একটা অভিজ্ঞতা দিয়ে শুরু করা যাক। সময়টা কয়েক বছর আগের। তখন চ্যাটজিপিটি সদ্যই এসেছে। সেই সাথে শুরু হয়ে গেছে ‘গেল গেল’ রব! আমাদের দেশের মানুষও তখন চ্যাটজিপিটি ঘাঁটছে দারুণ উৎসাহে। কেউ নেতিবাচক কথা বলছে, আবার কারও কারও কাছে চ্যাটজিপিটি ছাড়া দুনিয়াই চলবে না!
তো, তখন যে অফিসে কাজ করে পেট চালানো হতো, সেখানকার এক সহকর্মীর শিক্ষার্থী পরিচয়টাও ছিল। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছিলেন। একদিন কাজের কথাসূত্রেই জানা গিয়েছিল যে, সেদিন অফিসের পরই নাকি তার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। সেই কারণে কিছু একাডেমিক সহায়তাও চেয়েছিলেন। সাথে জানতে চেয়েছিলেন চ্যাটজিপিটির বিষয়ে। পরে কথা প্রসঙ্গে জানা গিয়েছিল, সময়ের অভাবে তিনি নাকি শুধু চ্যাটজিপিটিকে দিয়েই একটা অ্যাসাইনমেন্ট পেপার বানিয়ে জমা দিয়েছিলেন ডিপার্টমেন্টে। শিক্ষকেরা নাকি কিছু বলেনওনি!
এবার বর্তমান সময়ে আসা যাক। চ্যাটজিপিটির আবির্ভাবের সময় থেকে বেশ কয়েক বছর অতিক্রান্ত হয়েছে। আগে এআই মডেল ছিল হাতে গোণা কিছু, আর এখন আছে অগুণতি। তাহলে এখনকার অবস্থা কি? এক শুভাকাঙ্ক্ষী, যিনি আবার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও, তার কথায়—শিক্ষার্থীদের দেওয়া যে কোনো অ্যাসাইনমেন্ট পেপারের প্লেজিয়ারিজম চেক করতে করতেই নাকি তার সময় চলে যায়! আর কোনো পেপার যদি একটু বেশি সাজানো, গোছানো থাকে, তাহলেই নাকি ওই শিক্ষক এআই দিয়ে লেখা কিনা, সেই সন্দেহ করতে থাকেন। কারণ, আগে নাকি বিশ্বাস করে ঠকেছেন ঢের!
এসব তো শিক্ষাখাতের কথা গেল। অফিসের কাজেও এআই ব্যবহার নিয়ে জটিলতা দেখা দিচ্ছে। এক বন্ধুসম বড় ভাই সেদিন বললেন, এক জুনিয়র কলিগকে নাকি কিছুদিন আগে কিছু প্রেজেন্টেশন স্লাইড বানাতে দিয়েছিলেন। সেই কাজ ওই দিনই পেয়ে যান ঝটপট। শেষে প্রেজেন্টেশনের ঠিক আগ দিয়ে চেক করতে গিয়ে দেখেন, স্লাইডে অন্য সবকিছুর সাথে পাওয়া গিয়েছিল এআই টুলকে দেওয়া প্রম্পটের কিছু অংশও! অর্থাৎ, এআই টুলকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হলেও, সেটির মূল্যায়ন, পর্যবেক্ষণ ও সম্পাদনা সেভাবে করা হয়নি। জেরার মুখে ওই সহকর্মী স্বীকারও করেছিলেন তা। আর ওদিকে তো টিম লিডার বড় ভাইটির তখন মাথায় হাত!
এমন ঘটনা আরও অনেক আছে। এর বিপরীতও আছে নিশ্চিত। তবে এখনও পর্যন্ত এআই–এর বেঠিক ব্যবহারের বিড়ম্বনাই বেশি আলোচনায় আসছে। অর্থাৎ, বোঝা যাচ্ছে এদেশে তেমন বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে বড় আকারেই। এর কারণ আসলে কি? আমরা কি এআই বুঝে ব্যবহার করছি? নাকি না বুঝে? এই না বুঝে করা ব্যবহার থেকেই কি বিড়ম্বনা বেশি হচ্ছে? তাহলে আমরা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেবলই নকলের হাতিয়ারই বানাতে চাইছি?
ওপরের এসব প্রশ্নের উত্তর সম্পর্কে কিছুটা ইঙ্গিত পাওয়ার জন্য একটা জরিপের তথ্য জেনে নেওয়া যেতে পারে। যুক্তরাষ্ট্রের জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ ও প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের যৌথ উদ্যোগে পরিচালিত একটি জরিপের ফল কিছুদিন আগে প্রকাশিত হয়েছে। জরিপটির শিরোনাম—AI Optimism Globally Widespread Despite Uneven Use। বিশ্বের ১৪০টি দেশে এই জরিপের কাজ চালানো হচ্ছে। প্রথম ধাপে বাংলাদেশসহ ৩৭টি দেশের জরিপের ফল গত ২২ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, এআই বিষয়ে ৩৭টি দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা ৪টি দেশের একটি হলো বাংলাদেশ। আর দেশের প্রায় ৬৪ শতাংশ মানুষ এআই সম্পর্কে জানেই না!
মাইক্রোসফট ও গ্যালাপের এই জরিপে বাংলাদেশ থেকে ১৫ বছর ও তার বেশি বয়সী এক হাজার মানুষ অংশ নিয়েছে। এই জরিপ বলছে, প্রতিদিন এআই ব্যবহার করে প্রায় ২ শতাংশ মানুষ। প্রতি সপ্তাহে ব্যবহার করে ৩ শতাংশের কিছু বেশি মানুষ। মাসে ব্যবহার করে প্রায় ৫ শতাংশ মানুষ। অর্থাৎ, সব মিলিয়ে এআই কিছুটা ব্যবহারই করে দেশের মাত্র ১০ শতাংশ মানুষ। আর দেশের ২৬ শতাংশ মানুষ এআই সম্পর্কে জানলেও কখনও ব্যবহারই করেনি।
অর্থাৎ, বোঝাই যাচ্ছে যে, বাংলাদেশে এআই নিয়ে মানুষের জানাশোনার অবস্থাটাই সুবিধার না। ব্যবহারই হচ্ছে কম। ফলে অপব্যবহার নিয়ে আলোচনাটাও কম হচ্ছে। এই দেশে মানুষ যে অনেকটা কম জেনেই এআই ব্যবহার করতে শুরু করে দিয়েছে, সেটি বলাই যায়। তাই এআই–এর সঠিক ব্যবহার নিয়ে সচেতনতার অবস্থাও তথৈবচ।
গ্যালাপের এই জরিপ বলছে, এআই–এর ব্যবহার দেশকে সাহায্য করবে—এমন ইতিবাচক আশা আছে মাত্র ৩৪ শতাংশ বাংলাদেশির। এখন ব্যবহারই যদি এত কম হয়, তাহলে আর ইতিবাচক আশা আসবে কোত্থেকে? আর যেহেতু ব্যবহারই কম, তাই জানাবোঝাও কম। ফলে সেই কম জানাবোঝা নিয়ে এআই ব্যবহার করতে গেলেও উল্টোপাল্টা ব্যবহারের যথেষ্ট আশঙ্কা থেকে যায়।
কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নৈতিক ব্যবহার নিয়ে এরই মধ্যে পুরো দুনিয়ায় প্রচুর আলোচনা হচ্ছে। সেখানে আমাদের দেশে জানাশোনা কম, ব্যবহারও কম। আবার জানাশোনা কম বলে, অপব্যবহারও বেশি হচ্ছে। তাই এআই যে কাজে সহায়তা করার জন্য তৈরি, সেই ভাবনাটি ঠিক মাথায় থাকছে না আমাদের। আমরা হয়তো ভেবে নিচ্ছি যে—এআই যা দেবে, তাই–ই নিজের কাজ হিসেবে চালিয়ে দেওয়া যায়! অথচ, এআই ব্যবহারের মূলনীতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের করা ফ্যাক্টচেকিং, পর্যবেক্ষণ ও মূল্যায়ন এবং সেই অনুযায়ী সম্পাদনা করার বিষয়টি। কিন্তু আমরা কেন জানি এআই যা দিচ্ছে, সেটিকেই চূড়ান্ত সঠিক ধরে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কোনো পরীক্ষার প্রয়োজনীয়তাও বোধ করছি না। কারণ আমরা যেনতেনভাবে শুধুই শ্রম ও সময় বাঁচানোর চেষ্টা করছি, কষ্ট কমাতে চাইছি। ফলে এআই–এর নৈতিক ব্যবহার শিকেয় উঠছে এই দেশে। এতে করে ঠিক সেই প্রবণতাটিই ফুটে উঠছে, যেটি প্রায় ২০/২৫ বছর আগে আমাদের দেশের পাবলিক পরীক্ষাগুলোয় নিদারুণ বাস্তবতা ছিল—নকল!
তাই এআই কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে করতে হবে—সেসব প্রশিক্ষণ সরকারি, বেসরকারি উদ্যোগে ব্যাপকভাবে চালু করা প্রয়োজন। সরকারি উদ্যোগগুলো এখনও বেশ সীমিত আকারে আছে। যদিও বেসরকারি উদ্যোগে কিছু হচ্ছে এখন, তবে সমস্যা হলো সেখানেও ‘ক্লিকবেইট’ উদ্দেশ্য হিসেবে ‘ফাও’ কাজ করিয়ে নেওয়াকেই শুধু ‘বিজ্ঞাপন’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। হয়তো আমাদের দেশের ব্যবহারকারীরা ওতেই আকৃষ্ট হন বেশি!
সুতরাং, এআই নিয়ে আমাদের সামষ্টিক দৃষ্টিভঙ্গিই পরিবর্তন করাটা খুবই প্রয়োজন। একটি কথা আগেই মাথা ঢোকাতে হবে যে, এআই এড়িয়ে সামনের দুনিয়ায় টিকে থাকা যাবে না। তাই এআই সম্পর্কে না জানাটা, না বোঝাটা কোনো কাজের কথা নয়। বরং এর সঠিক ও নৈতিক ব্যবহার জানাটা বেশি গুরুত্বপূর্ণ। আর এই নতুন জিনিস ঠিকভাবে শেখাটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ কম্পিউটার বলুন বা ইন্টারনেট—প্রযুক্তির সব নতুন ক্ষেত্রেই বাংলাদেশিরা ছিল ‘লেট লতিফ’। তবে মনে রাখতে হবে যে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে তেমনই ‘লেট’ করলে কিন্তু চাকরি থাকবে না, চাকরি থাকবে না, চাকরি থাকবে না!
লেখক: বার্তা সম্পাদক, চরচা।