Advertisement

ইরান যুদ্ধে যেসব ভুল করেছে যুক্তরাষ্ট্র

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ইরান যুদ্ধে যেসব ভুল করেছে যুক্তরাষ্ট্র
যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে পরাজিত করা আর একটি দেশের রাজনৈতিক বাস্তবতা নিজের ইচ্ছামতো পরিবর্তন করা এক বিষয় নয়। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী। আধুনিক প্রযুক্তি, বিপুল অস্ত্রভাণ্ডার, আকাশ ও সমুদ্রপথে সামরিক শক্তি প্রয়োগের সক্ষমতা ও বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি- সব মিলিয়ে দেশটির সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম। কিন্তু সামরিক শক্তির এই শ্রেষ্ঠত্ব কি রাজনৈতিক বিজয় নিশ্চিত করতে পারে? সাম্প্রতিক ইরান যুদ্ধ আবারও সেই পুরনো প্রশ্ন সামনে নিয়ে এসেছে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে পরাজিত করা আর একটি দেশের রাজনৈতিক বাস্তবতা নিজের ইচ্ছামতো পরিবর্তন করা এক বিষয় নয়। ইতিহাস বারবার দেখিয়েছে, সামরিক সাফল্য সব সময় কৌশলগত বিজয়ে পরিণত হয় না।

Advertisement

যুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনীর অ্যাডমিরাল ও বিশেষ অভিযানবিষয়ক অভিজ্ঞ কর্মকর্তা উইলিয়াম এইচ. ম্যাকর‍্যাভেন ফরেন অ্যাফেয়ার্স পত্রিকায় লেখা এক নিবন্ধে এই বাস্তবতাই তুলে ধরেছেন। তার মতে, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি দীর্ঘদিনের দুর্বলতাকে আবারও প্রকাশ করেছে। সেটি হলো, সামরিক শক্তির মাধ্যমে রাজনৈতিক লক্ষ্য অর্জনের সক্ষমতাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া। ইরান যুদ্ধের শুরুতে শাসনব্যবস্থা পরিবর্তন, পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং পরে হরমুজ প্রণালি খুলে দেওয়ার মতো ভিন্ন ভিন্ন লক্ষ্য সামনে আনা হয়েছিল। অথচ যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি বন্ধ ছিল না। ফলে সামরিক অভিযানের উদ্দেশ্য ও কৌশলের মধ্যে সামঞ্জস্যের অভাব স্পষ্ট হয়ে ওঠে।

ম্যাকর‍্যাভেনের বিশ্লেষণের গুরুত্বপূর্ণ দিক হলো, এই সমস্যা শুধু ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের দুর্বলতার ফল নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মার্কিন কৌশলগত চিন্তায় সামরিক শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতার প্রবণতা তৈরি হয়েছে। ভিয়েতনাম যুদ্ধ তার সবচেয়ে বড় উদাহরণ। ১৯৭৫ সালে উত্তর ভিয়েতনামের এক কর্মকর্তার সঙ্গে আলোচনায় মার্কিন কর্নেল হ্যারি সামারস বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে উত্তর ভিয়েতনাম যুক্তরাষ্ট্রকে কখনো পরাজিত করতে পারেনি। জবাবে উত্তর ভিয়েতনামের কর্নেল টু বলেছিলেন, “সেটি সত্য হতে পারে, কিন্তু তা অপ্রাসঙ্গিক। কারণ শেষ পর্যন্ত যুদ্ধে জয়ী হয়েছে উত্তর ভিয়েতনাম।”

এই সংলাপের মধ্যেই সামরিক বিজয় ও রাজনৈতিক বিজয়ের পার্থক্য নিহিত রয়েছে। যুক্তরাষ্ট্র ভিয়েতনামে বিপুল সামরিক শক্তি প্রয়োগ করেছে, অসংখ্য যুদ্ধ ও সংঘর্ষে জয়ী হয়েছে, কিন্তু যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারেনি। বরং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণহানি, অর্থনৈতিক ব্যয় এবং রাজনৈতিক ক্ষতি বেড়েছে। সামরিক সাফল্যকে বিজয়ের নিশ্চয়তা মনে করে আরও সেনা, আরও বোমা এবং আরও অর্থ বিনিয়োগ করা হয়েছিল। শেষ পর্যন্ত ১৯৭৫ সালে সায়গন থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহারের মধ্য দিয়ে সেই কৌশলের ব্যর্থতা প্রকাশ পায়।

Advertisement

ভিয়েতনামের অভিজ্ঞতার পর যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীকে নতুনভাবে সাজায়। রোনাল্ড রিগ্যানের আমলে প্রতিরক্ষা ব্যয় বাড়ানো হয়, আধুনিক অস্ত্র সংগ্রহ করা হয় এবং সামরিক বাহিনীর নেতৃত্ব ও সমন্বয়ব্যবস্থায় সংস্কার আনা হয়। ১৯৮৬ সালের গোল্ডওয়াটার-নিকোলস আইন যৌথ সামরিক পরিকল্পনা ও বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করে। নব্বইয়ের দশকের শুরুতে মার্কিন সামরিক বাহিনী প্রশিক্ষণ, প্রযুক্তি ও নেতৃত্বের দিক থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে।

১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ ছিল সেই সামরিক পুনর্গঠনের প্রথম বড় পরীক্ষা। ইরাক কুয়েত দখল করার পর প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ সামরিক অভিযান শুরুর আগে কূটনৈতিক তৎপরতাকে গুরুত্ব দেন। জাতিসংঘের মাধ্যমে ইরাকের আগ্রাসনের নিন্দা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন আদায় করা হয়। একই সঙ্গে ইউরোপীয় দেশ, আরব রাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থন অর্জনের চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত ৩৬টি দেশের প্রায় সাড়ে সাত লাখ সেনার একটি আন্তর্জাতিক জোট গড়ে ওঠে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সেনা ছিল প্রায় পাঁচ লাখ ৪০ হাজার।

এই যুদ্ধের সাফল্যের পেছনে ম্যাকর‍্যাভেন তিনটি বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করেন- নৈতিক ও আন্তর্জাতিক বৈধতা প্রতিষ্ঠা, শক্তিশালী আন্তর্জাতিক জোট গঠন এবং সুস্পষ্ট রাজনৈতিক ও সামরিক লক্ষ্য নির্ধারণ। কুয়েতকে ইরাকি দখলমুক্ত করাই ছিল প্রধান উদ্দেশ্য। বাগদাদ দখল বা ইরাকের শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য নেওয়া হয়নি। ৪৩ দিনের বিমান অভিযান এবং মাত্র ১০০ ঘণ্টার স্থল অভিযানে লক্ষ্য অর্জিত হওয়ার পর মার্কিন বাহিনী দেশে ফিরে যায়। অর্থাৎ সামরিক শক্তির সফল প্রয়োগের পাশাপাশি যুদ্ধের সীমা ও সমাপ্তির সময় নির্ধারণও ছিল গুরুত্বপূর্ণ।

কিন্তু এই বিজয় যুক্তরাষ্ট্রের জন্য নতুন এক আত্মবিশ্বাসের জন্ম দেয়, যা পরে অতিরিক্ত আত্মবিশ্বাসে পরিণত হয়। নির্ভুল নিশানায় বোমা নিক্ষেপ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইটনির্ভর অবস্থান নির্ণয় এবং ডিজিটাল সামরিক যোগাযোগব্যবস্থা মার্কিন বাহিনীকে যুদ্ধক্ষেত্রে অভূতপূর্ব সুবিধা দিয়েছিল। ওয়াশিংটনে ধারণা তৈরি হয়, প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দিয়ে যুদ্ধের অনিশ্চয়তা ও জটিলতা অনেকটাই দূর করা সম্ভব। অথচ প্রযুক্তি যুদ্ধ পরিচালনার সক্ষমতা বাড়াতে পারে, কিন্তু ভুল রাজনৈতিক সিদ্ধান্তকে সঠিক করে দিতে পারে না।

২০০১ সালে আফগানিস্তান এবং ২০০৩ সালে ইরাক আক্রমণের মধ্য দিয়ে এই ভুলের পুনরাবৃত্তি ঘটে। আফগানিস্তানে আল-কায়েদার বিরুদ্ধে দ্রুত সামরিক সাফল্য অর্জিত হলেও পরবর্তী সময়ে লক্ষ্য বিস্তৃত হয়ে তালেবানবিরোধী দীর্ঘ যুদ্ধ, সন্ত্রাস দমন এবং রাষ্ট্র গঠনের প্রচেষ্টায় রূপ নেয়। ইরাকেও সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার পর পশ্চিমা ধাঁচের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য সামনে আসে। অথচ দুই যুদ্ধেই রাজনৈতিক লক্ষ্য, সামরিক সক্ষমতা এবং বাস্তব পরিস্থিতির মধ্যে সমন্বয় ছিল দুর্বল। বিপুল অর্থ ও প্রাণহানির বিনিময়ে অর্জিত ফলাফল প্রত্যাশা পূরণ করতে পারেনি।

ইরান যুদ্ধের ক্ষেত্রে একই ধরনের ভুল আরও স্পষ্ট। ম্যাকর‍্যাভেনের মতে, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকলেও দেশটির ভৌগোলিক অবস্থান, সামরিক সক্ষমতা এবং জনগণের প্রতিরোধের ইচ্ছাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। বিশেষ করে হরমুজ প্রণালি ইরানের জন্য একটি বড় কৌশলগত সুবিধা। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথের ওপর এই প্রণালির অবস্থান দেশটিকে সামরিক সংঘাতের বাইরেও অর্থনৈতিক ও ভূরাজনৈতিক চাপ সৃষ্টির সুযোগ দেয়। বিমান হামলা দিয়ে ইরানের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা সম্ভব হলেও দেশটির রাজনৈতিক নেতৃত্বকে পরাজিত করা কিংবা হরমুজ প্রণালির ওপর তার প্রভাব পুরোপুরি দূর করা অনেক বেশি কঠিন।

এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক সমর্থনের অভাব। ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর আগে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে কার্যকর আলোচনা করেনি। ফলে যুদ্ধের পর হরমুজ প্রণালি সচল রাখতে সহযোগিতা চাইলেও ইউরোপীয় ও আঞ্চলিক মিত্রদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পায়নি। অভিযানের লক্ষ্য নিয়েও প্রশাসনের বক্তব্যে অসংগতি দেখা গেছে। কখনো শাসন পরিবর্তন, কখনো পারমাণবিক হুমকি মোকাবিলা, আবার কখনো নৌপথ উন্মুক্ত রাখাকে প্রধান উদ্দেশ্য হিসেবে তুলে ধরা হয়েছে। এমন পরিস্থিতিতে সামরিক বিজয়ের ধারণা রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সংযোগ হারায়।

ম্যাকর‍্যাভেন ভবিষ্যতের জন্য আরও তিনটি কাঠামোগত ঝুঁকির কথা বলেছেন। প্রথমত, মার্কিন প্রেসিডেন্টের হাতে ক্ষমতার ক্রমবর্ধমান কেন্দ্রীকরণ এবং ব্যক্তিগত আনুগত্যকে প্রাতিষ্ঠানিক যোগ্যতার ওপরে স্থান দেওয়া। দ্বিতীয়ত, সামরিক নেতৃত্বের রাজনীতিকরণ। তার মতে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নেতৃত্বে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অপসারণ এবং পদোন্নতিতে রাজনৈতিক হস্তক্ষেপ সামরিক বাহিনীর স্বাধীন পরামর্শ দেওয়ার সক্ষমতাকে দুর্বল করতে পারে। তৃতীয়ত, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, রোবটিকস ও সাইবার প্রযুক্তির দ্রুত বিকাশ সামরিক শ্রেষ্ঠত্ব সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি করতে পারে। প্রযুক্তি পরিস্থিতি সম্পর্কে ধারণা উন্নত করে, কিন্তু মানুষের প্রতিরোধের ইচ্ছা, ভূগোল কিংবা রাজনৈতিক বৈধতার বিকল্প হতে পারে না।

সবশেষে ম্যাকর‍্যাভেন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির ছয়টি সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন-নৈতিক বৈধতার অভাব, ভৌগোলিক বাস্তবতা, প্রতিপক্ষের প্রতিরোধের ইচ্ছা, স্থলযুদ্ধে সেনা পাঠানোর অনীহা, দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে জনসমর্থনের সীমাবদ্ধতা এবং রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের গুণগত মান। এসব সীমাবদ্ধতা কোনো অত্যাধুনিক অস্ত্র বা প্রযুক্তি দিয়ে সম্পূর্ণ দূর করা সম্ভব নয়।

সামরিক শক্তি একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ, কিন্তু সেটিই পররাষ্ট্রনীতির একমাত্র নির্ধারক হতে পারে না। যুদ্ধের উদ্দেশ্য যদি অস্পষ্ট হয়, আন্তর্জাতিক বৈধতা না থাকে, মিত্রদের সমর্থন না পাওয়া যায় এবং প্রতিপক্ষের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নেওয়া না হয়, তাহলে সামরিক শ্রেষ্ঠত্বও কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হতে পারে। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই সামরিক শক্তি বাড়ানো নয়, বরং কখন, কেন এবং কতটুকু শক্তি প্রয়োগ করতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন। কারণ পৃথিবীর সব সামরিক শক্তি হাতে থাকলেও ভুল কৌশল ও দুর্বল নেতৃত্ব একটি শক্তিশালী রাষ্ট্রকে পরাজয়ের দিকে নিয়ে যেতে পারে।