Advertisement

এআইয়ের অগ্রগতিতে বেকারত্ব বাড়ার ঝুঁকি, সতর্ক করলেন রাষ্ট্রপতি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

এআইয়ের অগ্রগতিতে বেকারত্ব বাড়ার ঝুঁকি, সতর্ক করলেন রাষ্ট্রপতি
রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বক্তব্য দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বঙ্গভবন

এআইয়ের অগ্রগতির কারণে দেশের বেকারত্বের সমস্যা যাতে আরও জটিল না হয়, সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

আজ বৃহস্পতিবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খবর ইউএনবি।

Advertisement

রাষ্ট্রপ্রধান বলেন, “প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হতে হবে, মানুষ যেন প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে না পড়ে। বিশেষ করে এআইয়ের অগ্রগতির কারণে দেশের বেকারত্বের সমস্যা যাতে আরও জটিল না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে।”

তিনি বলেন, “বিশ্ব বর্তমানে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যার অন্যতম প্রধান চালিকাশক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামী দশকে এ প্রযুক্তি দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্প, বাণিজ্য, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনবে। একই সঙ্গে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

রাষ্ট্রপতি বলেন, “উৎপাদনশীলতা বাড়ানো, শিল্পের আধুনিকায়ন, রপ্তানি সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ ও তরুণদের জন্য সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টিতে এআইকে কাজে লাগাতে হবে। তবে এ প্রযুক্তির ব্যবহার ও বিস্তারের বিষয়ে সতর্ক থাকতে হবে।”

তরুণ সমাজকে দেশের সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে তিনি বলেন, “তরুণরা প্রযুক্তিবান্ধব এবং নতুন স্বপ্ন বাস্তবায়নে সক্ষম। চতুর্থ শিল্পবিপ্লবে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এ বিপ্লবের সুফল পেতে হলে তাদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।”

রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন, দেশের তৈরি পোশাকশিল্পের মতো ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিল্পও বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন পরিচিতি এনে দিতে পারে।

বাংলা ভাষাভিত্তিক নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা তৈরির চেষ্টা চলছে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, “এআইকে কেবল ব্যয় কমানোর মাধ্যম হিসেবে বিবেচনা করা উচিত নয়। বরং নতুন পণ্য ও সেবা তৈরি, নতুন বাজার সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ প্রযুক্তি ব্যবহার করতে হবে।”

তিনি বলেন, “সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, বিশ্ববিদ্যালয় ও তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে কাজ করলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। একই সঙ্গে ২০৪১ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনেও বাংলাদেশ এগিয়ে যেতে পারবে।”