যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধ থামার সম্ভাবনা নিয়ে এই সপ্তাহে কিছুটা আশার আলো দেখা গেছে। সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে এমন আশঙ্কায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা দুই পক্ষকে একটি চুক্তিতে আনার জোর প্রচেষ্টা চালাচ্ছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে নতুন হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো—ইরানের হামলা চালানোর সক্ষমতা এবং প্রতিপক্ষের আক্রমণ আগে থেকেই টের পেয়ে নিখুঁতভাবে তার জবাব দেওয়ার ক্ষমতা। আর এই সক্ষমতা অর্জনে ইরানকে সম্ভবত সামরিক মানের রুশ জিওস্পেশাল এবং সিগন্যাল ইন্টেলিজেন্স তথ্য দিয়ে সহায়তা করা হয়েছে। এমনটাই মনে করছেন, কিংস কলেজ ওয়ার স্টাডিজ ডিপার্টমেন্টের সিনিয়র ফেলো এবং মাল্টিডোমেন ইন্টেলিজেন্স ফিউশন প্ল্যাটফর্ম ‘প্রজেক্ট অরোরা জিওসিগন্যাল ম্যাসিন্ট সিস্টেম’-এর প্রতিষ্ঠাতা নওয়াফ ওবায়েদ।
সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাতে লেখা এক নিবন্ধে তিনি এ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।
এর আগে ‘প্রজেক্ট অরোরা’ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এটি এমন একটি গোয়েন্দা ব্যবস্থা যা কোনো নির্দিষ্ট ভূ-রাজনৈতিক সংঘাত, সামরিক প্রস্তুতি বা কৌশলগত পরিবর্তনের পূর্বাভাস দিতে এবং তা নিখুঁতভাবে বিশ্লেষণ করতে কাজ করে। এই জিওসিগন্যাল ম্যাসিন্ট সিস্টেম ব্যবহার করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং ভূ-রাজনৈতিক ঝুঁকির মুখে থাকা সংস্থাগুলোকে রিয়েল-টাইমে কৌশলগত সতর্কতা ও মূল্যায়ন করা যায়।
‘প্রজেক্ট অরোরা’ গত আট মাস ধরে সেটি রাশিয়ার গুপ্তচর স্যাটেলাইটের গতিবিধি পর্যবেক্ষণ করছে। এর মাধ্যমে ‘কসমস-২৬০০’ সিরিজের অন্তত ২০টি রুশ মহাকাশযান শনাক্ত করা গেছে, যার মধ্যে ১৮টিকে নিয়মিত ট্র্যাক করা সম্ভব হচ্ছে।
নওয়াফ এই নির্দিষ্ট স্যাটেলাইটগুলোর ওপর জোর দিয়েছেন, কারণ এগুলোতে রাশিয়ার সবচেয়ে নতুন এবং সহজেই দিক পরিবর্তন করতে সক্ষম সামরিক নজরদারি প্রযুক্তি রয়েছে। এগুলো যেকোনো এলাকা বা সামরিক স্থাপনার মানচিত্র তৈরি, ছবি তোলা, রাডার দিয়ে নজর রাখা এবং সিগন্যাল ইন্টেলিজেন্স তথ্য (যেমন: রাডার ও অন্যান্য রেডিও ফ্রিকোয়েন্সি এবং সামরিক যোগাযোগের তথ্য) সংগ্রহ করতে পারে।
প্রজেক্ট অরোরার ট্র্যাক করা স্যাটেলাইটগুলোর নজরদারির পরিধি সিরিয়া, লেবানন, ইসরায়েল, জর্ডান, সৌদি আরব, পুরো আরব উপদ্বীপ, ইরাক ও ইরান থেকে শুরু করে বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালি পর্যন্ত বিস্তৃত। পৃথিবীর চারপাশের কক্ষপথ ঘুরে আসতে এগুলোর প্রতিবার প্রায় ৯৫ মিনিট সময় লাগে এবং দেখার অবস্থানের ওপর ভিত্তি করে এগুলো প্রতিদিন অন্তত তিন থেকে চারবার সংশ্লিষ্ট অঞ্চলের ওপর দিয়ে যাতায়াত করে।
সেখানে দেখা গেছে যে, বিশেষ কিছু কৌশলগত স্যাটেলাইটের গতিপথ এমনভাবে পরিবর্তন করা হয়েছিল, যাতে সেগুলো ওই অঞ্চলের সামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ঠিক ওপর দিয়ে বা খুব কাছ দিয়ে যেতে পারে। পুরো স্যাটেলাইট বহরটি না সরিয়ে কেবল নির্দিষ্ট কিছুর অবস্থান পরিবর্তন করা হয়েছিল। এর ফলে লক্ষ্যবস্তুগুলোর ওপর নজরদারির সময় ও মান—দুটোই বেশ উন্নত হয়েছিল।
এই রুশ স্যাটেলাইটগুলোকে হামলার আগে এবং পরে ওই লক্ষ্যবস্তুগুলোর ওপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে। সম্ভবত হামলার ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্যই এমনটা করা হয়। ইরানি হামলার আগে ও পরে বারবার একই ঘটনা ঘটতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুগুলোতে ইরান যেভাবে নিখুঁত হামলা চালাতে পেরেছে, তা থেকে নওয়াফ এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, এই হামলাগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় জিওস্পেশাল ইন্টেলিজেন্স (ভৌগোলিক গোয়েন্দা তথ্য) রাশিয়াই ইরানি সেনাবাহিনীকে সরবরাহ করেছিল।
যুক্তরাষ্ট্রের জন্য এটি বেশ দুশ্চিন্তার বিষয়। নওয়াফের মতে, এই ধরনের গোয়েন্দা সক্ষমতা শুধু লক্ষ্যবস্তু ঠিক করার কাজেই নয়, বরং কোনো অঞ্চলে সৈন্য সমাবেশ বা সামরিক শক্তি বৃদ্ধির ওপর নজর রাখতেও ব্যবহার করা যায়।
যেহেতু ওই অঞ্চলে মার্কিন যুদ্ধবিমানগুলোর অবস্থান বদলানো হচ্ছে, নৌবাহিনীকে নতুনভাবে সাজানো হচ্ছে এবং সামরিক অবকাঠামো শক্তিশালী করা হচ্ছে, তাই রুশ স্যাটেলাইটগুলো এসব গতিবিধির একটি স্পষ্ট চিত্র তুলে ধরতে পারে। পাশাপাশি সামরিক যোগাযোগের তীব্রতা কেমন, বার্তাগুলো কোথা থেকে আসছে, কখন তৎপরতা বাড়ছে এবং কাজের ধরন কীভাবে বদলাচ্ছে—এসব তথ্যও তারা সহজেই পেয়ে যেতে পারে।
নওয়াফের ধারণা, কিছু গোয়েন্দা স্যাটেলাইট সরাসরি সামরিক যোগাযোগের বার্তাগুলোতে আড়ি পাততে সক্ষম। যদিও তাদের পক্ষে প্রতিটি বার্তা ধরা বা আটকে দেওয়া সম্ভব নয়। তিনি এটাও মনে করেন যে, এই গোয়েন্দা তথ্য ইরানি গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হতে পারে। তথ্যগুলো ইরানি নেতাদের তাদের বাহিনীকে সুরক্ষিত রাখতে, কমান্ড ব্যবস্থা সচল রাখতে এবং যুদ্ধ শুরু হওয়ার আগেই পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিতে সহায়তা করবে।
রুশ স্যাটেলাইটের মাধ্যমে সংগৃহীত তথ্যে ইরানের প্রবেশাধিকার থাকা মার্কিন বাহিনীর জন্য একটি ‘দুঃসংবাদ’। কারণ এতে স্বাভাবিকভাবে আক্রমণাত্মক প্রস্তুতি এবং পাল্টা হামলা থেকে আত্মরক্ষার বিষয়টি সমন্বয় করার ক্ষেত্রে তাদের প্রচেষ্টা ‘জট পেকে’ যাবে। নওয়াফের মতে, এর একটি সমাধান হতে পারে ইরানি অস্ত্রের নাগাল থেকে সামরিক ইউনিটগুলোকে দূরে সরিয়ে নেওয়া, যাতে তাদের তাৎক্ষণিক ঝুঁকি কমে এবং তেহরান যুদ্ধশক্তির যে বণ্টন পর্যবেক্ষণ করছে, তাতেও পরিবর্তন আসে।
রুশ সহায়তা ইরানকে এই অঞ্চলের বাইরে থেকে আসা হামলার বিষয়ে আগাম সতর্কতা পাওয়ার সক্ষমতাও দেবে। ২০২৫ সালের জুনে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ চলাকালে মার্কিন মূল ভূখণ্ড থেকে উড়ে এসে বি-২ স্পিরিট বোমারু বিমানগুলো ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। তেহরান জানে যে, ভূগর্ভস্থ গভীর স্থাপনাগুলোতে এ ধরনের আরও হামলা হতে পারে এবং তাই এর প্রাথমিক লক্ষণগুলো পর্যবেক্ষণ করতে তারা রুশ স্যাটেলাইট সক্ষমতা ব্যবহার করতে পারে।
বলা বাহুল্য, হামলা মোকাবিলার প্রস্তুতির পাশাপাশি, এই অঞ্চলে পাল্টা আক্রমণের প্রস্তুতিতেও রুশ স্যাটেলাইট গোয়েন্দা তথ্যে প্রবেশাধিকার সম্ভবত প্রধান ভূমিকা পালন করছে। ইরানি নেতারা যেমনটা সতর্ক করেছেন, তাদের আক্রমণের ‘ঝাঁজ’ তেল শোধনাগার, রপ্তানি টার্মিনাল, লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র (ডিস্যালিনেশন প্ল্যান্ট) এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো পর্যন্ত বিস্তৃত হতে পারে।
সোজা কথায়, ট্রাম্প যদি তার সিদ্ধান্ত পরিবর্তন করে সামরিক হামলার পথ বেছে নেন, তবে ইরান শুধু মার্কিন সেনাবাহিনীর পদক্ষেপ মোকাবিলা করার জন্যই প্রস্তুত থাকবে না, বরং এই অঞ্চলে এক ধ্বংসাত্মক আঘাত হানতেও সক্ষম হবে।
এই হামলার ফলে বেসামরিক জনগণের পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে এবং এর নেতিবাচক প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও ছড়িয়ে পড়বে। বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ হিসেবে সৌদি আরবের রপ্তানি অবকাঠামোর একটি বৈশ্বিক গুরুত্ব রয়েছে। উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী আরব দেশগুলো যুদ্ধ শুরুর এই সিদ্ধান্তে কোনো প্রভাব রাখতে পারুক বা না পারুক, পরিণতি তাদেরও ভোগ করতে হবে।
আল-জাজিরার প্রতিবেদনে নওয়াফ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করেছেন। ইরানকে এ ধরনের মহাকাশভিত্তিক গোয়েন্দা সক্ষমতা দিয়ে রাশিয়া নিজের হাতে বেশ বড় ধরনের প্রভাব বজায় রাখছে। কারণ মস্কো সরাসরি সংঘাতে জড়িয়ে না গিয়েও গোয়েন্দা তথ্যের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে তেহরানকে যেমন শক্তিশালী করতে পারে, তেমনি প্রয়োজন অনুযায়ী সংযতও করতে পারে।
রাশিয়ার এই স্যাটেলাইট ডেটা শেয়ার করার বিষয়টি অবধারিতভাবে ভবিষ্যতের মার্কিন সামরিক অভিযানগুলোকে প্রভাবিত করবে। মার্কিন সেনাবাহিনীকে এখন ধরেই নিতে হবে যে, তাদের বড় ধরনের সৈন্য চলাচল, সামরিক শক্তি বৃদ্ধি বা যেকোনো ইলেকট্রনিক কার্যক্রম প্রতিপক্ষ সহজেই দেখতে পাবে এবং দ্রুত তা পৌঁছে দিতে পারে।
এটি অভিযানগুলোর গোপনীয়তা বা আকস্মিকতার সুযোগ কমিয়ে দিবে। এর ফলে সেনাদলকে আরও ছড়িয়ে রাখা, ইলেকট্রনিক সংকেত নিয়ন্ত্রণ করা এবং তাদের দ্রুত অবস্থান পরিবর্তনের মতো পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়বে।
এই পরিণতিগুলোর পরিধি কেবল এই যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ নয়। গত মাসে রাশিয়ার একটি ‘কসমস’ সিরিজের স্যাটেলাইট ফিনল্যান্ডের একটি বাণিজ্যিক স্যাটেলাইটের খুব কাছাকাছি চলে গিয়েছিল, যা সম্ভবত কোনো হামলার মহড়া ছিল। এই ঘটনাটি ইঙ্গিত দেয় যে, ভূপৃষ্ঠের সংঘাত মহাকাশ পর্যন্ত প্রসারিত হতে পারে, যা বেসামরিক ও সামরিক স্যাটেলাইট অবকাঠামোকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। হয়তো নিকট ভবিষ্যতের যুদ্ধগুলোতে খুব ভালোভাবেই মহাকাশে সংঘাতের বিস্তার দেখা যাবে।