Advertisement

২৪২ করেও বাদ! তাওহীদ হৃদয় কি বাংলাদেশের ‘করুণ নায়ার’ হতে যাচ্ছেন?

২৪২ করেও বাদ! তাওহীদ হৃদয় কি বাংলাদেশের ‘করুণ নায়ার’ হতে যাচ্ছেন?
টেস্টে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ২৪২ রানের ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অজিঙ্কা রাহানে সেরা ফর্মে থাকা অবস্থায় চোটে পড়েছিলেন। আর তাতে ভাগ্য খুলে গিয়েছিল করুণ নায়ারের। যিনি এর আগ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েও জাতীয় দলে ডাক পাচ্ছিলেন না। রাহানের সেই ইনজুরির কারণে সুযোগ পেয়ে নায়ার যা করেন, সেটা হয়ে যায় ইতিহাস। ট্রিপল সেঞ্চুরি!

Advertisement

কিন্তু অমন পারফরম্যান্সের পরও নায়ারের পরিণতি খুবই করুণ ছিল। পরের ম্যাচেই তাকে বাদ দিয়ে দিয়েছিল ভারত। কারণ, টিম কম্বিনেশন!

প্রায় ১০ বছর পর একই পরিস্থিতিতে কি দাঁড়িয়ে আছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়?

Advertisement

কারণ, ডাবল সেঞ্চুরির পরের ম্যাচেও যে তার খেলা অনিশ্চিত! তবে কি নায়ারের ভাগ্য বরণ করতে হবে হৃদয়কে?

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকটা সুখকর হয়নি তাওহীদ হৃদয়ের। ছবি: বিসিবি
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকটা সুখকর হয়নি তাওহীদ হৃদয়ের। ছবি: বিসিবি

হৃদয়ের টেস্ট অভিষেক হয়েছে এ বছরই, গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে! আর এরপরের কয়েক মাসেই কী দারুণ ঝলক! কি টেস্ট ক্রিকেটে, কি প্রথম শ্রেণি! গত দুই মাসের মধ্যে হৃদয় খেলে ফেলেছেন টেস্ট ক্রিকেট ও প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের ইতিহাসের সর্বোচ্চ দুটি ইনিংস। এরপর একজন ক্রিকেটারের আর প্রমাণ করার কী থাকতে পারে!

তবে বাংলাদেশের ক্রিকেটের বাস্তবতার কারণেই দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টে ডানহাতি এই ব্যাটসম্যান একাদশে থাকবেন কি না, তা নিয়ে সংশয় রয়েই গেছে।

মুশফিকুর রহিমের সঙ্গে সিলেট টেস্টে জুটি বেঁধে ব্যাট করেছেন তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি
মুশফিকুর রহিমের সঙ্গে সিলেট টেস্টে জুটি বেঁধে ব্যাট করেছেন তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি

অভিষেকের সময় থেকেই হৃদয়কে নিয়ে মূল পরিকল্পনা ছিল, দীর্ঘমেয়াদে অভিজ্ঞ মুশফিকুর রহিমের উত্তরসূরি হিসেবে তাকে প্রস্তুত করা। সেই ধারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকলেও খেলার কথা ছিল না হৃদয়ের। প্রথম টেস্টে সেই মুশফিকুর ইনজুরিতে পড়ার কারণে পাঁচ নম্বর পজিশনেই সুযোগ মেলে হৃদয়ের।

সুযোগটা শুরুতে অবশ্য খুব একটা ভালোভাবে কাজে লাগাতে পারেননি। প্রথম ইনিংসে ৪২ রান করে বাজে শটে আউট হলেন, দ্বিতীয় ইনিংসে আরও দায়িত্বহীন শটে আউট! পড়লেন সমালোচনার মুখে। বাংলাদেশের হয়ে সাদা বলের ক্রিকেটে তাকে ১২৫ বার দেখে অভ্যস্ত দর্শকের মনে সম্ভবত এটা আর খুব একটা আলাদা করে মনে থাকল না যে, সাদা পোশাকে ওই নিয়ে দ্বিতীয়বার দেখা যাচ্ছিল হৃদয়কে। বাংলাদেশের অনেক অভিজ্ঞ ক্রিকেটার ৫০-৬০ টেস্ট খেলার পরও অতীতে এভাবে উইকেট বিলিয়ে এসেছেন।

সিলেটে দ্বিতীয় টেস্টেও শুরুতে হৃদয়ের খেলার কথা ছিল না। তবে এবার মুমিনুল হকের ইনজুরির কারণে ভাগ্য খুলে যায়। এবার ব্যাট করতে নামেন চারে, অধিনায়ক নাজমুল হোসেনের পজিশনে। ১৮৪ রানে ৭ উইকেট হারানোর পর একাই বাংলাদেশের স্কোর নিয়ে যান ৩৮৬ রান পর্যন্ত। কখনো ধরে খেলেছেন, কখনো আক্রমণে গেছেন। প্রতিপক্ষের বোলিং আক্রমণের দুর্বলতা কাজে লাগিয়ে শতক তো পেরোলেনই, দ্বিশতকও পেরিয়ে অপরাজিত থাকেন ২৪২ রানে।

বাংলাদেশের একজন ব্যাটসম্যান কম থাকায় এবং বোলাররা ক্রিজে চলে আসায় শেষ দুই উইকেটে ৩৫টি সম্ভাব্য এক রান নেওয়া থেকে বিরত থাকেন হৃদয়। এটা প্রমাণ দেয়, তিনি টেস্ট ক্রিকেটের পরিণতিবোধ এই ছোট ক্যারিয়ারেই অর্জন করে ফেলেছেন।

টেকনিকের জায়গা থেকেও এই ইনিংসে হৃদয়ের উন্নতি ছিল চোখে পড়ার মতো। আগে তাকে নিয়ে অভিযোগ ছিল, লেগ সাইডে অনেক বেশি খেলেন। তবে নিজের শট রেঞ্জ নিয়ে কাজ করার সুফল হিসেবে চারপাশেই রান বের করেছেন অনায়াসে। ওয়েস্ট ইন্ডিজের পেসারদের বিপক্ষে যেভাবে সময় নিয়ে ব্যাট চালিয়েছেন, সেটা ৫০ টেস্ট খেলা একজন ব্যাটসম্যানকেও তৃপ্তি দিতে পারে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এরপর দ্বিতীয় ইনিংসে হৃদয়কে তিনে ব্যাট করতে দিয়ে নাজমুলকে ওপেনার হিসেবে নামানো হয়। মুমিনুলের পজিশনে নেমেও হৃদয় ব্যাটিং করেন একই ছন্দে। দুর্ভাগ্যজনকভাবে ৮২ রানে বোল্ড না হলে ইতিহাসে মাত্র ১১তম ক্রিকেটার হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির রেকর্ড গড়তে পারতেন।

এমন ব্যাটিংয়ের পরও বাংলাদেশের একজন ব্যাটসম্যান পরের ম্যাচে খেলতে পারবেন কি না, আর খেললেও কোন পজিশনে–এই চিন্তা আসাটাই বিস্ময়কর। অথচ হৃদয়কে নিয়ে এই চিন্তা করতে হচ্ছে।

সিলেট টেস্টে দুই ইনিংসে ২৪২* ও ৮২ রান করেন তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি
সিলেট টেস্টে দুই ইনিংসে ২৪২* ও ৮২ রান করেন তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি

কারণ, তিনি তিন ম্যাচে খেলেছেন তিনটি ভিন্ন ভিন্ন পজিশনে এবং পারফর্ম করেছেন প্রতিটিতেই। আর এটাই নির্বাচকদের জন্য মধুর সমস্যা। তাছাড়া হৃদয়ের ব্যাটিং টেকনিক টেস্টের সঙ্গে কতটা যায়, বিশেষ করে সাউথ আফ্রিকার কন্ডিশনে, সে প্রশ্ন তো ছিলই!

বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেহ অবশ্য বিষয়টি নিয়ে চিন্তাভাবনার সুযোগই দেখছেন না। তিনি বলেছেন, “আপনি আমাকে বলুন, বাংলাদেশের ইতিহাসে কে আগে টেস্টে ২৪২ করেছে? আমরা তো ২৬ বছর ধরে টেস্ট খেলি। (ফার্স্ট ক্লাস ক্রিকেটে) ৩৫০ রানও কেউ আগে করতে পারেনি, ২৪২ রানও না। তাই এখানে টেকনিক নিয়ে কথা বলার সুযোগই নেই।”

হৃদয়কে দলে রাখার প্রয়োজনে সিনিয়র কারও ব্যাটিং পজিশন বদলানোর পরামর্শও দিচ্ছেন রাজিন, “আমরা টেকনিক নিয়ে অনেক কথা বলি। কিন্তু রান করাটাই আসল। হৃদয়কে তাই দলে রাখতেই হবে! কীভাবে রাখবে, সেটা কোচ, অধিনায়ক, নির্বাচকদের ভাবতে হবে। সিনিয়রদের একজনকে ড্রপ করা সম্ভব না হলে শান্ত ওপেন করতে পারে। সেটাও সম্ভব না হলে মুমিনুলকে ওপেনিংয়ে দিয়ে শান্ত তিনে নামুক। কিন্তু কোনোভাবেই হৃদয়কে বাদ দেওয়া যাবে না। এটা মানসিকভাবে তাকে বড় ধাক্কা দিতে পারে।”

রাজিন যে সব উপায় বাতলে দিয়েছেন, বাংলাদেশের বাস্তবতায় তা অবশ্য প্রায় অসম্ভবই। কারণ, ফিট থাকলে দক্ষিণ আফ্রিকা সফরে মুশফিকুর ও মুমিনুল দুজনই খেলবেন। ওপেনার সাদমান ইসলামের জায়গায় স্কোয়াডে দুজন ওপেনার নেওয়া হয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের একাদশে ওপেনার হিসেবে নাজমুলের মতো ‘মেকশিফট’ কারও খেলার সম্ভাবনা কমই।

বাংলাদেশের হয়ে রেকর্ড ১০৭ টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ছবি: বিসিবি
বাংলাদেশের হয়ে রেকর্ড ১০৭ টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ছবি: বিসিবি

তিনে মুমিনুল, চারে নাজমুল, পাঁচে মুশফিক আর ছয়ে লিটন খেললে বাংলাদেশের সামনে হৃদয়কে হয় সাত নম্বরে খেলাতে হবে, নয়তো বাদ না দেওয়ার বিকল্প থাকবে না। সেটা হৃদয়ের এমন অবিশ্বাস্য ব্যাটিংয়ের পরও। যদিও ফর্মের বিচারে হৃদয় ওই তিনজনের চেয়েই এগিয়ে আছেন।

এর মধ্যে মুমিনুলের সাম্প্রতিক ফর্ম সুবিধাজনক নয়। বিদেশের মাটিতে ব্যাট হাতে মুমিনুলের পারফরম্যান্স কখনোই খুব একটা সুখকর নয়। দক্ষিণ আফ্রিকায় তো আরও শোচনীয় অবস্থা। চার টেস্টে মাত্র ১৩.১২ গড়ে করেছেন ১০৮ রান।

মুমিনুল হক। ছবি : বিসিবি
মুমিনুল হক। ছবি : বিসিবি

আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান–বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ১০৭ টেস্ট খেলা মুশফিকুর–তার শেষ ১০ ম্যাচে ছয়বার বোল্ড হয়েছেন। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল ঢুকে যাওয়ার যে সমস্যা মুশফিকের ক্যারিয়ারের শুরুর দিকে ছিল, তা ক্যারিয়ারের শেষদিকে এসে আবার ফিরে এসেছে। বয়সের সঙ্গে সঙ্গে তার ব্যাটিং টেকনিকে উল্লেখযোগ্য পতনের আভাসই কি এটি? আর মুশফিক যখনই রান করছেন, ডিফেন্সিভ মেজাজে খেলে ভুল সময়ে আউট হয়ে দলকে বিপদে ফেলছেন। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসেই যেমন, ৪৯ রানে গিয়ে বলের পর বল ডট দিয়ে শেষ পর্যন্ত সেই স্কোরেই বিদায় নিয়েছেন।

তবে একাদশে মুমিনুল ও মুশফিকুরের জায়গাটা কিছুটা নড়বড়ে হলেও বাংলাদেশের ক্রিকেটে সিনিয়রদের যে সংস্কৃতি রয়েছে, সেই কারণে হৃদয়কে জায়গা করে দিতে এই দুজনের একজনের বাদ পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর অধিনায়ক নাজমুল নিজের চার নম্বর পজিশন যদি ছেড়ে দেন, তাহলে তিনি কোথায় ব্যাট করবেন? দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে ওপেন করার ঝুঁকি নিশ্চয়ই তিনি নিতে চাইবেন না, যা তাকে আরও চাপে ফেলে দিতে পারে।

এসব কারণেই হৃদয়ের প্রসঙ্গে চলে আসছে নায়ারের নাম। কারণ, ৩০৩ রান করার পরও তাকে জায়গা হারাতে হয়েছিল অজিঙ্কা রাহানের কাছে। রাহানে সেই সময়ে ভারতীয় দলের অন্যতম পারফর্মিং ক্রিকেটার ছিলেন। ভারত তাদের টিম কম্বিনেশন ভাঙতে চায়নি বলে নায়ারকে পরের ম্যাচে দলের বাইরে চলে যেতে হয়েছিল। এরপর ১০ টেস্টে মাত্র ৫৭৯ রান করে শেষ হয় তার ক্যারিয়ার।

তবে বাংলাদেশের দলের কি সেই বাস্তবতা আছে?

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক যে অবস্থা, যেখানে ব্যাটসম্যানরা নিয়মিত রানই করতে পারছেন না। টপ অর্ডারে কেউই নেই রানের মধ্যে, ওপেনিংয়ে চলছে সংকট, সেখানে একজন ব্যাটসম্যান রানে থাকার পরও তাকে পরের ম্যাচে একাদশে রাখা হবে কি না, তা নিয়ে কেন চিন্তা করতে হচ্ছে নির্বাচকদের?

সিলেট টেস্টে ওপেন করেছেন অধিনায়ক নাজমুল হোসেন। ছবি: বিসিবি
সিলেট টেস্টে ওপেন করেছেন অধিনায়ক নাজমুল হোসেন। ছবি: বিসিবি

হয়তো এই কারণেই যে, এক হৃদয়কে খেলাতে হলে পুরো দলের পরিকল্পনায় আনতে হবে পরিবর্তন। যেমন, হৃদয় যদি তিন বা চারে ব্যাট করেন, তাহলে মুমিনুলকে টপ অর্ডারে রেখে নাজমুলকে ওপেন করতে হবে। কিন্তু নাজমুল তার ব্যাটিং টেকনিক নিয়ে সাউথ আফ্রিকার কন্ডিশনে একেবারে নতুন বলের মুখোমুখি হতে চাইবেন কি? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ওপেন করেছেন ঠিকই, কিন্তু সিলেট আর ওয়ান্ডারার্স-সেঞ্চুরিয়ন তো এক না!

নাজমুল যদি শেষ পর্যন্ত ওপেনিংয়ে যান, সে ক্ষেত্রে মুমিনুলকে তিনে পাঠিয়ে হৃদয়কে চারে সুযোগ করে দেওয়া সম্ভব। এই পজিশনে ব্যাট করেই তিনি প্রায় আড়াইশ রানের ইনিংস খেলেছেন। আর যদি বাংলাদেশ দল ওপেনার পজিশন নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে না চায় এবং নাজমুল তার পজিশনেই ব্যাট করেন, তাহলে হৃদয়কে টপ বা মিডল অর্ডারে খেলাতে হলে বাংলাদেশের সামনে থাকবে দুটি উপায়। প্রথমটি হলো, মুমিনুল বা মুশফিকুরের একজনকে বাদ দেওয়া। যদি দুই সিনিয়রের কাউকে এখনই বসিয়ে দেওয়ার মতো ভাবনার–বা ইচ্ছা কিংবা সাহসের–আভাস দেখা যাচ্ছে না দলের থিংক ট্যাঙ্কে।

মাত্র তিন টেস্টেই বাংলাদেশের ইতিহাসের সেরা ইনিংস খেলে ফেলেছেন তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি
মাত্র তিন টেস্টেই বাংলাদেশের ইতিহাসের সেরা ইনিংস খেলে ফেলেছেন তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি

আর নাহলে হৃদয়কে খেলাতে হবে নতুন আরেকটি পজিশনে, অর্থাৎ ছয় অথবা সাত নম্বরে। ছয়ে এখন ব্যাট করছেন লিটন দাস। কিন্তু হৃদয় সাতে খেললে তিনি ক্রিজে নামতে নামতে বল অনেক বেশি পুরোনো হয়ে যাবে, যা তার ব্যাটিংয়ের জন্য আদর্শ নয়। আর এই কম্বিনেশন সাজালে বাংলাদেশকে একাদশ সাজাতে হবে তিন পেসার ও এক স্পিনার অথবা চার পেসার নিয়ে, যা দলের জন্যও আদর্শ নয়।

মেহেদী হাসান মিরাজ বিদেশের মাটিতেও স্পিন অলরাউন্ডার হিসেবে অটোমেটিক চয়েস। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে তাকে নিয়েই চারজন বোলার নিয়ে খেলবে বাংলাদেশ! পঞ্চম বোলার হিসেবে থাকবেন মুমিনুলের মতো একজন পার্টটাইমার।

সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের? চলতি বছর বাংলাদেশ টেস্টে বড় বড় সাফল্যগুলো পাচ্ছে পাঁচজন বিশেষজ্ঞ বোলার খেলিয়েই। কাউকে বাদ না দিয়ে হৃদয়কে একাদশে রাখতে চাইলে বাংলাদেশকে টিম কম্বিনেশনের ক্ষেত্রে বড় ছাড় দেওয়ার বিকল্প তাই আর নেই। একজন বোলার কম নিয়েই দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে লড়তে হবে।

টানা চার টেস্টে জয়হীন বাংলাদেশ তাহলে কী করবে? টিম কম্বিনেশনের জন্য হৃদয়কে বসিয়ে দেবে? নাকি মুশফিকুর বা মুমিনুলের মধ্যে একজনকে বাদ দেওয়ার দুঃসাহস দেখাবে? নাকি অধিনায়ক নাজমুল ত্যাগ স্বীকার করে ওপেনিংয়ে চলে যাবেন?

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে হৃদয়কে খেলানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া রাবাদা-ইয়ানদের বাউন্সার সামলানোর মতোই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে বাংলাদেশের জন্য।

হৃদয়ের ক্যারিয়ারে কি করুণ নায়ারের মতো পরিণতি হবে? নাকি বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে তার হাত ধরে?