Advertisement

বনের বাঘে খাওয়ার আগে মনের বাঘেই কাবু বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

বনের বাঘে খাওয়ার আগে মনের বাঘেই কাবু বাংলাদেশ
আরও একবার বাংলাদেশের ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ। ছবি: বিসিবি

সুপার স্পোর্টস পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল এমন একটা বিব্রতকর রেকর্ড করেছে, যেটা দীর্ঘ ইতিহাসে কোনো সফরকারী দলই গড়তে পারেনি। টেস্টে এই ভেন্যুতে সর্বনিম্ন দলীয় রানের ইনিংসটা এখন বাংলাদেশের দখলে। দক্ষিণ আফ্রিকার সাঁড়াশি পেস আক্রমণের সামনে মাত্র ৯১ রানেই বাংলাদেশ গুটিয়ে গেছে নাজমুল-লিটনদের প্রথম ইনিংস।

Advertisement

পেস এবং বাউন্সি উইকেটে দক্ষিণ আফ্রিকা যখন চারজন পেসার নিয়ে একাদশ সাজিয়েছিল, তখনই একটা ধারণা পাওয়া যাচ্ছিল, গতি দিয়েই বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে পরীক্ষায় ফেলতে চায় দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের তুলনামূলক ব্যাটিং সহায়ক উইকেট থাকায় বাংলাদেশ যে সুবিধাটা পেয়েছিল, সেটা কমিয়ে দেওয়ার জন্যই তারা আনরিখ নর্কিয়ার মতো একজন গতিময় বোলারকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশকে মানসিকভাবে চাপে রাখার চেষ্টা করেছিল।

আর প্রথম সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার যখন টস হলো, তাতেও জিতেছে দক্ষিণ আফ্রিকা। জিতে তারা নিয়েছে বোলিং, তা-ই নেওয়ার কথা! এরপর বাংলাদেশের ইনিংস শুরু হতেই দেখা গেল, এই উইকেটে, বৃষ্টিভেজা কন্ডিশনে, রাবাদা-ইয়ানসেন-নর্কিয়াদের সামলানোর ভীতিটাই সম্ভবত ব্যাটসম্যানদের মানসিকভাবে ভেঙে দিয়েছে। আর সেই কারণেই তানজিদ হাসান তামিম টানা তৃতীয় ইনিংসে অফ স্টাম্প চ্যানেলের বাইরে ডেলিভারিতে আউট হয়ে গেলেন, সেই রাবাদার বলেই।

বাংলাদেশের জন্য এই টেস্টে নতুন আতঙ্ক নর্কিয়া। রাবাদা তো আগেই ছিলেন, কিন্তু নর্কিয়ার অন্তর্ভুক্তিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা রীতিমতো নাস্তানাবুদ হয়েছেন। রান করা তো পরের হিসাব, টিকে থাকার লড়াইয়েই ফেলটুশ!

Advertisement

এবার ত্রাণকর্তা হতে পারেননি তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি
এবার ত্রাণকর্তা হতে পারেননি তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি

নর্কিয়া আক্রমণে এলেই ব্যাটসম্যানরা যেরকম তটস্থ হয়ে যাচ্ছিলেন, তাতে মনে হচ্ছিল, কাকে ছেড়ে কার বল খেলি! প্রায় প্রত্যেকেই দ্বিধাদ্বন্দ্ব থেকেই আউট হয়েছেন। পাশাপাশি টেকনিকের পুরনো দুর্বলতাও তো ছিলই। প্রয়োজন ছিল লড়াই করার তাড়ণা দেখানো, একটু আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করা। কিন্তু কেউই সেটা দেখাতে পারেননি।

মার্কো ইয়ানসেনের বেরিয়ে যাওয়া ডেলিভারিতে আরও একবার উইকেট বিলিয়ে দেন তানজিদ হাসান। এরপর নবাগত মাহফুজুল ইসলাম রবিন ২২ রান করেছেন। তবে স্কোরকার্ড যেটা বলবে না, তা হলো এর সিংহভাগ রান এসেছে ভাগ্যের স্পর্শে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের মতো তার এই ইনিংসেও অধিকাংশ রানই এসেছে আউটসাইড এজ হয়ে। অর্থাৎ তিনি কখনোই স্বাচ্ছন্দ্যের সঙ্গে রান করতে পারেননি।

তিনে টেস্ট স্পেশালিস্ট মুমিনুল প্রথম টেস্টের পর ভীষণ চাপে থাকলেও দ্বিতীয় টেস্টে তাকে বাংলাদেশের দল একাদশে রেখেছে। সেই আস্থার প্রতিদান তিনি একেবারেই দিতে পারেননি। দক্ষিণ আফ্রিকার মাটিতে কমপক্ষে দশ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে সর্বনিম্ন রানের সর্বনিম্ন গড়ের রেকর্ডটি আগেই তার। সেই ধারায় আরও একবার ব্যর্থ হয়েছেন। মাটি কামড়ে অনেকক্ষণ ক্রিজে টিকে থাকলেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। এই ধরনের পেস এবং বাউন্সি উইকেটে টিকে যাওয়ার টেকনিক প্রয়োজন তার, সেটা এত বছরেও যে রপ্ত করতে পারেননি!

ক্রিজে গিয়ে নর্কিয়ার প্রথম বলেই চার মেরে দিয়েছিলেন অধিনায়ক নাজমুল। তবে পরের বলেই বোল্ড। ব্যাট এবং ব্যাটের ফাঁক গলে তিনি বোল্ড হয়েছেন। আর এর প্রতিক্রিয়া ছিল দৃষ্টিকটু। নাজমুল হোসেন শান্তর টেকনিকের যে সমস্যাটা, বিশেষ করে বাউন্সি উইকেটে অফ স্টাম্প চ্যানেল বা ভেতরে ঢোকানো ডেলিভারিতে, সেটা বেশ পুরনো। দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ইনিংসেই সেটা চোখে পড়ল।

তাওহীদ হৃদয় কিছুটা কাউন্টার অ্যাটাকের চেষ্টা করেছিলেন। পেসারদের বিপক্ষে রান করার সুযোগ কম বলেই চেয়েছিলেন স্পিনার সাইমন হারমারকে আক্রমণ করে কিছু রান বের করার তাগিদ দেখা গেল তার মধ্যে। হারমারের এক ওভারে চার ও ছক্কা মারার পরই তিনি আউট হয়ে যান। তাতে বাংলাদেশের বড় সংগ্রহ করার শেষ আশাটুকু শেষ হয়ে যায়।

অন্যদের হতাশার দিনে লিটন দাসও বাজে শটে আউট হয়েছেন। আর মুশফিকুর রহিমের ইনজুরিতে সুযোগ পাওয়া জাকের আলি ২০ বল টিকতে পেরেছিলেন সাকুল্যে। এরপর চার বোলারের ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকে সামান্যই।

তবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য কাজটা কিছুটা কঠিন করার চ্যালেঞ্জও তারা ছুড়ে দিতে পারেননি। ফলে ১ উইকেট হারালেও ওভারপ্রতি ৫.১৩ রান করে তুলে ৮৮ রান তুলে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।

প্রথম দিন শেষেই তাই এই টেস্টে বিশাল হারের শঙ্কায় বাংলাদেশ। আর যথারীতি সেই দায় ব্যাটসম্যানদেরই। বোলাররাই কি তাহলে এখন লড়বেন সম্মানজনক পরাজয় আদায়ের জন্য?