Advertisement

কেন ইরান দীর্ঘমেয়াদি জয়ের হিসাব কষছে?

ভালি নাসের

কেন ইরান দীর্ঘমেয়াদি জয়ের হিসাব কষছে?
কেন ইরান দীর্ঘমেয়াদি জয়ের হিসাব কষছে?ছবি : রয়টার্স

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে গড়ে ওঠা বর্তমান অচলাবস্থা অনেকটা আকাশে ভেসে থাকা একটি হেলিকপ্টারের মতো—দেখতে স্থিতিশীল মনে হলেও জ্বালানি ফুরিয়ে যাওয়ার আগে তা চিরকাল এভাবে শূন্যে থাকতে পারে না। গত জানুয়ারিতে দেশের ভেতরে বড় ধরনের গণবিক্ষোভের মুখে ইরান যখন তুলনামূলক দুর্বল অবস্থায় ছিল, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো কম কট্টরপন্থী নেতৃত্ব আসবে বা অর্থনৈতিক সংস্কারের পথ বেছে নেওয়া হবে। কিন্তু যুদ্ধের বাস্তবতা সেই সমীকরণ পাল্টে দিয়েছে; কট্টরপন্থীরা আবার সামনে এসেছে এবং মানুষের কাছে শাসনব্যবস্থার বিরোধিতার চেয়ে রাষ্ট্রের টিকে থাকা ও নিরাপত্তার প্রশ্নটি বড় হয়ে উঠেছে।

Advertisement

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই সংঘাতকে অনেকে এক আঘাতে শেষ হওয়া বক্সিং ম্যাচের মতো দেখলেও, বাস্তবে এটি ১৫ রাউন্ডের দীর্ঘ লড়াই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কঠিন সিদ্ধান্ত এড়িয়ে চলতে চাইছেন। কারণ একদিকে ইরানের সাথে সমঝোতায় গেলে রাজনৈতিকভাবে হারের বা ছাড় দেওয়ার অভিযোগ উঠতে পারে, অন্যদিকে সর্বাত্মক যুদ্ধে গেলে উপসাগরীয় আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামো ও জনজীবনে বড় বিপর্যয় নেমে আসতে পারে, যার অভিঘাত বৈশ্বিক অর্থনীতিতে আরও ভয়াবহ রূপ নিতে পারে। ফলে আপাতত নৌ-অবরোধ বজায় রাখার মতো একটি মাঝামাঝি অবস্থানে থাকার চেষ্টা দেখা যাচ্ছে। যদিও এই অবরোধ পুরোপুরি নিশ্ছিদ্র নয় এবং যুক্তরাষ্ট্রের জন্য এর সামরিক ও লজিস্টিক ব্যয়ও বিপুল।

Advertisement

তেহরানের দৃষ্টিকোণ থেকে দেখলে, তারা মনে করছে এই যুদ্ধ ও টানাপোড়েন দিয়ে তারা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত করেছে, আঞ্চলিক নিরাপত্তা হিসাব বদলে দিয়েছে এবং উপসাগরীয় আরব দেশগুলোর মনে মার্কিন নিরাপত্তা ছাতার কার্যকারিতা নিয়ে সংশয় তৈরি করেছে। একই সাথে যুদ্ধজনিত জ্বালানি ও অর্থনৈতিক চাপ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে যে প্রভাব ফেলেছে, তাতে ইরান ভাবছে সময় ও চাপের খেলায় তাদের কৌশল কাজ করছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নানা সমঝোতা, শাটল ব্যবস্থা বা অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে ইরান কিছুটা অর্থনৈতিক স্বস্তি ও কৌশলগত নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে। যদিও দেশটির অর্থনীতি এখনো প্রবল চাপে রয়েছে।

আঞ্চলিক রাজনীতিতেও বড় ধরনের পুনর্বিন্যাস চোখে পড়ছে। উপসাগরীয় দেশগুলোর নিজস্ব অগ্রাধিকার ও ঝুঁকির হিসাব এখন ভিন্ন। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের মতো দেশগুলো একদিকে যেমন নিজেদের প্রতিরক্ষা ও বিকল্প জোটের কথা ভাবছে, তেমনি উত্তেজনা কমাতে বাস্তববাদী ও গোপন সমঝোতার পথও খুঁজছে। সৌদি আরব ও আমিরাতের মধ্যকার মতপার্থক্য, বিশেষ করে ইয়েমেন ও হুতিদের অগ্রযাত্রা ঘিরে ভিন্ন অবস্থান, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও অর্থনৈতিক কৌশলে নতুন বাস্তবতা তৈরি করেছে।

ইরানের কৌশলগত চিন্তাধারায়ও পরিবর্তনের ছাপ স্পষ্ট। একসময় হিজবুল্লাহ বা আঞ্চলিক মিত্রদের মাধ্যমে ‘ফরোয়ার্ড ডিফেন্স’ বা প্রতিরোধের যে ধারণা কাজ করত, সাম্প্রতিক সংঘাতগুলোর পর তার পাশাপাশি ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং পূর্বপ্রস্তুত বা আগাম আঘাতের মতো বিষয়গুলো কৌশলের কেন্দ্রে এসেছে। হুতিদের মতো গোষ্ঠীগুলোর নিজস্ব স্থানীয় ইতিহাস ও স্বার্থ থাকলেও, আঞ্চলিক চাপ ও নিষেধাজ্ঞার বাস্তবতায় তাদের কৌশলগত স্বার্থ অনেক ক্ষেত্রে তেহরানের সাথে মিলে যাচ্ছে।

দেশের ভেতরেও একধরনের দ্বৈত বাস্তবতা কাজ করছে। হিজাব বা সাংস্কৃতিক বিধিনিষেধ কঠোরভাবে চাপিয়ে দেওয়ার প্রবণতা কমে এলেও রাজনৈতিক নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক সংকট বড় বাস্তবতা হিসেবে রয়ে গেছে। সর্বোচ্চ নেতার প্রকাশ্য অনুপস্থিতি ও নেতৃত্বের কাঠামো নিয়ে নানা আলোচনা থাকলেও, সিদ্ধান্ত গ্রহণে জাতীয় নিরাপত্তা পরিষদ ও নেতার দপ্তরের কেন্দ্রীভূত ভূমিকা আরও স্পষ্ট হয়েছে। সবচেয়ে বড় কথা, জানুয়ারির বিক্ষোভের মূল যে অর্থনৈতিক ক্ষোভ ছিল, তা সামাল দিতে ও টিকে থাকতে হলে ইরান যুদ্ধের পর বড় ধরনের অর্থনৈতিক সুফল—যেমন নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ সম্পদ ফেরত বা ক্ষতিপূরণের মতো বিষয়—চায়। আপাতত ঝুলে থাকা এই অচলাবস্থা কতদিন টেকে এবং শেষ পর্যন্ত তা কূটনৈতিক সমঝোতা নাকি নতুন সংঘাতের দিকে গড়ায়, সেদিকেই তাকিয়ে থাকতে হবে।

লেখক: জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

(ইউটিউবে দেওয়া একটি সাক্ষাৎকার থেকে লেখাটি তৈরি করা হয়েছে।)