দেশটির পুলিশের এক সদস্য। ৯ জুলাই ২০১৯। ছবি: রয়টার্স
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে পাহারায় দেশটির পুলিশের এক সদস্য। ৯ জুলাই ২০১৯। ছবি: রয়টার্স

মংডুর সংঘাত দেখিয়ে দিয়েছে, কোনো ভূখণ্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেই যুদ্ধের অবসান ঘটে না।

আরাকানে মিয়ানমারের সামরিক বাহিনী তাদের অধিকাংশ অবস্থান হারিয়েছে। তা সত্ত্বেও তাদের বিমান হামলার সক্ষমতা, অবশিষ্ট সামরিক ঘাঁটি এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরাকান আর্মির নিরাপত্তা পরিকল্পনাকে জটিল করে তুলছে।

পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে অস্ত্র সরবরাহ ও আন্তসীমান্ত সহায়তার অভিযোগের বিশ্বাসযোগ্য তদন্ত, কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা, জোরপূর্বক সদস্য সংগ্রহ থেকে শরণার্থীদের সুরক্ষা এবং বাংলাদেশ ও আরাকান আর্মির মধ্যে ধারাবাহিক যোগাযোগ প্রয়োজন।

এ ছাড়া, মুসলিম বেসামরিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে অর্থবহ সংলাপ এবং সব সম্প্রদায়ের জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

সহিংসতা টিকিয়ে রাখা সশস্ত্র নেটওয়ার্ক ও ক্ষোভের কারণগুলো সমাধান করা না গেলে আরাকানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

লেখক আরাকানভিত্তিক সংবাদমাধ্যম ডেভেলপমেন্ট মিডিয়া গ্রুপের প্রধান সম্পাদক ও নির্বাহী পরিচালক।

লেখাটি দ্য ইরাবতি থেকে নেওয়া