তৈরি পোশাক শ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় পাঁচটি শ্রমিক জোটের পক্ষ থেকে এ প্রস্তাব জমা দেওয়া হয়।
প্রস্তাবে মূল বেতন মোট মজুরির ৬০ শতাংশ, বাড়িভাড়া ৫০ শতাংশ এবং বার্ষিক বেতন বৃদ্ধির হার ১৫ শতাংশ নির্ধারণের কথা বলা হয়েছে। তবে মালিকপক্ষ এখনো তাদের প্রস্তাব চূড়ান্ত করতে পারেনি।
পাঁচটি শ্রমিক জোটের এই প্রস্তাবের সঙ্গে যুক্ত রয়েছে ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশন। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।
শ্রমিকপক্ষের প্রস্তাবে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন নির্ধারণের কথা বলা হয়েছে। পাশাপাশি বাড়িভাড়া ভাতা ৫০ শতাংশ এবং বার্ষিক বেতন বৃদ্ধির হার ১৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। শ্রমিক প্রতিনিধিদের মতে, মূল বেতনের অংশ কম হলে শ্রমিকেরা ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে অবসরকালীন বা চাকরি ছাড়ার সুবিধা থেকে তুলনামূলক কম অর্থ পান। এ কারণে মজুরি কাঠামোয় মূল বেতনের অংশ বাড়ানো প্রয়োজন।
নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে ১২টি বিষয় বিবেচনায় নেওয়ার প্রস্তাব করেছে শ্রমিক জোটগুলো। এর মধ্যে রয়েছে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, সরকারি বেতন কাঠামো এবং এশিয়ার বিভিন্ন দেশের ন্যূনতম মজুরি। বিশেষ করে ভারত, পাকিস্তান, কম্বোডিয়া ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া ডাইং ও নিটওয়্যার খাতের শ্রমিকদের জন্য আরও আটটি প্রস্তাব পরবর্তী সময়ে জমা দেওয়ার কথা জানিয়েছে শ্রমিক প্রতিনিধিরা।
মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিলেও মালিকপক্ষ এখনো নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করতে পারেনি। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক ও বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন চরচাকে বলেন, “কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে প্রস্তাব চূড়ান্ত করা হবে।”
এর আগে মালিকপক্ষের পক্ষ থেকে ব্যাংকঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা এবং অন্যান্য ব্যবসায়িক সুবিধাসহ ১১ দফা দাবি উত্থাপন করা হয়েছে। মালিকদের যুক্তি, শ্রমিকদের মজুরি বাড়ানোর পাশাপাশি শিল্পের উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।