Advertisement

বাসের কন্ডাক্টরের লাইসেন্স: কয়জন জানে, কে মানে!

বাসের কন্ডাক্টরের লাইসেন্স: কয়জন জানে, কে মানে!
চলন্ত বাসের ভেতরের ব্যবস্থাপনা ও যাত্রীর নিরাপত্তার প্রশ্নে চালকের চেয়ে কন্ডাক্টরের ভূমিকা কোনো অংশে কম নয়। প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

২০১৮ সালের সড়ক পরিবহন আইন এবং পরে প্রণীত ২০২২ সালের সড়ক পরিবহন বিধিমালায় বৈধ লাইসেন্স ছাড়া গণপরিবহনে কন্ডাক্টর হিসেবে কাজ করা এবং লাইসেন্সবিহীন কাউকে নিয়োগ দেওয়া নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। কিন্তু আইন কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাস্তবে লাইসেন্সধারী কন্ডাক্টরের সংখ্যা এখনো শূন্যের কাছাকাছি।

Advertisement

আইনে এমন স্পষ্ট বিধান থাকার পরও কেন তা শুধু কাগজ-কলমেই সীমাবদ্ধ হয়ে আছে? এর কারণ খুঁজতে গিয়ে সামনে এসেছে খাতটির কাঠামোগত অনিয়ম, মালিক-শ্রমিক সম্পর্কের অনানুষ্ঠানিক ধরন এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও শিথিলতা।

Advertisement

আইন কার্যকর না হওয়ার চার কারণ

অনুসন্ধানে দেখা গেছে, আইনটি প্রয়োগ না হওয়ার পেছনে মূলত চারটি কারণ বাধা হয়ে দাঁড়িয়েছে।

সড়ক পরিবহন বিধিমালায় বৈধ লাইসেন্স ছাড়া গণপরিবহনে কন্ডাক্টর হিসেবে কাজ করা দণ্ডনীয় অপরাধ। ছবি: এআই দিয়ে তৈরি
সড়ক পরিবহন বিধিমালায় বৈধ লাইসেন্স ছাড়া গণপরিবহনে কন্ডাক্টর হিসেবে কাজ করা দণ্ডনীয় অপরাধ। ছবি: এআই দিয়ে তৈরি

প্রথম কারণ, অনানুষ্ঠানিক শ্রমবাজার। বাংলাদেশের গণপরিবহন খাত মূলত অনানুষ্ঠানিক শ্রমবাজারের ওপর দাঁড়িয়ে আছে। আইনে লিখিত চুক্তি ও নিয়োগপত্র দিয়ে কন্ডাক্টর নিয়োগের কথা বলা থাকলেও পরিবহন মালিকেরা তা মানেন না। বাসের কন্ডাক্টর ও হেলপাররা কাজ করেন অনেকটা দিনমজুরের মতো। আজ এক কোম্পানির বাসে কাজ করলে কাল আরেকটি বাসে চলে যান। স্থায়ী চাকরি ও প্রাতিষ্ঠানিক পরিচয়পত্রের নিশ্চয়তা না থাকায় শ্রমিকদের মধ্যে লাইসেন্স নেওয়ার কোনো আগ্রহ বা তাগিদ তৈরি হয় না।

দ্বিতীয় কারণ, ‘দৈনিক জমা’ ও ট্রিপভিত্তিক কন্ট্রাক্ট প্রথা। এই প্রথা খাতটির পেশাদারিত্ব নষ্ট করে দিয়েছে। মালিকেরা দিন শেষে চালক ও কন্ডাক্টরের কাছ থেকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা ‘জমা’ হিসেবে বুঝে নেন। জমার অতিরিক্ত যে অর্থ থাকে, শ্রমিকেরা তা নিজেদের মধ্যে ভাগ করে নেন। ফলে কন্ডাক্টরদের মূল লক্ষ্য থাকে যত দ্রুত সম্ভব বেশি যাত্রী তুলে দৈনিক আয় বাড়ানো। আইনি বৈধতা বা পেশাদার প্রশিক্ষণ পাওয়া তাঁদের লক্ষ্য নয়।

তৃতীয় কারণ, তদারকি সংস্থার দায়িত্ব নিয়ে টানাপোড়েন। তদারকির দায়িত্বে থাকা সংস্থাগুলোর দায়িত্ব নিয়ে টানাপোড়েন, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও শিথিলতার কারণে আইন না মানার প্রবণতা স্থায়ী রূপ নিয়েছে। সড়কে ট্রাফিক পুলিশ সাধারণত গাড়ির নিবন্ধন, ফিটনেস, রুট পারমিট ও চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কন্ডাক্টরের লাইসেন্স আছে কি না, তা কখনোই পরীক্ষা করা হয় না।

পুলিশের বক্তব্য অনুযায়ী, কন্ডাক্টর লাইসেন্সের মামলা করার এখতিয়ারই তাদের নেই; এটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ। আবার মাঠপর্যায়ের ট্রাফিক সার্জেন্টদের দাবি, নতুন আইন ও বিধিমালা নিয়ে তাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি। এমনকি মামলা করার ডিজিটাল পিওস মেশিনের সফটওয়্যার হালনাগাদ করা হয়নি, রসিদবইও সরবরাহ করা হয়নি।

চতুর্থ কারণ, মালিকদের অনাগ্রহ ও সিন্ডিকেটের প্রভাব। দুর্ঘটনা ঘটলে চালকের লাইসেন্স বা গাড়ির ফিটনেস না থাকার কারণে মালিকের নামে মামলা হওয়ার ঝুঁকি থাকে। তাই মালিকেরা চালকের লাইসেন্স কঠোরভাবে যাচাই করেন। কিন্তু কন্ডাক্টরের লাইসেন্সের ক্ষেত্রে এ ধরনের আইনি ও আর্থিক চাপ বাস্তবে নেই। ফলে মালিকপক্ষ বিষয়টিকে গুরুত্বই দেয় না।

লাইসেন্স কেন প্রয়োজন?

চলন্ত বাসের ভেতরের ব্যবস্থাপনা ও যাত্রীর নিরাপত্তার প্রশ্নে চালকের চেয়ে কন্ডাক্টরের ভূমিকা কোনো অংশে কম নয়। চালক যখন সড়কের যানজট, গতি ও স্টিয়ারিং নিয়ন্ত্রণে মনোযোগী থাকেন, তখন বাসের দরজার নিরাপত্তা নিশ্চিত করা, নির্ধারিত স্থানে যাত্রীদের শৃঙ্খলার সঙ্গে ওঠানামা করানো এবং ভাড়া সংগ্রহের কাজ মূলত কন্ডাক্টরই করেন।

বাস্তবে লাইসেন্স ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকায় অদক্ষ ও যাচাই-বাছাই ছাড়া নিয়োগ পাওয়া কন্ডাক্টররা চলন্ত বাসেই যাত্রী ওঠানামা করান। তারা দরজা খোলা রেখে চালককে দ্রুত গাড়ি টান দিতে সংকেত দেন এবং স্টপেজের বাইরে মাঝরাস্তায় ঝুঁকিপূর্ণভাবে যাত্রী নামিয়ে দেন। এই অনভিজ্ঞতা ও ভুল সিদ্ধান্তের কারণে প্রতিবছর অসংখ্য যাত্রী ও পথচারী বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান অথবা পঙ্গু হয়ে যান।

লাইসেন্স না থাকার কারণে কন্ডাক্টরের পরিচয় যাচাই, স্বাস্থ্য পরীক্ষা, মাদক পরীক্ষা (ডোপ টেস্ট) বা আচরণগত প্রশিক্ষণ ছাড়াই কন্ডাক্টর নিয়োগ দেওয়ায় গণপরিবহনে যাত্রী হয়রানি ভয়াবহ আকার নিয়েছে। নির্ধারিত ভাড়ার চার্ট উপেক্ষা করে বাড়তি ভাড়া আদায়, প্রতিবাদ করলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, গালাগাল ও মারধর, এমনকি চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো গুরুতর অপরাধ–এসবের পেছনে এই লাইসেন্সহীন ও দায়বদ্ধতাহীন নিয়োগব্যবস্থা দায়ী। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য গণপরিবহনে নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে পেশাদার, প্রশিক্ষিত ও নিবন্ধিত কন্ডাক্টর থাকা অপরিহার্য।

সড়ক দুর্ঘটনার পর জরুরি পরিস্থিতিতে প্রাণ বাঁচাতেও কন্ডাক্টরের ভূমিকা গুরুত্বপূর্ণ। ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী, দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন রক্ষায় দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া চালক ও কন্ডাক্টরের আইনি বাধ্যবাধকতা। কিন্তু মাঠপর্যায়ে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চালু না থাকায় এবং কন্ডাক্টরদের প্রাথমিক চিকিৎসার (ফার্স্ট এইড) কোনো ব্যবহারিক জ্ঞান না থাকায় দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কন্ডাক্টর ও হেলপাররা আহত যাত্রীদের ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

আন্তর্জাতিকভাবেও কন্ডাক্টর লাইসেন্সিং ব্যবস্থাকে সড়ক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়। ভারতের মোটর ভেহিক্যালস অ্যাক্ট, ১৯৮৮-এর তৃতীয় অধ্যায়ে স্টেজ ক্যারেজ বা বাসের কন্ডাক্টরের জন্য লাইসেন্স কঠোরভাবে বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে বৈধ লাইসেন্স ছাড়া কেউ কন্ডাক্টর হিসেবে কাজ করতে পারেন না, কোনো মালিকও লাইসেন্সহীন কাউকে নিয়োগ দিতে পারেন না। ভারতের আঞ্চলিক পরিবহন অফিস (আরটিও) থেকে লাইসেন্স পেতে হলে সেন্ট জন অ্যাম্বুলেন্স বা অনুমোদিত কোনো প্রতিষ্ঠানের দেওয়া ফার্স্ট এইড (প্রাথমিক চিকিৎসা) সনদ জমা দেওয়া বাধ্যতামূলক।

ভারতের কর্ণাটক হাইকোর্টের পর্যবেক্ষণেও স্পষ্ট বলা হয়েছে, দুর্ঘটনা বা জরুরি প্রয়োজনে যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও ব্যবস্থাপনা নিশ্চিত করাই কন্ডাক্টর লাইসেন্সের মূল উদ্দেশ্য; আর লাইসেন্স ছাড়া কন্ডাক্টর নিয়োগ দেওয়া আইনের দৃষ্টিতে অপরাধ।

লাইসেন্স না থাকার কারণে কন্ডাক্টরের পরিচয় যাচাই, স্বাস্থ্য পরীক্ষা, মাদক পরীক্ষা (ডোপ টেস্ট) বা আচরণগত প্রশিক্ষণ ছাড়াই কন্ডাক্টর নিয়োগ দেওয়ায় গণপরিবহনে যাত্রী হয়রানি ভয়াবহ আকার নিয়েছে। প্রতীকী ছবি: এআই দিয়ে নির্মিত
লাইসেন্স না থাকার কারণে কন্ডাক্টরের পরিচয় যাচাই, স্বাস্থ্য পরীক্ষা, মাদক পরীক্ষা (ডোপ টেস্ট) বা আচরণগত প্রশিক্ষণ ছাড়াই কন্ডাক্টর নিয়োগ দেওয়ায় গণপরিবহনে যাত্রী হয়রানি ভয়াবহ আকার নিয়েছে। প্রতীকী ছবি: এআই দিয়ে নির্মিত

অন্যদিকে যুক্তরাজ্যে পাবলিক প্যাসেঞ্জার ভেহিক্যালস অ্যাক্ট ও পাবলিক সার্ভিস ভেহিক্যাল (পিএসভি) মানদণ্ডের আওতায় অতীতে বাস কন্ডাক্টরদের পোশাকে নির্দিষ্ট লাইসেন্স ব্যাজ প্রদর্শন করতে হতো। আধুনিক স্বয়ংক্রিয় যুগেও তাদের নির্দিষ্ট পেশাগত দক্ষতা ও কাস্টমার কেয়ারের মানদণ্ড মেনে দায়িত্ব পালন করতে হয়।

আইনে কী আছে?

২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের পর পুরনো ‘মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩’ বাতিল করে সরকার। এর বদলে প্রণীত ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ কার্যকর হয় ২০১৯ সালের ১ নভেম্বর। এরপর ২০২২ সালের ২৭ ডিসেম্বর জারি করা হয় ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’। এই বিধিমালায় গণপরিবহনের কন্ডাক্টর বা সুপারভাইজার লাইসেন্স পাওয়ার শর্ত, আবেদন প্রক্রিয়া, খরচ, মেয়াদ ও নিয়োগের পূর্ণাঙ্গ কাঠামো ঠিক করে দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এ বলা আছে, বৈধ লাইসেন্স ছাড়া কেউ গণপরিবহনে কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এই নিয়ম ভাঙলে আইনের ৭১ ধারা অনুযায়ী তা দণ্ডনীয় অপরাধ। এর শাস্তি সর্বোচ্চ ১ মাসের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা অর্থদণ্ড।

এ ছাড়া আইনের ১৫(১) ধারা অনুযায়ী, ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ মেনে লিখিত চুক্তি ও নিয়োগপত্র ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কাউকে গণপরিবহনে কন্ডাক্টর হিসেবে নিয়োগ দিতে পারবে না। পাশাপাশি আইনের ৪৯ ধারায় বলা হয়েছে, মদ বা নেশাজাতীয় দ্রব্য খেয়ে কোনো কন্ডাক্টর বা মোটরযান শ্রমিক গাড়িতে অবস্থান করতে পারবেন না।

২০২২ সালের বিধিমালা অনুযায়ী, বাস, মিনিবাস কিংবা লেগুনার কন্ডাক্টর বা সুপারভাইজার লাইসেন্স পেতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে। আবেদনকারীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে এবং বিআরটিএ গঠিত বা মনোনীত কর্তৃপক্ষের দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া লাইসেন্স নেওয়া ও চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) সনদ থাকা বাধ্যতামূলক।

শুধু লাইসেন্স থাকলেই চলবে না। কন্ডাক্টর বা সুপারভাইজার নিয়োগের সময় মালিকপক্ষকে নির্দিষ্ট ফরমে নিয়োগপত্র ও পরিচয়পত্র দিতে হবে। দুই পক্ষের মধ্যে থাকতে হবে লিখিত চুক্তিপত্র। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী কন্ডাক্টরকে নির্ধারিত বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা দিতে হবে।

আইনে কর্মঘণ্টাও নির্দিষ্ট করা আছে। একজন কন্ডাক্টর একটানা ৫ ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না। এরপর অন্তত আধা ঘণ্টা বিরতি দিয়ে আরও ৩ ঘণ্টা কাজ করতে পারবেন। অর্থাৎ দিনে সর্বোচ্চ ৮ ঘণ্টা এবং সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্টরা কী বলছেন

আইন ও বিধিমালায় কন্ডাক্টর লাইসেন্সের এত স্পষ্ট কাঠামো থাকার পরও রাস্তায় এর কোনো প্রতিফলন নেই। কেন এমন হচ্ছে–তা নিয়ে পুলিশ প্রশাসন, বিআরটিএ, পরিবহন মালিক সমিতি, সাধারণ বাসমালিকদের বক্তব্যে পরস্পরবিরোধী অবস্থান ও দায় এড়ানোর প্রবণতাই স্পষ্ট হয়ে উঠেছে।

মাঠপর্যায়ে ট্রাফিক পুলিশ কেন কন্ডাক্টরের লাইসেন্স যাচাই করে না–এমন প্রশ্নে আইনি এখতিয়ারের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার জাকির হোসেন সুমন। তিনি চরচাকে বলেন, “আইনের সবগুলো ধারায় ট্রাফিক পুলিশ ব্যবস্থা নিতে পারে না। কন্ডাক্টরের কাছে যদি কন্ডাক্টর লাইসেন্স না থাকে, সেটার মামলা ট্রাফিক পুলিশ দিতে পারে না; সেটা বিআরটিএ-র ম্যাজিস্ট্রেট দেন। এটার যাবতীয় বিষয় মনিটর করার কাজও বিআরটিএ-র।”

নাম প্রকাশ না করার শর্তে মাঠপর্যায়ের কয়েকজন ট্রাফিক সার্জেন্ট চরচাকে বলেন, আইন ও বিধিমালা করা হলেও তাদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। মামলা করার ডিজিটাল যন্ত্র (পিওএস মেশিন) সফটওয়্যার হালনাগাদ করা হয়নি, সরবরাহ করা হয়নি কাগজের রসিদ বইও। ফলে নতুন আইনের অনেক ধারায় তারা মামলা করতে পারছেন না।

বিআরটিএর এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার চরচাকে বলেন, “কন্ডাক্টর লাইসেন্সের বিষয়টা আইনে আছে, কিন্তু এটার বাস্তবায়ন শুরু হয়নি এখনো। এখানে মালিক সমিতিরও বিষয় আছে। মালিক সমিতি কন্ডাক্টরদের কোনো নিয়োগপত্র দেয় না। সেটা না দেখালে তো লাইসেন্স করাও সম্ভব না। আগে মালিকদেরকে নিয়মিত চুক্তিপত্র দিতে হবে। তারপর লাইসেন্সের বিষয়টা বাস্তবায়ন হবে।”

পরিবহন মালিকদের শীর্ষ পর্যায়ের লোকজন অবশ্য দীর্ঘদিনের অবহেলার বিষয়টি স্বীকার করেছেন। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহাম্মেদ খোকন চরচাকে বলেন, “এটা আইন আছে আমরাও জানি। কিন্তু প্রায় ১৫-২০ বছর যাবৎ এটার কোনো প্রয়োগ নাই। বাস মালিকরা কন্ট্রাক্টে বাস ছেড়ে দেয় বিভিন্ন ব্যক্তির কাছে। তারা শুধু টাকাটা নেয়। কন্ডাক্টরদের কীভাবে নিয়োগ দিচ্ছে, কারা দিচ্ছে–এসব বিষয় কেউই দেখে না।”

বাস মালিকরা ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কঠোর হলেও কন্ডাক্টর লাইসেন্সের বিষয়ে উদাসীন কেন? এর ব্যাখ্যায় আহাম্মেদ খোকন বলেন, “ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মালিক এখন গাড়ি দেন না, কারণ একটা দুর্ঘটনা হলে যদি লাইসেন্স না থাকে, সেটা মালিকের নামেও মামলা হবে, বা ফিটনেস না থাকলে মালিকের নামেও মামলা হবে। যার জন্য মালিকেরা এই পয়েন্টে খুব জোরাল আছে, কিন্তু কন্ডাক্টর লাইসেন্সের ব্যাপারে এখনো এরকম জোরাল হয়নি।”

তবে বাসমালিক রফিকুল হোসাইন কাজল দায়ী করছেন এই খাতের ভেতরের অনিয়ম, চাঁদাবাজি আর প্রশাসনিক ব্যর্থতাকে। তিনি চরচাকে বলেন, “এই সমস্ত গরিব মানুষের ওপর জোরজুলুম করা যাবে না। একটা প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। এমনভাবে আইনের প্রয়োগ করতে হবে যেন কন্ডাক্টরের লাইসেন্স ছাড়া কোনো গাড়ি না চলে। সেই ব্যবস্থা সরকার চাইলে করতে পারে। মালিকেরা কন্ডাক্টর কীভাবে নিয়োগ দেবেন? এখানে তো নিয়োগই নেই।”

পরিবহন খাতে শৃঙ্খলা না ফেরার পেছনে সিন্ডিকেট ও আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়েও অভিযোগ তোলেন রফিকুল হোসাইন কাজল। তিনি বলেন, “পুলিশরা কখনোই শৃঙ্খলা চায় না, কারণ আইন আসলেই ওদের আয় বন্ধ হয়ে যায়। আইনটা কারা প্রয়োগ করবেন? যিনি প্রয়োগ করবেন, তিনিই চান না এটা প্রয়োগ হোক। কারণ মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আদায় করে তা ডিস্ট্রিবিউট করা হয়।”