ইরানের কেশম দ্বীপে সীমিত পরিসরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানে এই হামলা চালাল ওয়াশিংটন। স্থানীয় সময় গতকাল সোমবার এ হামলা চালানো হয়।
তিন মার্কিন কর্মকর্তার বরাতে এই খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন। হামলাটিকে ‘আত্মরক্ষামূলক ধরনের’ এবং ওই অঞ্চলে মার্কিন সম্পদ রক্ষার জন্য চালানো হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।
এক কর্মকর্তা জানান, ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে। তবে ইরানে যে বড় ধরনের সামরিক অভিযান চালানোর আলোচনা চলছে– এটি সে ধরনের কিছু নয় বলে উল্লেখ করেন ওই তিন মার্কিন কর্মকর্তা।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগেও গোপনে এ ধরনের সীমিত হামলা চালানো হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগের দিনে চালানো এই সামরিক পদক্ষেপটি মনে করিয়ে দিচ্ছে যে ইরান পরিস্থিতির এখনো সমাধান হয়নি। যেকোনো মুহূর্তে নতুন করে যুদ্ধ বেঁধে যেতে পারে।
এদিকে, হামলার কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে কূটনীতির পথ খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, দুই দেশের মধ্যে একটি চুক্তি ‘হতেই পারে’।
গতকাল সোমবার একই কথা বলেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। সাংবাদিকদের তিনি জানান, যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ বা সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্র ও ইরান কিছুটা অগ্রগতি অর্জন করেছে।