Advertisement

৪ বোলার খেলিয়ে কি শরীফুলকে মিস করছে বাংলাদেশ?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

৪ বোলার খেলিয়ে কি শরীফুলকে মিস করছে বাংলাদেশ?
টানা দ্বিতীয় টেস্টে একাদশের বাইরে শরীফুল ইসলাম : ক্রিকেট অস্ট্রেলিয়া

সেই আফগানিস্তান সিরিজের ভুলটাই কি আরেকবার করেছে বাংলাদেশ? অস্ট্রেলিয়া সফরে ম্যাকাই টেস্টে সুযোগ পেয়ে এক ইনিংসে ৭ উইকেট নেওয়া শরিফুল এরপর থেকে আর টেস্ট খেলারই সুযোগ পাচ্ছেন না। বিশ্রাম, কখনো ওয়ার্কলোড বা কখনও টিম কম্বিনেশনের কারণে অসাধারণ ফর্মে থেকেও বাঁহাতি এই পেসার দর্শক হয়ে আছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের সহায়ক কন্ডিশনেও। দ্বিতীয় দিনে তার শরীফুলের মত একজন পেসারের অভাব বেশ টের পেয়েছে বাংলাদেশ।

Advertisement

অবাক করা ব্যাপার হল, বাংলাদেশ এই টেস্টে চারজন বোলার নিয়ে খেলেছে এবং সেই কারণেই শরীফুলকে জায়গা দেওয়া সম্ভব হয়নি। আর সেটা করতে গিয়ে তিনজন ডানহাতি পেসার নিয়ে বাংলাদেশ যে একাদশ সাজিয়েছে, হাসান মাহমুদ ছাড়া অন্য দুজন সংগ্রাম করছেন। ইনিংসের শুরুতে ও দিনের শেষ বেলায় হাসান তিনটি উইকেট পেলেও তাই বাকি বোলারদের ছন্দহীন বোলিংয়ের সুযোগ নিয়ে দক্ষিণ আফ্রিকা চলে গেছে ভালো অবস্থানে।

Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেট নেওয়ার পর মাত্র একটি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন শরীফুল ইসলাম। ছবি: বিসিবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেট নেওয়ার পর মাত্র একটি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন শরীফুল ইসলাম। ছবি: বিসিবি

তাই প্রশ্ন, শরীফুলের মতো একজন বোলারকে ঠিক কেন বাংলাদেশ দল বারবার একাদশের বাইরে রাখছে?

টেকনিক্যাল জায়গা থেকে বাংলাদেশের জন্য এটা একটা ভুল সিদ্ধান্ত হিসেবেই দেখা যাচ্ছে দ্বিতীয় দিন শেষে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও বাংলাদেশের যখন তাসকিন আহমেদ, হাসান এবং এবাদত আহমেদকে নিয়ে আক্রমণ সাজিয়েছিল, তখন সেটা অনেকটাই আক্রমণকে 'ওয়ান ডাইমেনশনাল' হয়ে গিয়েছিল।

এর মধ্যে হাসানকে হিসাবের বাইরেই রাখতে হবে। যেহেতু তিনি ওবল সিমে এবং ছোট ছোট সুইংয়ে বোলিং করেন, তাই তিনি যে কোনো কন্ডিশনে যে কোনো সময়ই কার্যকর হতে পারেন। তবে তাসকিন বা এবাদতের চিত্রটা একেবারেই ভিন্ন।

এই দুজনই অনেকটা 'হিট দ্য ডেক' বল করেন এবং তারা দুজনই রিদমের ওপর নির্ভরশীল। অনেকগুলো ওভার করার পর হঠাৎ করে একটা স্পেলে দুই-তিন ওভারের জন্য তারা সেই রিদমটা পান। তবে তার আগেই যদি প্রতিপক্ষের ব্যাটসম্যানরা তাদের ওপর চড়াও হয়ে যান, তখন তাদের লাইন-লেন্থ এলোমেলো হয়ে যায়। চলমান টেস্টে ঠিক সেটাই দেখা যাচ্ছে।

দ্বিতীয় দিন জুড়েই এই দুজনকে, বিশেষ করে এবাদতকে একেবারে শুরু থেকেই স্বচ্ছন্দে থাকতে দেননি দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যানরা। ফলে যা হওয়ার তাই হয়েছে। শুরুতেই হাসান একটা উইকেট তুলে নেওয়ার পর মার্কাস আকারম্যান ও জুবায়ের হামজা মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ২০২ রানের জুটি।

দ্বিতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকা ২০২ রান যোগ করেছে। ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা
দ্বিতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকা ২০২ রান যোগ করেছে। ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা

এই দুই ব্যাটসম্যান মিলে ওভার প্রতি চারের বেশি রান তুলেছেন এবং স্পিনার মেহেদী হাসান মিরাজ আক্রমণে আসতেই তার ওপর যেভাবে চড়াও হয়েছেন, তাতে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে চারজন বোলার নিয়ে খেলতে নামার দুর্বলতাটা তারা কাজে লাগাতে চাচ্ছে। কারণ হাসান বাদে বাংলাদেশের বাকি তিনজন বোলারের কেউই ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেননি।

স্পষ্টত এখানে একজন বাঁহাতি পেসারের অভাবটা অনুভব করেছে বাংলাদেশ। তিনি শরীফুল, যিনি এই ধরনের কন্ডিশনে ভালো করতেও পারতেন মুভমেন্ট কাজে লাগিয়ে। ওবল সিম দিয়ে এবং ভেতরে ঢোকানো যে ডেলিভারিগুলো, যেটা এই ধরনের স্পোর্টিং উইকেটে কার্যকর হতে পারত, সেটাই বাংলাদেশ মিস করেছে।

সেরা ছন্দে না থাকা এবাদতকে কেন এই টেস্টে খেলাল, সেটাও একটা বড় প্রশ্নের জায়গা। শরীফুলকে বাদ দিয়ে তিনজন পেসার যদি খেলাতেঈ হয়, সেখানে বাংলাদেশের পছন্দ হওয়া উচিত ছিল শরীফুলই। কেননা তিনি মিরপুর টেস্টে খুব কম ওভার বোলিং করেছেন। তাই ওয়ার্কলোডের কোনো বিষয় নেই। সিলেট টেস্টে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে বিশ্রামে দিয়েছিল। এরপর ঠিক কোন বিবেচনায় তাকে একাদশের বাইরে রাখা হয়েছে, সেটার ভালো উত্তর টিম ম্যানেজমেন্টই দিতে পারবে।

তবে মাঠের খেলায় এই সিদ্ধান্ত যে দলকে পিছিয়ে দিয়েছে, সেটা দ্বিতীয় দিনের খেলার মধ্যেই স্পষ্টভাবে প্রতীয়মান হগেছে। তাসকিন প্রথম কয়েক ওভারের স্পেলের পর নিয়মিতভাবে ঘণ্টায় ১২৫ থেকে ১৩০ কিলোমিটার বেগে বোলিং করছেন। অন্যদিকে এবাদতের গতিও একই এবং তারা সেভাবে বাউন্স পাননি। তারা যে বাউন্সারগুলো দিয়েছেন, গতির কারণে সেগুলো হাফ ভলি বানিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা অনায়াসেই বড় শট খেলে বাউন্ডারি আদায় করছেন এবং তাদের ওপর চাপ অব্যাহত রাখছেন।

ফলে যথারীতি হাসানের ওপর পড়ছে চাপ। তিনি ফিরতি স্পেলে এসে দুই উইকেট নিয়েছেন। তবে তার আগে আকারম্যান ও জুবায়েরের জুটি ভাঙার জন্য অধিনায়ককে স্মরণাপন্ন হতে হয়েছে পার্টটাইমার মুমিনুল হকের ওপর।

তবে এরকম স্পোর্টিং উইকেটে বাংলাদেশের চারজন বোলার নিয়ে খেলার সিদ্ধান্তটা আগে থেকেই আলোচনায় ছিল। কারণ তাওহিদ হৃদয়কে একাদশে সুযোগ করে দিতে পাশাপাশি মুশফিকুর রহিমকেও বাংলাদেশ যখন দলের বাইরে রাখতে চায়নি বা পারেনি, তখন একজন বোলার কম নিতে হয়েছে।

হাসান মাহমুদ। ছবি : বিসিবি
হাসান মাহমুদ। ছবি : বিসিবি

উল্লেখ্য, এই বছর বাংলাদেশ দেশি এবং বিদেশের বাইরে সব টেস্টে পাঁচজন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলেছে। এই প্রথম বাংলাদেশ একটা টেস্ট খেলছে চারজন বোলার নিয়ে।

ম্যাচ শেষেই কেবল বলা যাবে এই সিদ্ধান্ত ঠিক ছিল না ভুল। তবে এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংসের বোলিং জানান দিচ্ছে, একটা বোলার হয়ত কমই হয়ে গেছে এই টেস্টে।