নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানার এয়ার কম্প্রেসার বিস্ফোরণে চার কর্মচারী দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে রূপগঞ্জের বলতা ইউনিয়নের ঠাকুরবাড়ি টেক এলাকায় সিম গ্রুপ টেক্সটাইল মিলে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধরা হলেন- ইসমাইল (৩০), কামরুল (৫৫), নাইমুল (৩০) ও তপন (৩৮)। তাদের মধ্যে নাইমুলের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, “দগ্ধদের মধ্যে ইসমাইলের শরীরের ২০ শতাংশ, কামরুলের ২৫ শতাংশ, নাইমুলের ৪২ শতাংশ এবং তপনের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।”
তিনি বলেন, “নাইমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। অন্যদেরও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।”