Advertisement

খাজার আত্মজীবনী নিয়ে কেন অস্ট্রেলিয়ান ক্রিকেটে তোলপাড়?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

খাজার আত্মজীবনী নিয়ে কেন অস্ট্রেলিয়ান ক্রিকেটে তোলপাড়?
উসমান খাজার আত্মজীবনী 'সাবার'। ছবি: সংগৃহীত

ক্রিকেট বিশ্বে যেন একটা ঝড়ই বয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা। তার প্রকাশিত আত্মজীবনী ‘সাবার’, যা সম্প্রতি প্রকাশিত হয়েছে, সেখানে আট বছর আগে ঘটে যাওয়া আলোচিত স্যান্ডপেপার কেলেঙ্কারিকে নতুনভাবে তুলে ধরেছেন। আর সেখানে অনেক অপ্রকাশিত সত্যই সামনে এনেছেন খাজা। তার এই বই বিশ্ব ক্রিকেটকেও নতুন করে একটা ভাবনার খোরাক জুগিয়েছে যে আসলে কী হয়েছিল ২০১৮ সালে? স্মিথ-ওয়ার্নারদের কি বলির পাঠা বানানো হয়েছিল?

Advertisement

এই কিছুদিন আগেও যখন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল, তখনও ২০১৮ সালের কুখ্যাত বল টেম্পারিংয়ের বিষয়টি নতুন করে হাওয়া পেয়েছিল। সেই সময়ের অধিনায়ক স্টিভেন স্মিথকে প্রকাশ্যে প্রতারক বলেছেন দর্শকরা। প্রতি ম্যাচেই দক্ষিণ আফ্রিকার সমর্থকরা প্রতি মুহূর্তে তাকে অপমান করতে ছাড়েননি সেই ঘটনার রেশ ধরে। মূলত এক বছরের নিষেধাজ্ঞা থেকে ক্রিকেটে ফেরার পর থেকেই প্রতিপক্ষের দর্শকদের কাছ থেকে এই ধরনের আচরণের শিকার হচ্ছেন স্মিথ।

Advertisement
নিজের শেষ টেস্টে স্টিভ স্মিথের (বাম থেকে দ্বিতীয়) সঙ্গে উসমান খাজা। ছবি: ফেসবুক
নিজের শেষ টেস্টে স্টিভ স্মিথের (বাম থেকে দ্বিতীয়) সঙ্গে উসমান খাজা। ছবি: ফেসবুক

তবে খাজা তার আত্মজীবনীতে দাবি করেছেন, সেই ঘটনার জন্য স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রাফটকে স্রেফ বলির পাঠা বানানো হয়েছে। কেননা, অস্ট্রেলিয়া দলের সব সদস্যই নাকি এই ঘটনার ব্যাপারে অবগত ছিলেন। বাঁহাতি এই ব্যাটসম্যান স্পষ্ট করে বলেছেন, দলের বোলার যারা ছিলেন, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, নাথান লায়ন এবং অলরাউন্ডার মিচেল মার্শরা সবাই রিভার্স সুইং কীভাবে করানো যায় এবং এটার জন্য স্যান্ডপেপার দিয়ে কীভাবে বল টেম্পারিং করতে হয়, এই ব্যাপারে অবগত ছিলেন।

আর স্মিথ নাকি শুরু থেকেই এটার বিরুদ্ধে ছিলেন। তবুও অধিনায়ক হিসেবে সব দায় নিয়ে সরে দাঁড়ান তিনি আর মেনে নেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের দেওয়া শাস্তিও। খাজা স্মিথকে বলেছিলেন সত্যটা তুলে ধরার জন্য। তবে অভিজ্ঞ এই ক্রিকেটার অধিনায়ক হিসেবে সব দায় নেওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন।

খাজার দাবি, তিনি ২০২০ সালেই একবার সিদ্ধান্ত নিয়েছিলেন এই ঘটনাটি পুরো বিশ্বের সামনে তুলে ধরবেন। কিন্তু সেই সময় তাকে তার ছোটবেলার বন্ধু ও সাবেক ওপেনার ওয়ার্নার বাধা দিয়েছিলেন। ২০২২ সালেও নাকি তিনি একবার চেষ্টা করেছিলেন সেঞ্চুরিয়নের সেই বল টেম্পারিংয়ের সত্য তুলে ধরার জন্য।

তবে পারিপার্শ্বিক বাস্তবতা, নিজের ক্রিকেটীয় ক্যারিয়ার এবং সর্বোপরি সেই সময় যেহেতু ওয়ার্নার এবং স্মিথ জাতীয় দলে খেলা চালিয়ে যাচ্ছিলেন, আর সামনে ছিল অ্যাশেজ ও বিশ্বকাপ, তাই তিনি মুখ খুলতে চাননি।

আর তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর এই বিষয়টি পুরো বিশ্বের সামনে তুলে ধরা সঠিক সময় বলে মনে হয়েছিল খাজার কাছে। আত্মজীবনীতে একেবারে আদ্যোপান্ত তুলে ধরেছেন সেই ঘটনার, যেখানে এমন কিছু বিষয় তিনি টেনে এনেছেন, যা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটকে।

যে বই নিয়ে তোলপাড় অস্ট্রেলিয়ান ক্রিকেট। ছবি: ফেসবুক
যে বই নিয়ে তোলপাড় অস্ট্রেলিয়ান ক্রিকেট। ছবি: ফেসবুক

খাজা তার নিজের বই ও বিভিন্ন সাক্ষাৎকারে দাবি করেছেন, জেনেবুঝেই সবাই জড়িত থাকলেও তিনজনের ওপর দোষ চাপিয়ে দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডই নাকি বোলারদের রক্ষা করতে গিয়ে এমনটা করেছে।

আর অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স সংবাদ সম্মেলন করে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, এই বল টেম্পারিংয়ের ব্যাপারে যে স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল, সেখানে তাদের কোনো হাত নেই। তারা জানতেনও না যে বল এভাবে টেম্পারিং করা হচ্ছে। বরং তার অভিযোগ, খাজা এসব কথা বলে সাবেক সতীর্থদের সারাজীবনের জন্য বিপদে ফেলার চেষ্টা করছেন।

এই ঘটনায় টুইস্ট যোগ করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তিনি একটি পডকাস্টে বলেছেন, একটা বল হাতে নিলে বোলাররা প্রথমেই বুঝতে পারেন যে এখানে কিছু করা হয়েছে কি না। কারণ, তাদের কাজটাই হচ্ছে রিভার্স সুইং করা। আর রিভার্স সুইংয়ের ক্ষেত্রে বলের একটু পরিবর্তন হলেই কাজ ঠিকঠাকভাবে হবে না। তাই কোনো বল যদি কেউ টেম্পারিং করে থাকে, এরপর সবাইকে দলের বলে দেওয়া হয়, এইখানে যে কেউ হাত না দেয় এবং এখানে যাতে তেমন কিছু না করা হয়। অর্থাৎ বল টেম্পারিং কেবলমাত্র একজন চাইলেন আর স্যান্ডপেপার বা কোনো কিছু দিয়ে করে ফেললেন, ব্যাপারটা এত সহজ নয়।

মুখ খুলেছেন ক্যামেরন বেনক্রাফটও। ছবি: রয়টার্স
মুখ খুলেছেন ক্যামেরন বেনক্রাফটও। ছবি: রয়টার্স

বেনক্রাফটও সবশেষ তার একটি কলামে এটাই বলতে চেয়েছেন। তার দাবি, সেই সময় অস্ট্রেলিয়া দলে তিনি নতুন ছিলেন। আর একজন নতুন খেলোয়াড়ের জন্য দলে টিকে থাকতে, বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো একটা দলে, অনেক কিছুই করতে হয়। ব্যাট হাতে পারফরম্যান্সের পাশাপাশি তাই তার কাছে মনে হয়েছিল, জুনিয়র হিসেবে তাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে বল টেম্পারিং করার জন্য, সেটা তার লুফে নেওয়া উচিত।

বোলাররা যদি বাড়তি রিভার্স সুইং পান, তাতে দলের ভালো হবে। সেই দায়িত্ব পালনের জায়গা থেকেই বেনক্রাফট স্যান্ডপেপার নিয়েছিলেন। স্যান্ডপেপারের মতো একটা জিনিস ক্রিকেট বলকে যে এতটা পরিবর্তন করতে পারে, সেটা দেখে তিনি নাকি বিস্মিত হয়ে গিয়েছিলেন। পাশাপাশি তিনি এটাও বলেছিলেন যে সেই সিরিজে মিচেল মার্শ, যিনি মূলত একজন অলরাউন্ডার, তিনিও যেভাবে রিভার্স সুইং পাচ্ছিলেন এবং উইকেট পাচ্ছিলেন, এর পর নাকি উদযাপনের সময় সবাই তাকে খুব বাহবা দিয়েছিলেন।

তবে খাজার মতো অধিনায়ক স্মিথকে বেনক্রাফট সমর্থন দিয়েছেন। স্মিথ নাকি সরাসরি বেনক্রাফটকে বলেছিলেন, আমি এই ব্যাপারে কিছু জানতে চাই না। তবে বাকি দশজনের পুরোপুরিভাবে এখানে সম্মতি ছিল।

বেনক্রাফট আরও লিখেছেন, এই স্যান্ডপেপার ব্যবহার করে সফলতার কারণে দলের যে বোলিং গ্রুপটা আছে, তারা সবাই তার ওপর খুব খুশি ছিল। অথচ সেই ঘটনার পর বিবৃতি দিয়ে অস্ট্রেলিয়ার বোলাররা বলে দিয়েছিলেন, তারা এই ব্যাপারে কিছু জানেন না।

খাজা, বেনক্রাফট এবং সবশেষ ওয়ার্নারও বলেছেন, যে তিনজনকে শাস্তি দেওয়া হয়েছিল, তাদের দায় ছিল সবচেয়ে কম। যাদের জন্য বল টেম্পারিং করা হচ্ছিল, তারা অতীতের মতো এখনও পর্দার আড়ালেই থেকে যাচ্ছেন।

তারা মনে করছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড কোনোভাবেই ২০১৮ সালের সেই ঘটনা এড়িয়ে যেতে পারবে না। কারণ, অন্যায়ভাবে তিনজন ক্রিকেটারকে তারা সেই সময়ে বলি দিয়েছে। যে শাস্তিটা পুরো দলকে দেওয়া উচিত ছিল, না হলে বোলারদের দেওয়া উচিত ছিল, তা দেওয়া হয়েছিল ব্যাটসম্যানদের। যে কাজটা মূলত করা হয়েছে বোলারদের সুবিধার জন্য, অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়া সেই বোলারদের এখনও রক্ষা করে চলেছে।

তবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বলে দিয়েছে, তারা এটা নিয়ে নতুন করে তদন্ত করবে না। অস্ট্রেলিয়ান মিডিয়াতে অবশ্য দাবি উঠছে অধিনায়কের পদ থেকে প্যাট কামিন্সের সরে দাঁড়ানোর। তাদের যুক্তি, স্মিথ যদি অপরাধ না করেও অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হন, তাহলে কামিন্স, যিনি সরাসরি স্যান্ডপেপার কাণ্ডে জড়িত থাকলেও এখনও অস্বীকার করে যাচ্ছেন, তারও অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত।

খাজার এক বই মাঠের বাইরের বিষয়ে তাই রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। এই ঝড় সামলে কামিন্স কি পারবেন অধিনায়কত্ব টিকিয়ে রাখতে? নাকি সামনে অপেক্ষা করছে আরও কিছু স্যান্ডপেপার কেলেঙ্কারির পেছনের গল্প? নাকি বইয়ের বিক্রি বাড়াতেই গুরুতর অভিযোগের গল্প বলছেন খাজা?