ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’। আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। ঝড়ের কারণে হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে ঝড়ের প্রভাবে বেশ কিছু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে বলে জানিয়েছেন অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক প্রকাশ জৈন।
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় গতকাল সোমবার থেকেই অন্ধ্রপ্রদেশের প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়।
বঙ্গোপসাগর ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম প্রধান অঞ্চল। অতীতে এই অঞ্চলে সৃষ্ট বেশ কয়েকটি ঘূর্ণিঝড় ভারতের পূর্ব উপকূলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে অন্ধ্রপ্রদেশ এবং এর দক্ষিণে অবস্থিত তামিলনাড়ু রাজ্য।
গত বুধবার অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আইএমডি এটিকে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে শ্রেণিবদ্ধ করেছিল। ওই ঝড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়।