Advertisement

পুলিশ কি মোবাইল ফোন চেক করতে পারে?

পুলিশ কি মোবাইল ফোন চেক করতে পারে?
আদালতের নির্দেশ ছাড়া জনসাধারণের ব্যক্তিগত ফোন তল্লাশি ফৌজদারি অপরাধ বলে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদ। প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

কিছু দিন আগে বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফিরছিলেন রাফিদুল ইসলাম সাকি। মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে আসতেই তাকে ডাকেন দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য। সাকিকে ফোন বের করতে বলে তার ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ খুলে দেখাতে বলে। ফেসবুকের ছবি এবং পোস্টগুলোও দেখে তারা। হোয়াটসঅ্যাপের গ্রুপের মেসেজও খুলে দেখে পুলিশ।

Advertisement

চরচাকে এমনটিই জানিয়েছেন সাকি। গত ১৭ নভেম্বর পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশি তল্লাশির মুখে পড়েন সাকি। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে যাচ্ছিলাম কারওয়ান বাজার। এর আগে এখানে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হচ্ছিল। আামি যখন যাচ্ছিলাম তখন সব কিছু শান্ত। মিরপুর ১১ এর মেট্রো স্টেশনের নিচে আসতেই হ্যান্ডমাইক দিয়ে পুলিশের একজন কর্মকর্তা ডাক দেন। এরপর আমি ভার্সিটির আইডি কার্ড দেখালেও আমার ফোন নিয়ে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে ঢোকেন তিনি। পুলিশ আমাদের বন্ধুদের চ্যাট গ্রুপ দেখে। পড়ে মোবাইল দিয়ে দেয়। ফোন কেন দেখা হলো জানতে চাইলে বলে, ‘কিছু না পেলে তো আমরা তোমাকে ছেড়ে দেব, তুমি ভয় পাচ্ছো কেন?’। আসলে আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণ নিয়ে আমার কিছু বলার নাই।”

সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে খবরের প্রেক্ষাপটে সহিংসতা এবং পোশাক শ্রমিকদের আন্দোলনকে ঘিরে এসব তল্লাশি চালানো হয়। তবে আইন বলছে, পুলিশ কারও ফোন চেক করতে পারে না। যদিও পুলিশের দাবি, তারা ফোন তল্লাশি করতে পারে।

গত ১৪ আগস্ট রাত ১০টায় ধানমন্ডির বাসায় ফিরছিলেন ওষুধ কোম্পানিতে চাকরিরত নাজমুল হুদা। তল্লাশি চৌকিতে নাজমুল হুদাকে দাঁড় করিয়ে শরীর তল্লাশি করে ফোন বের করে হাতে নিয়ে স্ক্রিনলক খুলতে বলেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। সেখানে উপস্থিত ছিল একাধিক মোবাইল জার্নালিস্ট।

Advertisement

নাজমুল হুদা চরচাকে বলেন, “পুলিশ আমার শরীর তল্লাশি করেছে, এতে আমার কোনো অভিযোগ নেই, নিরাপত্তার স্বার্থে করতেই পারে। কিন্তু ফোন খুলে কললিস্ট, সোশ্যাল মিডিয়া এসব দেখছে। আবার ওখানে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরা আমার ফোনের ডিসপ্লেতে তাক করা ছিল। পুলিশ তাদের মানাও করছে না। আমাদের ব্যক্তিগত নিরাপত্তা এতই সস্তা হয়ে গেল?”

কী বলছে পুলিশ?

সন্দেহ হলেই পুলিশ ফোন তল্লাশি করতে পারে কি না- জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন চরচাকে বলেন, “পুলিশের যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয়- তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো অপরাধ করছে, তখন তো তার ফোন তল্লাশি করতে পারে। আজকাল অনেকে সাইবার ক্রাইম করছে, যেমন: সন্ত্রাসবাদী কার্যক্রম, অনলাইন জুয়া ও মাদকের কারবার। এসব কাজে জড়িত কাউকে সন্দেহ হলে পুলিশ তার ব্যবহৃত ফোন তল্লাশি করে।”

জনসাধারণের ফোন তল্লাশির কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “মোবাইল ফোন তল্লাশির বিষয়ে কোনো নির্দেশনা আছে কি না, এটা আমার জানা নেই। নির্দেশনা বিভিন্নভাবে দিতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মিটিং হয়। একেক মিটিংয়ে একেক নির্দেশনা দেন কমিশনাররা।”

মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে জনসাধারণের ফোন চেক করার কোনো নির্দেশনা ছিল কি না, জানতে চাইলে আকতার হোসেন বলেন, “মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ দল জ্বালাওপোড়াও করেছে। আমাদের কাছে ফুটেজসহ প্রমাণ আছে। তাই আমরা আইডেন্টিফাই করার জন্য তল্লাশি করেছি।”

তল্লাশি করেন রাজনৈতিক ব্যক্তিরাও

শুধু পুলিশই নয়, রাজনৈতিক ব্যক্তিদেরকেও অনেকের ফোন তল্লাশি করতে দেখা গেছে। ফেসবুকে সম্প্রতি এ রকম কিছু ভিডি দেখা গেছে। একটিতে দেখা যায়, গত ১৮ নভেম্বর রাতে ধানমন্ডিতে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন কয়েকজন ব্যক্তির ফোন তল্লাশি করছেন। ওখানে উপস্থিত ছিলেন কয়েকজন মোবাইল জার্নালিস্ট। ভিডিওতে দেখা যায়, যাদের ফোন তল্লাশি করা হচ্ছে তাদের ফোনের ডিসপ্লে উঁচু করে গণমাধ্যমকর্মীদের দেখাচ্ছেন নয়ন।

খুলনা থেকে ঢাকা যাওয়ার সময় গোপালগঞ্জে বাসে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

খুলনা-মাওয়া মহাসড়কে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় গাড়ি থামিয়ে তল্লাশি চালায় কয়েকজন যুবক। তারা কয়েকটি বাসে উঠে তল্লাশি করে। তখন ওই যুবকদের বলতে দেখা যায়, “সবাইকি জয় বাংলার লোক? এই গাড়িতে কোনো রাজাকার নাই তো?” এরপর একজনের ফোন তল্লাশি করে তারা। কয়েকটি গণমাধ্যমের দাবি, তারা আওয়ামী লীগের নেতা-কর্মী।

আইন কী বলছে

আদালতের নির্দেশ ছাড়া জনসাধারণের ব্যক্তিগত ফোন তল্লাশি ফৌজদারি অপরাধ বলে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদ। চরচাকে তিনি বলেন, “২০০৩ সালে হাইকোর্ট বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও রিমান্ডের ক্ষেত্রে ১৫টি নির্দেশনা জারি করেন। নির্দেশনায় বলা আছে, কোনো পুলিশ কর্মকর্তা সন্দেহের বশে কাউকে তল্লাশি করা দরকার মনে করলে সেটা ডায়রিতে লিপিবদ্ধ করে সাক্ষীর উপস্থিতিতে করবেন। কিন্তু সেটা শুধু দেহ তল্লাশির ক্ষেত্রে প্রযোজ্য।”

ইমতিয়াজ মাহমুদ বলেন, “মোবাইল ফোন আমাদের ব্যক্তিগত জিনিস। যদি কোনো মোবাইল মামলার তদন্তের জন্য তল্লাশি করতে হয় তখন আদালতের নির্দেশ নেওয়া লাগবে।”

জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ১২ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, “কারও ব্যক্তিগত গোপনীয়তা, পরিবার, বাসস্থান বা চিঠিপত্রের ওপর খামখেয়ালি বা বেআইনি হস্তক্ষেপ করা যাবে না।” এই ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে প্রত্যেক মানুষের আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

ভুক্তভোগীরা দুই ধরনের আইনত ব্যবস্থা নিতে পারেন উল্লেখ করে ইমতিয়াজ মাহমুদ বলেন, “সংবিধানে ৪৩ অনুচ্ছেদে নাগরিকদের ব্যক্তিগত যোগাযোগের গোপনীয়তার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, সেটার গুরুতর লঙ্ঘন। তাই এটা একপ্রকার ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। ভুক্তভোগী যদি চায় তাহলে মামলা করতে পারবেন এ ছাড়াও আমরা দেখছি অনেক গণমাধ্যম ফলাও করে এটা প্রচার করছে। এটার জন্য মানহানির মামলা করতে পারেন ভুক্তভোগীরা।”

সংবিধানের ৪৩ অনুচ্ছেদে বলা আছে, “রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ-সাপেক্ষে প্রত্যেক নাগরিকের (ক) প্রবেশ, তল্লাশী ও আটক হইতে স্বীয় গৃহে নিরাপত্তালাভের অধিকার থাকিবে; এবং (খ) চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনতারক্ষার অধিকার থাকিবে।”

কোনো নাগরিকের ব্যক্তিগত মোবাইল ফোন চেক করার বিষয়টি আইন, মানবাধিকারের দিক থেকে জনগণের মৌলিক অধিকার পরিপন্থী বলে মনে করেন গুম কমিশনের সাবেক সদস্য মানবাধিকার কর্মী নূর খান লিটন। চরচাকে তিনি বলেন,“আমরা দেখছি রাস্তাঘাটে রাজনৈতিক নেতা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক জনগণের মোবাইল তল্লাশি করা হচ্ছে। এতে সংবিধানের গোপনীয়তার অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এ ছাড়াও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো নাগরিকের ব্যক্তিগত সামগ্রী তল্লাশি করা মৌলিক অধিকারের পরিপন্থী। বাংলাদেশের প্রচলিত কোনো আইনেই কোনো রাজনৈতিক দলের নেতা, কর্মী বা সাধারণ নাগরিককে রাস্তাঘাটে অন্য কোনো নাগরিকের শরীর বা ব্যক্তিগত ফোন তল্লাশি করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি।”