নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে ২০২৫ সালের নভেম্বরে টানা ১৩৪ ঘণ্টা অনশন করেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। মাঠপর্যায়ে জেলা ও উপজেলা কার্যালয়সহ প্রয়োজনীয় সদস্য তালিকার আইনি শর্ত পূরণ করা সত্ত্বেও দলটির নিবন্ধনের আবেদন প্রাথমিক তালিকা থেকে বাদ পড়া এবং বাতিলের সুনির্দিষ্ট লিখিত কারণ না জানানোর প্রতিবাদে ওই অনশন করেছিলেন তারেক। পরে রাজনৈতিক আশ্বাসের মুখে অনশন ভাঙেন তিনি।
পরে নির্বাচন কমিশন মাঠপর্যায়ে ফের তদন্ত চালিয়ে শর্ত প্রতিপালনের সত্যতা পায় এবং ২০২৫ সালের ২১ ডিসেম্বর আমজনতার দলকে নিবন্ধিত দল হিসেবে ঘোষণা করে ‘প্রজাপতি’ প্রতীক বরাদ্দ দেয়।
বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠন করে ইসির আনুষ্ঠানিক নিবন্ধন পাওয়া কতটা জটিল, তা সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ওই গবেষণা প্রতিবেদন সম্প্রতি প্রকাশ হয়েছে। ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক ওই গবেষণায়, দেশে প্রচলিত আইনি কাঠামোর অসমতা, অস্বাভাবিক আর্থিক ব্যয়, আমলাতান্ত্রিক জটিলতা এবং ‘অদৃশ্য রাজনৈতিক হস্তক্ষেপের’ কথা উঠে এসেছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এসব কারণে স্বাধীন ও নতুন রাজনৈতিক দলের কাজ শুরু করা কঠিন হয়ে পড়ে।
ওই গবেষণা প্রতিবেদনে ২০০৮ সালে দল নিবন্ধনের নিয়ম চালুর পর থেকে ২০২৫ সালের ডিসেম্বর (ক্ষেত্রবিশেষে ২০২৬ সালের আগস্ট) পর্যন্ত সময়ের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার কাজে মোট ৪২টি রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রম ও নিবন্ধন প্রক্রিয়া পরীক্ষা করা হয়েছে।
আইনি চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা
বাংলাদেশের সংবিধানের ৩৮ অনুচ্ছেদে প্রতিটি নাগরিককে সংগঠন বা সমিতি গড়ার মৌলিক অধিকার দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে নির্বাচনে অংশ নেওয়ার পথ সংকুচিত ও শর্তযুক্ত করা হয়েছে ২০০৮ সালে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২’ ও ‘রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮’-এর মাধ্যমে।
আরপিওর ৯০(খ)(১)(ক) ধারা অনুসারে, কোনো নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করতে গেলে তাকে মূলত তিনটি মূল শর্তের যেকোনো একটি পূরণ করতে হয়। শর্তগুলো হলো–
- স্বাধীনতা-পরবর্তী যেকোনো সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অন্তত একটি আসন পেতে হবে।
- সংসদ নির্বাচনের যেকোনো একটিতে দলের প্রার্থী কর্তৃক অংশ নেওয়া আসনে প্রদত্ত মোট ভোটের ৫ শতাংশ পেতে হবে।
- একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি দেশের অন্তত এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় (২২টি জেলা) কার্যকর কার্যালয় এবং ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় কার্যকর অফিস থাকতে হবে, যার প্রতিটিতে সদস্য হিসেবে ন্যূনতম ২০০ জন ভোটারের তালিকা অন্তর্ভুক্ত থাকতে হবে।
আইনি শর্তগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথম দুটি শর্ত মূলত নিবন্ধিত বা নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। নতুন কোনো দলের পক্ষে নিবন্ধন ছাড়া দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া আইনত সম্ভব নয়। ফলে তাদের পক্ষে ভোটের বা আসন পাওয়ার শর্ত পূরণ করা অসম্ভব। এ কারণে নতুন দলগুলোকে বাধ্যতামূলকভাবে কঠোর ও জটিল সাংগঠনিক কাঠামোর মুখোমুখি হতে হয়।
টিআইবির গবেষণায় বলা হয়েছে, আইনের এই বিধানটি নতুন দলগুলোর জন্য ‘বৈষম্যমূলক’। ২০০৮ সালের আগে একটিমাত্র আসনে জয়ী বা ৫ শতাংশ ভোট পাওয়া দলগুলো মাঠপর্যায়ে কোনো কার্যালয় বা নির্দিষ্টসংখ্যক ভোটার ছাড়াই নিবন্ধন পেয়ে গেছে। অথচ নতুন দলগুলোকে দেশজুড়ে শত শত কার্যালয় ও হাজার হাজার ভোটারের তালিকা প্রমাণ করতে হচ্ছে।
আইনি সীমাবদ্ধতার আরেকটি বড় দিক হলো আরপিও, ১৯৭২-এর ধারা ৯০ও(২)। এই ধারায় বলা হয়েছে, ইসি কোনো দলের নিবন্ধনের আবেদন বাতিল করলে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাবে। কিন্তু আবেদন বাতিলের সুনির্দিষ্ট কারণ লিখিতভাবে জানানোর কোনো বাধ্যবাধকতা আইনে রাখা হয়নি। ফলে ইসি আবেদন বাতিলকৃত দলগুলোর তালিকা প্রকাশ করলেও কেন বাতিল হলো, তার কোনো ব্যাখ্যা দেয় না। গবেষণা বলছে, এটি পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নষ্ট করে।
আরপিওর ধারা ৯০আরআর(১)(এ) অনুযায়ী সরকার কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করলে ইসি সেই দলের নিবন্ধন বাতিল বা স্থগিত রাখতে পারে। ফলে ক্ষমতাসীন দলের হাতে বিরোধী পক্ষকে দমন করার এবং সরাসরি নির্বাহী হস্তক্ষেপের একটি প্রত্যক্ষ আইনি সুযোগ তৈরি হয়, যা ইসির স্বাধীন ক্ষমতাকে সংকুচিত করে।
পাশের দেশগুলোর নিয়ম কী
রাজনৈতিক দলের আইনি স্বীকৃতি ও নিবন্ধনের ক্ষেত্রে এশিয়ার দেশগুলো এবং বৈশ্বিক চর্চার সঙ্গে বাংলাদেশের ফারাক অনেকটা। টিআইবির গবেষণায় প্রতিবেশী তিনটি দেশ (ভারত, শ্রীলঙ্কা, নেপাল) এবং যুক্তরাজ্যের নিবন্ধন আইন পর্যালোচনায় দেখা যায়, বাংলাদেশে নিবন্ধন পাওয়ার শর্তাবলী আন্তর্জাতিক ‘উত্তম চর্চার’ তুলনায় ‘বেশি কঠোর, নিয়ন্ত্রণমূলক ও ব্যয়বহুল’।
ভারতের ‘দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট, ১৯৫১’ অনুযায়ী, একটি দলকে নিবন্ধিত হতে হলে কেবল দলের নিজস্ব গঠনতন্ত্র, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ন্যূনতম ১০০ সদস্য এবং একটি নির্দিষ্ট কেন্দ্রীয় কার্যালয় থাকতে হয়। এ ছাড়া, দল গঠনের ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করার বাধ্যবাধকতা রয়েছে। ভারতের আইনে মাঠপর্যায়ে শত শত কার্যালয় বা হাজার হাজার ভোটারের তালিকা প্রমাণের কোনো বাধ্যবাধকতা নেই।
শ্রীলঙ্কায় নিবন্ধনের শর্তাবলীতে দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও ইশতেহার দাখিলের পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে অন্তত একজন নারী সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক। এ ছাড়া, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেওয়া এবং ধারাবাহিক রাজনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ দাখিল করাই সেখানে নিবন্ধনের মূল মানদণ্ড।
টিআইবির গবেষণা বলছে, নেপালের আইনে সামাজিক সংহতি ও অভ্যন্তরীণ গণতন্ত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে– এমন নাম, প্রতীক বা পতাকা ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি নিয়ম মেনে অভ্যন্তরীণ নির্বাচন অনুষ্ঠানের বিধানসংবলিত গঠনতন্ত্র, কেন্দ্রীয় কার্যালয় এবং স্পষ্ট তহবিল সংগ্রহ পদ্ধতি প্রদর্শন করতে হয়। নেপালে নিবন্ধনের পর নির্বাচনে অংশ নেওয়ার জন্য ১০ হাজার ভোটারের সই জমা দেওয়ার বিধান রয়েছে।
যুক্তরাজ্যের ‘দ্য ইলেকটোরাল কমিশন’-এর অধীন নিবন্ধনের আইনি পদ্ধতিটি অত্যন্ত সহজ ও মৌলিক কাঠামোর ওপর নির্ভরশীল। সেখানে মূলত দলের একটি কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কার্যালয় এবং অনুমোদিত গঠনতন্ত্র থাকাই নিবন্ধনের প্রাথমিক শর্ত হিসেবে বিবেচিত হয়।
ভোটকেন্দ্রে ব্যালট। ছবি: চরচা
তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, পার্শ্ববর্তী দেশগুলোতে গঠনতন্ত্র ও কেন্দ্রীয় কাঠামোর ওপর ভিত্তি করে নিবন্ধনের সুযোগ থাকলেও বাংলাদেশে পূর্ববর্তী নির্বাচনী সাফল্য বা বিশাল ভৌগোলিক ও সাংগঠনিক বিস্তৃত অবকাঠামোকে পূর্বশর্ত বানিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন দলের প্রবেশের ক্ষেত্রে একটি বড় ‘অ্যান্ট্রি ব্যারিয়ার’ বা কৃত্রিম দেয়াল তৈরি করা হয়েছে।
আর্থিক সীমাবদ্ধতা যা আছে
বাংলাদেশের আইনি বাধ্যবাধকতা মেনে একটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করা ব্যয়সাপেক্ষ, যা উদীয়মান ও নতুন দলগুলোর জন্য সবচেয়ে বড় আর্থিক বাধা। একটি নতুন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়, ২২টি জেলা ও ১০১টি উপজেলা/থানায় অফিস ভাড়া, অগ্রিম, আসবাবপত্র, দাপ্তরিক নথিপত্র প্রস্তুত এবং আবেদন ফি বাবদ সর্বমোট ন্যূনতম ৩২ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা থেকে ৭৫ লাখ ৮১ হাজার টাকা পর্যন্ত প্রাথমিক নগদ অর্থ প্রয়োজন হয়।
গবেষণার হিসাব অনুযায়ী, কেন্দ্রীয় অফিস স্থাপনে কমপক্ষে তিন মাসের ভাড়া, অগ্রিম, আসবাবপত্র, সাইনবোর্ড ও বৈদ্যুতিক সরঞ্জাম বাবদ ৮০ হাজার ৫০০ টাকা থেকে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা দরকার হয়। প্রকাশনা ও মুদ্রণ খাতে সদস্য ফরম, রশিদ বই ও গঠনতন্ত্র মুদ্রণ বাবদ লাগে ২০ থেকে ৪০ হাজার টাকা।
একইভাবে ২২টি জেলা কার্যালয় স্থাপনে করতে তিন মাসের ভাড়া ও অগ্রিম, চুক্তিপত্র, আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম বাবদ সাত লাখ ৫৬ হাজার ৮০০ টাকা থেকে ১৮ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় হয়। অন্যদিকে, ১০১টি উপজেলা বা থানা কার্যালয় স্থাপনে ৩ মাসের ভাড়া ও অগ্রিম, চুক্তিপত্র, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম বাবদ খরচ হয় ২৩ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা থেকে ৫৫ লাখ চার হাজার ৫০০ টাকা। এ ছাড়া, আবেদন ও নথি প্রস্তুতির ক্ষেত্রে নিবন্ধন ফি (পাঁচ হাজার টাকা) এবং তালিকা ও নথিপত্রের অনুলিপি প্রস্তুত বাবদ ৩৫ হাজার থেকে ৫৫ হাজার টাকার প্রয়োজন পড়ে।
শুরুতেই এমন বিপুল অঙ্কের অর্থ জোগাড় করার আইনি বাধ্যবাধকতা রাজনীতিতে ব্যবসায়ী, শিল্পপতি ও বিত্তশালী ব্যক্তিদের ওপর নির্ভরশীলতা তৈরি করছে, যাকে গবেষণায় ‘কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজম’ বা ‘অর্থ-নির্ভর প্রতিযোগিতামূলক মক্কেলবাদ’ বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আদর্শ বা নীতি-নৈতিকতার তোয়াক্কা না করে কেবল অর্থ ও পেশিশক্তির জোরে দল গঠন করে প্রাথমিক নিবন্ধন বাগিয়ে নেওয়ার চেষ্টা তৈরি হয়।
গবেষণায় একটি চাঞ্চল্যকর দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। গ্রাহকের অর্থ আত্মসাৎকারী ও সাজাপ্রাপ্ত একটি বিতর্কিত ব্যবসায়িক গ্রুপের কর্ণধার মাত্র দুই-তিন মাসের প্রস্তুতিতে একটি দল গঠন করেন এবং ইসি থেকে সেই দলকে প্রাথমিক নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তীব্র বিতর্ক ও আন্দোলনের মুখে ইসি সেই সিদ্ধান্ত বাতিল করে।
এ ছাড়া, দলের অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও আইনি দুর্বলতা প্রকট। গবেষণায় অন্তর্ভুক্ত দলগুলোর কোনোটিরই পূর্ণাঙ্গ বা স্বতন্ত্র আর্থিক নীতিমালা নেই বলে উল্লেখ করা হয়েছে। নিয়মিত বাজেট প্রণয়নের কোনো সংবিধানিক ধারা দলগুলোর নেই বলেও উল্লেখ করা হয়েছে।
অথচ ইসির শর্তানুযায়ী, ২২টি জেলা ও ১০১টি উপজেলায় ন্যূনতম অবকাঠামো চালাতে একটি দলের বছরে ১৪ থেকে ২৫ কোটি টাকা এবং পূর্ণাঙ্গ তৃণমূল সংগঠন চালাতে ৩০২ থেকে ৩৯৩ কোটি টাকা ব্যয়ের প্রয়োজন হয়। এর বিপরীতে দলগুলোর সদস্য চাঁদা থেকে সংগৃহীত ঘোষিত আয় মাত্র ২৬ লাখ টাকার কাছাকাছি। এই বিশাল আয়-ব্যয়ের ব্যবধান প্রমাণ করে যে, দলগুলো অনানুষ্ঠানিক ও অপ্রকাশিত অর্থের ওপর সম্পূর্ণ নির্ভরশীল।
রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের আইনি কাঠামোয় ফাঁক রয়ে গেছে।
আরপিও অনুযায়ী যেকোনো নিবন্ধিত রাজনৈতিক দল ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান নিতে পারে, তবে একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ সীমা ৫০ লাখ টাকা। কোনো অনুদানের পরিমাণ ৫০ হাজার টাকার বেশি হলে তা বাধ্যতামূলকভাবে ব্যাংকিং চ্যানেলে নিয়ে দাতার আয়কর রিটার্নে তা দেখাতে হবে।
টিআইবি বলছে, এই আইনি বিধানে সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, উৎসের গোপনীয়তার ক্ষেত্রে অনুদানের মূল উৎস প্রকাশ করা কিংবা ইসির স্বাধীনভাবে যাচাই-বাছাই করার কোনো আইনি বাধ্যবাধকতা বা স্পষ্ট বিধান রাখা হয়নি।
দ্বিতীয়ত, স্বার্থের দ্বন্দ্বের প্রশ্নে রাষ্ট্রায়ত্ত সংস্থা বা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে অনুদান নেওয়া যাবে কি না, সে বিষয়ে আইনে স্পষ্ট কিছু বলা হয়নি। যা ক্ষমতাসীন দলের ক্ষেত্রে ‘মারাত্মক স্বার্থের দ্বন্দ্ব’ তৈরি করে।
তৃতীয়ত, অনুদানদাতার প্রকৃত মালিকানা যাচাইয়ের সুযোগ না থাকায় একই ব্যক্তি বা প্রতিষ্ঠান বিভিন্ন ছদ্মনামে একাধিকবার অনুদান দিতে পারে।
চতুর্থত, বিদেশি তহবিল সংগ্রহের ঝুঁকির ক্ষেত্রে আরপিও অনুযায়ী বিদেশি রাষ্ট্র, বিদেশি সংস্থা বা বিদেশি নাগরিকদের কাছ থেকে অনুদান বা উপহার নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ হলেও রাজনৈতিক দলগুলো গোপনে বা অপ্রত্যক্ষভাবে বিদেশি অর্থ নিচ্ছে কি না, তা যাচাই করার কোনো ব্যবস্থা ইসির নেই।
অন্যদিকে, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালায় নিবন্ধনের সময় ব্যাংকিং তথ্য জমা দেওয়ার নিয়ম থাকলেও মাঠপর্যায়ে বা তৃণমূলের সকল আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে করার কোনো স্পষ্ট নির্দেশ নেই। ডিজিটাল এমএফএস বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনের বিষয়েও বিধিমালায় কিছু বলা নেই।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতায় ফাঁক থাকার কথাও গবেষণায় উঠে এসেছে।
রাজনৈতিক প্রভাব
গবেষণা বলছে, নিবন্ধন পাওয়ার পুরো প্রক্রিয়াটি কেবল আইনি বা আর্থিক কাগজপত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। এতে জড়িয়ে রয়েছে ‘প্রশাসনিক দুর্নীতি, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা এবং রাজনৈতিক প্রভাব’ বিস্তারের নানা সমীকরণ।
টিআইবির গবেষণায় উঠে এসেছে, দল নিবন্ধনের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ ও গোয়েন্দা সংস্থার প্রভাব একটি বড় নিয়ামক। একাধিক তথ্যদাতা টিআইবিকে নিশ্চিত করেছে যে, বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ইতিবাচক বা নেতিবাচক প্রতিবেদনের ভিত্তিতে এবং সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে প্রয়োজনীয় শর্ত পূরণ না করা সত্ত্বেও কিছু দলকে রাতারাতি নিবন্ধন দেওয়া হয়েছে।
কিন্তু নিবন্ধনের সমস্ত আইনি শর্ত ও মাঠপর্যায়ের অবকাঠামো শতভাগ পূরণ করা সত্ত্বেও কেবল রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় একাধিক নতুন দলকে বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছে, আবেদন বাতিল করা হয়েছে এবং পরে ওই দলগুলোকে আদালতের দ্বারস্থ হয়ে রায়ের মাধ্যমে নিবন্ধন পেতে হয়েছে।
এ ছাড়া, ইসির মাঠপর্যায়ের কর্মকর্তাদের দ্বারা সরেজমিনে কার্যালয় ও ভোটার তালিকা পরিদর্শনের সময় অনানুষ্ঠানিক আর্থিক লেনদেন বা ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগ রয়েছে। ইসির নিজস্ব একজন কর্মকর্তার ভাষ্যে এই অনিয়মের ভয়াবহতা ফুটে উঠেছে। তিনি বলেছেন, “কিছু ক্ষেত্রে (নিবন্ধন সংক্রান্ত) আর্থিক লেনদেন হয়েছে, তবে সেটা ‘নাস্তা’ পর্যায়ে নাকি ‘ট্রেডিং (নিবন্ধন বাণিজ্য)’ সেটা নিশ্চিত না।”
যা বলছেন সংশ্লিষ্টরা
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আইনি ও প্রশাসনিক জটিলতা নিয়ে আমজনতার দলের সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ চরচাকে বলেন, “বাংলাদেশে মানুষ রাজনীতি করবে- এটা তার মৌলিক ও গণতান্ত্রিক অধিকার। রাজনৈতিক চিন্তাভাবনা সম্প্রসারণের পথ যেন কোনোভাবে সংকুচিত না করা হয়। তবে নির্বাচন কমিশনের আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে নতুন অন্যান্য রাজনৈতিক দলও চরম হয়রানি ও ঝামেলার মুখোমুখি হতে পারে বলে আমরা মনে করি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান চরচাকে বলেন, “নিবন্ধনের নামে রাজনৈতিক দল গঠনের পথকে যেভাবে জটিল করা হয়েছে, তা নাগরিকদের গণতান্ত্রিক অধিকার বিবেচনায় রীতিমতো অন্যায়। রাজনৈতিক দল যেন সহজে আত্মপ্রকাশ করতে না পারে এবং নিবন্ধন পেতে না পারে, সেই অসৎ উদ্দেশ্যেই এসব কঠোর আইনি শর্ত চাপানো হয়েছে। নাগরিকরা কখন দল গঠন করবে বা কাকে নিয়ে রাজনীতি করবে, তা তাদের নিজস্ব বিষয়; শর্তের জালে তা আটকে রাখা যায় না।”
মাহবুবুর রহমান আরও বলেন, “মাঠপর্যায়ে জেলা-উপজেলায় শত শত অফিস ও সদস্য তালিকার আইনি শর্ত পূরণ করতে একটি নতুন দলের শুরুতেই কোটি টাকার বেশি নগদ অর্থ ও জামানতের প্রয়োজন হয়। এই অস্বাভাবিক আর্থিক চাপ উদীয়মান রাজনীতিকদের জন্য বড় বাধা। তাই নির্বাচন কমিশনের এসব কঠোর ও অসামঞ্জস্যপূর্ণ শর্ত অবিলম্বে পুনর্মূল্যায়ন করা অত্যন্ত জরুরি।”