Advertisement

১৯ টেস্টেই সবার ওপরে হাসান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

১৯ টেস্টেই সবার ওপরে হাসান
৫টি ভিন্ন ভিন্ন দেশে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হাসান মাহমুদ। ছবি: বিসিবি

অস্ট্রেলিয়া সফর থেকেই নাহিদ রানা অনুপস্থিতিতে বাংলাদেশের পেস বোলিং লাইনআপের নেতৃত্ব দিচ্ছেন হাসান মাহমুদ। এবার তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দেশের মাটিতে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। এর আগে চারবার পাঁচ উইকেট পেলেও প্রতিবারই তা ছিল দেশের বাইরে।

Advertisement

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে পাঁচ উইকেট পূর্ণ হয় হাসানের। এর মধ্য দিয়ে একটি দারুণ রেকর্ড গড়েছেন। বাংলাদেশের পেস বোলারদের মধ্যে মাত্র ১৯ টেস্ট খেলেই সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হাসান মাহমুদ। ১৯ টেস্টে ইনিংসে পাঁচবার ৫ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।

Advertisement

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শাহাদাত হোসেন। তিনি ৩৮ টেস্টে চারবার ৫ উইকেট নিয়েছিলেন। নাহিদ রানা ইনিংসে দুইবার পাঁচ উইকেট নিয়েছেন ১২ টেস্ট খেলে। এছাড়া রবিউল ইসলাম নয় টেস্ট খেলে দুইবার ৫ উইকেট নিয়েছিলেন।

এছাড়া মঞ্জুরুল ইসলাম, রুবেল হোসেন, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম ইনিংসে একবার করে ৫ উইকেট নিয়েছেন।

হাসানের ৫ উইকেটের স্পেলগুলো এসেছে পাঁচটি ভিন্ন ভিন্ন দেশে। এটিও একটি বিশ্ব রেকর্ড। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মাটিতে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ইতিহাসের প্রথম বোলারও এখন হাসান।

প্রথম দিনে বাংলাদেশের সেরা বোলার ছিলেন হাসানই। দিনের প্রথম ও শেষ ঘণ্টায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের তার নিখুঁত লাইন-লেন্থ ও সুইং দিয়ে ভুগিয়েছেন। দ্বিতীয় দিনেও অব্যাহত ছিল একই চিত্র। ছয়টি উইকেটের মধ্যে তিনটিই নিয়েছেন বোল্ড করে।

প্রথম ইনিংসে ৯০ রানে ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।
প্রথম ইনিংসে ৯০ রানে ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।

এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সেঞ্চুরিয়ান আমির জাঙ্গোকে ১৩৮ রানে ফেরানোর পর গোল্ডেন ডাকে রোস্টন চেজকেও ফিরিয়েছেন। এরপর জেগেছিল হ্যাটট্রিকের সম্ভাবনাও।

সবশেষ গত অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টেস্টে প্রথমবারের মতো হ্যাটট্রিকের স্বাদ পাওয়া হাসান মাহমুদ এবারও প্রায় হ্যাটট্রিক পেয়েই যাচ্ছিলেন। তার লেগ বিফোরের আবেদনে সাড়াও দিয়েছিলেন আম্পায়ার। তবে ডিআরএস রিভিউ নিয়ে রক্ষা পান ব্যাটসম্যান।

শেষ পর্যন্ত ৯০ রানে ছয় উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করেন হাসান মাহমুদ। আর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামে ৩৫৬ রানে।