সিলেট টেস্টের চতুর্থ দিনের একটি পর্যায়ে লিটন দাস উইকেটকিপিং করার সময় স্ট্যান্স বদলে অনেকটা লেগ সাইডের দিকে চলে যান। কারণ, তাইজুল ইসলাম টানা লেগ সাইডে বোলিং করছিলেন। লিটনকেও তাই বাধ্য হয়ে তার নিয়মিত পজিশন থেকে সরে দাঁড়াতে হয়।
সিলেট টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বোলিংয়ের সামগ্রিক চিত্র যেন এখান থেকেই স্পষ্ট হয়ে ওঠে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের দেদারসে রান বিলিয়ে গেছেন বোলাররা। আর এমন সাদামাটা বোলিংয়ের সুযোগ নিয়ে বড় লিড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ, বলতে গেলে এই ম্যাচ থেকে বাংলাদেশকে ছিটকে দেওয়ার কাজটাও সেরে ফেলেছে।
হঠাৎ দেশের মাটিতেও বাংলাদেশের বোলিংয়ের অবস্থা এতটা করুণ কীভাবে হয়ে গেল? পেস-স্পিন সব বিভাগেই বাংলাদেশ এই পুরো সিরিজে যেভাবে বোলিং করছে, সেটা যেন নাহিদ রানার অনুপস্থিতির কথা বারবার মনে করিয়ে দিচ্ছে।
চোট পেয়ে মাঠের বাইরে আছেন পেসার নাহিদ রানা। ছবি: বিসিবি
নাহিদের নামটা এই বছরে বাংলাদেশের জন্য অন্তত টেস্ট ক্রিকেটে একটা আক্ষেপই হয়ে থাকছে। কেননা, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে নতুন একটা জাগরণ হচ্ছে, বোলিংয়ে তার একেবারে অগ্রণী সেনানীই বলা যায় নাহিদকে। অনেকে তাকে এই মুহূর্তে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনও বলেন। গত দুই বছরে বাংলাদেশের পেসারদের মধ্যে উইকেট নেওয়ার হারে সবচেয়ে ভালোও করেছেন নাহিদই - ৭ ম্যাচে ২৪ উইকেট। হাসান মাহমুদ ৩৬ উইকেট নিলেও সেটা করেছেন ১২ ম্যাচে।
সেই নাহিদ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বিতর্কিত ইস্যুতে জিম্বাবুয়ে সফরে চোট পান এবং এরপর অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যান। তখনই অনেকে আশঙ্কা করছিলেন, হয়তো অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ বড় সমস্যায় পড়তে পারে।
তবে ডারউইন টেস্টে অন্য পেসাররা - বিশেষ করে হাসান - ভালো করেছিলেন বলে বাংলাদেশ জিততে পেরেছিল। কিন্তু এরপর থেকে বাংলাদেশের ক্রিকেটে যেন শনির দশা নেমে এসেছে। এর পেছনে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলিংয়ে বাংলাদেশের যে অবিশ্বাস্য অবনতি হয়েছে, সেটাই মূলত দায়ী। অস্ট্রেলিয়াকে হারানোর পর থেকে কোনো ফরম্যাটেই আর একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ।
টেস্টে নাহিদের অনুপস্থিতি বাংলাদেশ ভালোভাবে টের পায় আফগানিস্তানের বিপক্ষে, সংযুক্ত আরব আমিরাতে। সে ম্যাচে ১৪২ ওভার বোলিং করেও আফগানিস্তানকে অলআউট করতে পারেনি বাংলাদেশ। কারণ, ওই টেস্টে পঞ্চম দিনেও বোলারদের জন্য কোনো সহায়তা ছিল না। ক্রিকেটীয় ভাষায় যাকে বলে ‘পাটা উইকেট’।
সিলেট টেস্টের চতুর্থ দিনে মাত্র ৩ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। ছবি: বিসিবি
অমন উইকেটে বাংলাদেশের দরকার ছিল নাহিদের মতো ‘হিট দ্য ডেক’ বোলার, যিনি প্রাণহীন উইকেটে প্রাণের সঞ্চার করতে পারেন। এমন ‘এনফোর্সার’ বোলাররা গতির ঝড় তুলে একটি স্পেলেই প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামাতে পারেন।
এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টেও নাহিদের না থাকাটা বাংলাদেশ দলকে ভুগিয়েছে। স্পিন উইকেট বানিয়ে বাংলাদেশ খেলেছিল দুই পেসার নিয়ে। হাসান মাহমুদ ও শরীফুল ইসলামকে একাদশে রেখে তৈরি করা হয় স্পিন উইকেট। ফলে তাদের ভূমিকা ছিল অনেকটা সহায়কের মতো।
সিলেট টেস্টে বাংলাদেশ দুই পেসার এবং তিন স্পিনার নিয়ে খেলতে নামার পর এটা অনেকটাই প্রমাণিত হয়ে যায়, নাহিদ না থাকার কারণে বাংলাদেশের গোটা বোলিং লাইনআপটাই বিশৃঙ্খল হয়ে গেছে। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে অধিনায়ক, সবারই হঠাৎ করে যেন পেসারদের ওপর আস্থা অনেকটাই কমে গেছে।
সেটা না হলে সিলেটের যে উইকেটে সবসময় তিনজন পেসার খেলানো একেবারে আবশ্যকীয় মনে হতো, সেখানে বাংলাদেশ অবিশ্বাস্যভাবে কেন মাত্র দুই পেসার নিয়েছে?
নাহিদ না থাকার প্রভাব পড়ছে হাসানের ওপরও। হাসান কাউন্টি ক্রিকেট খেলে আসার পর অস্ট্রেলিয়া সফর, আফগানিস্তান টেস্ট, এশিয়ান গেমসের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টেও ক্লান্তিহীনভাবে খেলে যাচ্ছেন। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে খুব একটা নজর না দিয়ে তাকে টানা খেলিয়ে যাওয়ার একটাই কারণ, নাহিদ নেই। তাই হাসানকে নিতে হচ্ছে বাড়তি দায়িত্ব।
টানা ৫টি টেস্ট খেলছেন হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজেও হাসানকে বাংলাদেশের প্রয়োজন হবে। অর্থাৎ, নাহিদ দলের বাইরে থাকায় হাসানের ওপর অতিরিক্ত চাপ দিতে বাধ্য হচ্ছে বাংলাদেশ। অন্য পেসারদের কারোরই নাহিদের মতো গতি নেই। হাসানের গতি না থাকলেও যে ছোট ছোট সুইং এবং অন্যান্য স্কিল রয়েছে, সেটারও ঘাটতি রয়েছে অন্যদের মধ্যে।
তাসকিন, ইবাদত আহমেদ, খালেদ আহমেদ, শরীফুল ইসলামদের আবার বাংলাদেশ খেলাচ্ছে বিশ্রাম দিয়ে। এর মধ্যে খালেদ বাংলাদেশের শেষ চারটি টেস্টে খেলারই সুযোগ পাননি। হাসানকে এক ম্যাচ বিশ্রাম দিয়ে খালেদের মতো আরেক ‘হিট দ্য ডেক’ বোলারকে কেন অন্তত একটা ম্যাচ খেলায়নি বাংলাদেশ, এটা একটা প্রশ্ন বটে!
পেসারদের ওপর অনাস্থার কারণেই হোক বা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লোভেই হোক, বাংলাদেশ দল স্পিনারদের ওপরই ভরসা করেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। তবে তারা ভীষণভাবে দলকে হতাশ করেছেন, বিশেষ করে দুই অভিজ্ঞ স্পিনার মিরাজ ও তাইজুল ইসলাম। বিক্ষিপ্ত কিছু স্পেল ছাড়া দুই ম্যাচেই যেরকম নির্বিষ, সাদামাটা ও অনিয়ন্ত্রিত বোলিং করেছেন দুজন, সেটা ওয়েস্ট ইন্ডিজকে বারবার ভালো জায়গায় নিয়ে গেছে।
আর তাই প্রথম ইনিংসে হাসান ৬ উইকেট নেওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজ সাড়ে তিন শ-র বেশি রান করে ফেলে। তিন স্পিনার মিলে নিয়েছেন মাত্র দুই উইকেট। নাঈম হাসান দলে থাকলেও অধিনায়ক তাকে না পারতে বল দেওয়ার চিন্তাই করতে চাননি।
আরেক পেসার তাসকিনের কাছ থেকেও অধিনায়ক নাজমুল হোসেন তেমন সাহায্য পাচ্ছেন না। বয়সের সঙ্গে সঙ্গে তাসকিনের গতি অনেকটাই কমে গেছে। এখন তিনি নিয়মিত ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগেও বোলিং করতে পারেন না। ফলে লাইন-লেংথ ভালো থাকলেও গতির অভাবে ক্রমেই ধারহীন হয়ে যাচ্ছে তাসকিনের বোলিং।
তাই এটা বলাই যায়, নাহিদ নেই বলে বোলিং লাইনআপের শক্তি এতটাই কমে গেছে যে, এখন ঘরের মাটিতে প্রতিপক্ষের বিশটি উইকেট নেওয়ার মতো সামর্থ্যও যেন হারিয়ে ফেলেছে বাংলাদেশ দল। হাসান তার সর্বোচ্চটা দিয়েও তাই পারছেন না ত্রাতা হতে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষের আগেই তাই প্রশ্ন এটাই, দক্ষিণ আফ্রিকার মাটিতে কে নেবেন নাহিদের জায়গা? বাংলাদেশ কি পারবে গতিময় এই পেসারকে ছাড়া একটা ম্যাচ জিততে - অন্তত লড়াই করতে?