Advertisement

ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে নিহত ২৪, নিখোঁজ ৩০

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে নিহত ২৪, নিখোঁজ ৩০
ইন্দোনেশিয়ায় কারখানায় আগুন, নিহত ৩, নিখোঁজ ৩৬। ছবি: আল জাজিরা

ইন্দোনেশিয়ায় একটি মিষ্টি তৈরির কারখানায় আগুন লেগে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩০ জন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

Advertisement

স্থানীয় সময় গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে রাজধানী জাকার্তার পাশের বানতেন প্রদেশে অবস্থিত ফনুসা আগুং মুলিয়া কারখানা থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায় বলে জানায় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Advertisement

তিনতলা ভবনটির ভেতরের ভিডিওতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। কারখানার যন্ত্রপাতি পুড়ে কালো হয়ে গেছে, অনেক কিছুই ধ্বংস হয়েছে।

কোম্পানির এক প্রতিনিধি আল জাজিরাকে জানান, আগুন লাগার সময় কারখানার ভেতরে ৩০০ কর্মী ছিলেন। প্রথমে ৫৪ জন নিখোঁজ থাকলেও পরে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা।

আগুন লাগার ১২ ঘণ্টারও বেশি সময় পরও কারখানার বিভিন্ন অংশে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন সেরাং জেলা ও বানতেন প্রদেশের দমকলকর্মীরা।

উদ্ধারকর্মী, দমকল বাহিনী ও ইন্দোনেশিয়ার রেড ক্রসের সদস্যরা কারখানার বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন। বিশেষ করে যেসব জায়গায় কেউ আটকে থাকতে পারেন, সেসব এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানায় আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানার বাইরে স্বজনদের খোঁজে পরিবারের সদস্যদের জড়ো হতে দেখা গেছে।