Advertisement

এত সুবিধার পরও কেন বাড়ছে খেলাপি ঋণ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

এত সুবিধার পরও কেন বাড়ছে খেলাপি ঋণ
এত ছাড়ের পরও কমছে না খেলাপি ঋণ। উল্টো নতুন নতুন প্রতিষ্ঠানও খেলাপির তালিকায় যুক্ত হচ্ছে। এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

ব্যাংক খাতের খেলাপি ঋণ কমাতে একের পর এক বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নামমাত্র ডাউন পেমেন্টে ঋণ পুনঃতফসিল, ১৫ বছর পর্যন্ত পরিশোধের সময়, বিপুল অংকের সুদ মওকুফসহ নানা সুযোগ তৈরি করা হয়েছে ঋণখেলাপিদের জন্য। এমনকি আদালতের স্থগিতাদেশ থাকা ঋণের ক্ষেত্রেও নতুন করে ঋণ পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এত ছাড়ের পরও কমছে না খেলাপি ঋণ। উল্টো নতুন নতুন প্রতিষ্ঠানও খেলাপির তালিকায় যুক্ত হচ্ছে।

Advertisement

চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। অর্থনীতিবিদরা বলছেন, শুধু ঋণখেলাপিদের ছাড় দিয়ে এ সংকটের সমাধান সম্ভব নয়। বরং ঋণ আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং ব্যবসার অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি।

Advertisement

রাজনৈতিক প্রেক্ষাপট বদল ও পুরোনো দুর্বলতা

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। চলতি বছরের মার্চ শেষে তা বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। জুন শেষে আরও বেড়ে হয় ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সর্বশেষ সেপ্টেম্বর শেষে তা ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ গত বছরের ডিসেম্বরের তুলনায় নয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭০ হাজার ১৮৭ কোটি টাকা।

তবে খেলাপি ঋণের এই বৃদ্ধির পেছনে শুধু নতুন করে ঋণখেলাপি হওয়ার বিষয়টি কাজ করছে না। ব্যাংকাররা বলছেন, দীর্ঘদিন অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বিতরণ করা ঋণের প্রকৃত চিত্রও এখন সামনে আসছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক বড় ব্যবসায়ী গ্রুপের ঋণ নিয়মিত রাখা সম্ভব হয়নি। আগে এসব প্রতিষ্ঠানের ঋণের কিস্তি ও সুদ নিয়মিত জমা হলেও রাজনৈতিক পরিবর্তনের পর অর্থপ্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে এসব ঋণের বড় অংশ খেলাপি হয়ে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের একজন কর্মকর্তা চরচাকে বলেন, “আমাদের একটি শাখায় এস আলম গ্রুপ, বেক্সিমকো ও গাজী টায়ারের ঋণ রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের আগে এসব ঋণ নিয়মিত ছিল। কিন্তু ৫ আগস্টের পর প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নিয়মিত অর্থ আসা বন্ধ হয়ে যায়। ফলে ঋণগুলো খেলাপি বা মন্দ ঋণে পরিণত হয়েছে।”

আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে চরচাকে বলেন, “রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে ব্যবসার পরিবেশেও বড় ধরনের পরিবর্তন এসেছে। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক পরিচয় ও ঘনিষ্ঠতার ভিত্তিতে অনেক বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান সুবিধা পেয়েছে। সরকার পরিবর্তনের পর এসব প্রতিষ্ঠানের মালিকদের কেউ দেশ ছেড়েছেন, আবার কারও প্রতিষ্ঠান নানা কারণে বন্ধ হয়ে গেছে। এতে ব্যাংকের ঋণ আদায় বাধাগ্রস্ত হচ্ছে।”

ওই কর্মকর্তা আরও বলেন, “অন্তত ৪০ থেকে ৫০টি ভালো শিল্পপ্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর মালিক আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। রাজনৈতিক বাস্তবতায় এসব প্রতিষ্ঠানের অনেকগুলো বন্ধ হয়ে গেছে বা ব্যবসা চালাতে পারছে না। এগুলোও ধীরে ধীরে খেলাপি ঋণে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। শুধু ঋণ পুনঃতফসিল বা প্রণোদনা দিয়ে এ পরিস্থিতির সমাধান হবে না। বরং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক উদ্যোক্তার নিরাপদে ব্যবসা করার পরিবেশ নিশ্চিত করতে হবে।”

বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনেও ব্যাংক খাতের দুর্বল সুশাসন ও ঋণের প্রকৃত অবস্থা গোপন রাখার বিষয়টি উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ঋণ শ্রেণিকরণের নিয়ম কঠোর করার পাশাপাশি পুরোনো অনিয়মের প্রকৃত চিত্র সামনে আসায় খেলাপি ঋণের অনুপাত দ্রুত বেড়েছে। ফলে বর্তমান পরিসংখ্যানকে কেবল নতুন করে ঋণখেলাপি হওয়ার ফল হিসেবে দেখার সুযোগ নেই।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরও মনে করেন, ব্যাংক খাতের এই সংকট কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে। তিনি চরচাকে বলেন, “খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশের পর তা কমিয়ে স্বাভাবিক পর্যায়ে আনতে অন্তত ৮ থেকে ১০ বছর সময় প্রয়োজন। সুশাসন প্রতিষ্ঠা, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা এবং জবাবদিহি নিশ্চিত না হলে খেলাপি ঋণ কমবে না। এর জন্য সরকারকে কঠোর হতে হবে।”

সুবিধা বাড়িয়ে লাভ কতটা হচ্ছে?

খেলাপি ঋণ আদায়ে গত কয়েক বছরে একাধিকবার নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ২০১৩ সালে ঋণ পুনঃতফসিলের নিয়ম সহজ করা হয়। এরপর ২০১৫ ও ২০১৮ সালে মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ নিয়মিত ও পুনর্গঠনের সুযোগ দেওয়া হয়েছিল। করোনা মহামারির সময় ২০২০ সালে কিস্তি পরিশোধ না করেও ঋণ নিয়মিত দেখানোর সুযোগ পান গ্রাহকেরা। পরবর্তী সময়ে ২০২১ সালে নির্ধারিত কিস্তির ১৫ শতাংশ এবং ২০২২ ও ২০২৩ সালে অর্ধেক পরিশোধ করেই ঋণ নিয়মিত রাখার সুযোগ দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়েও খেলাপি ঋণ কমাতে বিশেষ সুবিধা দেওয়া অব্যাহত থাকে। ২০২৫ সালের সেপ্টেম্বরে বিশেষ বিবেচনায় ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিলের জন্য ২ শতাংশ ডাউন পেমেন্টে সর্বোচ্চ ১০ বছর সময় দেওয়ার নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এর সঙ্গে সর্বোচ্চ দুই বছর গ্রেস পিরিয়ডের সুবিধাও রাখা হয়।

পরবর্তী সময়ে বড় অঙ্কের ঋণগ্রহীতাদের জন্য সুবিধা আরও বাড়ানো হয়। গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনা অনুযায়ী, এক হাজার কোটি টাকার বেশি ঋণ রয়েছে এমন প্রতিষ্ঠান সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত ঋণ পুনঃতফসিলের সুযোগ পাবে। এর মধ্যে দুই বছর গ্রেস পিরিয়ড। অপেক্ষাকৃত কম অঙ্কের ঋণগ্রহীতাদের জন্য সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সময় রাখার ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া খেলাপি ঋণের ওপর আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ, মাত্র ১ শতাংশ ডাউন পেমেন্টে পুনঃতফসিল এবং তহবিল ব্যবস্থাপনা ব্যয় শিথিলের মতো সুবিধাও দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে সুদ মওকুফের সুযোগ রাখা হয়েছে। এমনকি আদালতের স্থগিতাদেশ থাকা ঋণগ্রহীতাদের জন্যও বিশেষ তহবিল থেকে নতুন অর্থায়নের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

শুধু নীতিমালা জারি করেই দায়িত্ব শেষ করেনি কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকেরা নিজে আবেদন না করলে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তাঁদের সঙ্গে যোগাযোগ করে এসব সুবিধা নিতে উৎসাহিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। ফলে ঋণ আদায়ের জন্য ব্যাংকের পক্ষ থেকে চাপ তৈরির পরিবর্তে খেলাপি গ্রাহকদের সুবিধা গ্রহণে আগ্রহী করার প্রবণতা তৈরি হয়েছে।

এ বিষয়ে অর্থনীতিবিদদেরও উদ্বেগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান চরচাকে বলেন, “রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবশালী ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করা উচিত নয়। খেলাপি ঋণ ব্যাংক খাতের জন্য বড় বোঝা হয়ে উঠেছে। প্রভাবশালী ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে এ সংস্কৃতি বন্ধ করা কঠিন। এখন শুধু আইন বাস্তবায়ন করতে হবে এবং কঠোরভাবে।”

ছাড়ের সংস্কৃতিতেই কি সর্বনাশ?

অর্থনীতিবিদদের একটি বড় অংশ মনে করেন, বারবার ঋণ পুনঃতফসিল ও সুদ মওকুফের সুযোগ দেওয়ার ফলে ঋণ পরিশোধ না করার প্রবণতা উৎসাহিত হচ্ছে। কারণ, নিয়মিত ঋণ পরিশোধকারী একজন উদ্যোক্তাকে ব্যাংকের নির্ধারিত শর্ত মেনেই ব্যবসা পরিচালনা করতে হয়। অন্যদিকে দীর্ঘদিন ঋণ পরিশোধ না করা গ্রাহক পরবর্তী সময়ে বিশেষ সুবিধা পেয়ে যাচ্ছেন। এতে নিয়মিত ঋণগ্রহীতাদের মধ্যে একধরনের বৈষম্য তৈরি হচ্ছে।

সেলিম রায়হান আরও বলেন, “প্রভাবশালী ব্যক্তিরা ঋণখেলাপির সুবিধা নিয়ে পার পেয়ে গেলে ব্যাংক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। শুধু নীতিমালা পরিবর্তন করে খেলাপি ঋণের সমস্যার সমাধান হবে না।”

তবে বাংলাদেশ ব্যাংকের বর্তমান মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান চরচাকে বলেন, “প্রকৃত উদ্যোক্তাদের ঋণ পুনঃতফসিল ও অন্যান্য সুবিধা কার্যকর হতে কিছুটা সময় লাগছে। কয়েকটি ব্যাংক ইতোমধ্যে সুবিধা অনুমোদন করেছে, আবার কয়েকটি ব্যাংকে তা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। ডিসেম্বরের পর প্রকৃত উদ্যোক্তারা ঋণ নিয়মিত করতে পারলে খেলাপি ঋণ কমতে শুরু করবে বলে আশা করছি।”

খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলোর প্রয়োজনীয় সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণের পরিস্থিতিও উদ্বেগজনক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা। অর্থাৎ প্রয়োজনীয় সঞ্চিতি রাখতে না পারায় ব্যাংকগুলোর বড় ঘাটতি তৈরি হয়েছে। এতে ব্যাংকের আর্থিক সক্ষমতা ও আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।

অর্থনীতিবিদরা বলছেন, খেলাপি ঋণ কমানোর ক্ষেত্রে সব গ্রাহককে একইভাবে বিবেচনা করা ঠিক হবে না। রাজনৈতিক প্রভাব, জালিয়াতি কিংবা অর্থ আত্মসাতের মাধ্যমে যাঁরা ঋণ নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে প্রকৃত ব্যবসায়িক ক্ষতি, রাজনৈতিক পরিবর্তন কিংবা নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে যাঁরা ঋণ পরিশোধ করতে পারছেন না, তাঁদের জন্য যৌক্তিক সহায়তা প্রয়োজন।