শেকসপিয়রের নামে বহুল প্রচলিত একটি অভিব্যক্তি হলো—Read between the lines, অর্থাৎ, শুধু লেখার সরাসরি বক্তব্য নয়, তার অন্তর্নিহিত অর্থ, নীরবতা ও অনুচ্চারিত ইঙ্গিতও বুঝতে হবে। সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ পাঠের ক্ষেত্রে কথাটি বিশেষভাবে মনে রাখা প্রয়োজন। কারণ এটি কেবল ব্যক্তিগত জীবন, ভালোবাসা ও শোকের স্মৃতিচারণ নয়। ব্যক্তি সোনিয়ার নিজের জন্য ভারতীয় পরিচয়ের স্বীকৃতি আদায়ের প্রয়াস, নেহরু-গান্ধী পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার ব্যাখ্যা এবং কংগ্রেসের ইতিহাসের বিতর্কিত অধ্যায়গুলোর নিজস্ব ভাষ্য নির্মাণ। ফলে তিনি কী বলেছেন, তার পাশাপাশি কোন কথা এড়িয়ে গেছেন, কোন ঘটনার দায় কীভাবে ব্যাখ্যা করেছেন এবং কোন স্মৃতিকে সামনে এনেছেন বা আড়ালে রেখেছেন, সেদিকেও মনোযোগ দিতে হবে। কেননা আত্মজীবনীতে লেখকের উচ্চারিত বক্তব্যের মতোই অনেক সময় তার নীরবতাও গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্থ বহন করে।
ভালোবাসা ও ব্যক্তিগত শোকের স্মৃতি, ভারতীয় পরিচয়ের স্বীকৃতি, নেহরু-গান্ধী পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার এবং ইতিহাসের কিছু অস্বস্তিকর অধ্যায়—সোনিয়ার আত্মজীবনীতে ব্যক্তিগত বয়ানের আড়ালে যে রাজনৈতিক বক্তব্য রয়েছে তার গুরুত্ব সর্বাধিক। কেননা, একটি আত্মজীবনী কখনোই কেবল অতীতের ঘটনাবলির ধারাবাহিক বিবরণ নয়। বিশেষত লেখক যখন দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতার কেন্দ্রের কাছাকাছি থাকা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তখন তার স্মৃতিচারণ একই সঙ্গে আত্মপরিচয় নির্মাণ, নিজের ভূমিকার ব্যাখ্যা এবং রাজনৈতিক উত্তরাধিকারকে মূল্যায়নের একটি প্রচেষ্টা হয়ে ওঠে।
সোনিয়া গান্ধীর ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ (২০২৬) সে অর্থে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এর শিরোনাম ভালোবাসার যাত্রার কথা বললেও বইটির ভেতরে রয়েছে পরিচয়, গ্রহণযোগ্যতা, পারিবারিক শোক, রাজনৈতিক ক্ষমতা, উত্তরাধিকার ও ভারতীয় জাতীয়তাবাদের প্রশ্ন।
বইটি প্রকাশের পর সামাজিক ও সংবাদমাধ্যমে যে আলোচনা তৈরি হয়েছে, তার কেন্দ্রে রয়েছে দুটি ভিন্ন পাঠ। একদল পাঠক সোনিয়ার ব্যক্তিগত জীবনের অকপট বিবরণ, ইতালীয় শৈশব এবং ভারতীয় সমাজে আপন হয়ে ওঠার অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছেন। অন্যদিকে সমালোচকেরা প্রশ্ন তুলেছেন, ভারতের রাজনৈতিক ইতিহাসের বিতর্কিত অধ্যায়গুলো বর্ণনা করতে গিয়ে তিনি কতটা স্পষ্ট, আত্মসমালোচনামূলক ও তথ্যনিষ্ঠ থাকতে পেরেছেন। বইটির যথার্থ মূল্যায়ন করতে হলে এই দুই পাঠকে পাশাপাশি রাখতে হবে। কারণ সোনিয়া এখানে শুধু নিজের জীবনকথা বলতে চাননি। নিজের পরিচয়, রাজনৈতিক অবস্থান এবং পরিবারের ইতিহাসকেও একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে পাঠকের সামনে হাজির করেছেন।
ইতালীয় শৈশব থেকে ভারতীয় পরিচয়
সোনিয়া মাইনোর জন্ম ইতালিতে। তার শৈশব কেটেছে ইউরোপের একটি সাধারণ পরিবারে। কেমব্রিজে পড়াশোনার সময় রাজীব গান্ধীর সঙ্গে পরিচয়। ১৯৬৮ সালে তাদের বিবাহ এবং ভারতে আগমন তার জীবনের গতিপথ বদলে দেয়। এরপর নেহরু-গান্ধী পরিবারের সদস্য হিসেবে তার জীবন শুরু হয়। বাইরে থেকে এটি একটি প্রেম ও বিবাহের কাহিনি মনে হলেও বাস্তবে এর সঙ্গে যুক্ত রয়েছে ভিন্ন ভাষা, সংস্কৃতি, সামাজিক রীতি ও রাজনৈতিকভাবে পরিচিত একটি পরিবারের জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা।
সোনিয়া দীর্ঘদিন নিজের ইতালীয় শৈশব ও পারিবারিক পরিচয়কে জনসমক্ষে খুব বেশি আলোচনায় আনেননি। এই আত্মজীবনীতে তিনি সেই নীরবতা ভেঙেছেন। নিজের বাবা, পরিবার, শৈশব, ব্যক্তিগত অভ্যাস, অসুস্থতা এবং ভারতে আসার পর সাংস্কৃতিক অস্বস্তির কথা বলেছেন। বইটির প্রথম অংশে এই ব্যক্তিগত বিবরণ বেশ অকপট ও জীবন্ত। বিশেষ করে সোনিয়া নিজের ইতালীয় পরিচয়কে আড়াল না করে পাঠকের সামনে তুলে ধরেছেন।
এখানেই বইটির প্রথম রাজনৈতিক বক্তব্যটি নিহিত। সোনিয়া যেন বলতে চান, একজন মানুষের পরিচয় তার জন্মস্থানেই চিরস্থায়ীভাবে আটকে থাকে না। ভালোবাসা, সম্পর্ক, দীর্ঘদিনের বসবাস, সামাজিক অংশগ্রহণ ও দায়িত্বের মধ্য দিয়েও নতুন একটি দেশের সঙ্গে মানুষের গভীর সম্পর্ক তৈরি হতে পারে। ইতালিতে জন্ম নেওয়া মানেই সারা জীবন ভারতের কাছে বহিরাগত থাকা নয়।
ভারতের রাজনীতিতে তার বিদেশে জন্ম নেওয়া পরিচয় বহুবার প্রশ্নবিদ্ধ হয়েছে বিরোধীদের দ্বারা। বিশেষ করে কংগ্রেসের নেতৃত্ব গ্রহণের পর তার ভারতীয়ত্ব ও প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। তার আত্মজীবনী সেই বিতর্কের জবাবে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাকে সামনে এনেছে। তবে এখানে একটি মৌলিক পার্থক্য মনে রাখা দরকার: নাগরিক পরিচয় ও রাজনৈতিক যোগ্যতা এক বিষয় নয়। জন্মপরিচয়ের কারণে কাউকে অপমান করা বা তার নাগরিক মর্যাদা অস্বীকার করা অন্যায়। আবার নাগরিকত্ব থাকলেই কোনো রাজনৈতিক নেতা সমালোচনার ঊর্ধ্বে চলে যান না।
জাতীয় পরিচয় নিয়ে বেনেডিক্ট অ্যান্ডারসনের ইমাজিনড কমিউনিটিস আমাদের মনে করিয়ে দেয়, জাতি কোনো স্বাভাবিক ও অপরিবর্তনীয় সত্তা নয়। ইতিহাস, রাজনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক সম্পর্ক ও সম্মিলিত স্মৃতির মধ্য দিয়ে তা গড়ে ওঠে। সোনিয়ার জীবন এই তাত্ত্বিক আলোচনার একটি বাস্তব উদাহরণ। তবে তার অভিজ্ঞতাকে সাধারণ অভিবাসী বা প্রান্তিক মানুষের অভিজ্ঞতার সঙ্গে এক করে দেখা যাবে না। নেহরু-গান্ধী পরিবারের সদস্য হওয়া এবং ভারতের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে প্রবেশের সুযোগ তাকে বিশেষ সামাজিক অবস্থান দিয়েছে।
ভালোবাসা, শোক ও ক্ষমতার অন্তরঙ্গ জীবন
বইটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ব্যক্তিগত শোকের বিবরণ। সোনিয়া তার প্রথম সন্তানকে জন্মের পরপরই হারানোর অভিজ্ঞতা, ইন্দিরা গান্ধীর সঙ্গে পারিবারিক সম্পর্ক এবং রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পর ব্যক্তিগত বিপর্যয়ের কথা বলেছেন। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং ১৯৯১ সালে রাজীব গান্ধীর হত্যাকাণ্ড তার জীবনকে গভীরভাবে বদলে দেয়। পাঞ্জাবে অপরেশন ব্লু স্টার-এর পর তাদের বাড়ির একটি কক্ষে গ্রেনেড পাওয়ার অভিজ্ঞতার কথাও বইটিতে এসেছে। এসব বিবরণ পাঠককে রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি থাকা একটি পরিবারের ব্যক্তিগত নিরাপত্তাহীনতা ও শোকের জগতে নিয়ে যায়।
এই অংশে সোনিয়া যেন তার দীর্ঘদিনের সংরক্ষিত ব্যক্তিগত জগৎ পাঠকের সামনে খুলে দিয়েছেন। তার বক্তব্যের একটি মানবিক দিক হলো, রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকা ব্যক্তিগত মানুষটিকে চেনার সুযোগ তৈরি করা। রাজীব গান্ধী এখানে শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, তার জীবনসঙ্গী; ইন্দিরা গান্ধী শুধু রাষ্ট্রপ্রধান নন, তার শাশুড়ি ও পারিবারিক জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ।
ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ছবি: সংগৃহীত
তবে ব্যক্তিগত শোকের বয়ান রাজনৈতিক ইতিহাসের বিকল্প হতে পারে না। ইন্দিরা ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পারিবারিক অভিঘাত বোঝা জরুরি, কিন্তু তাদের শাসনামলের সিদ্ধান্ত, রাষ্ট্রীয় নীতি ও রাজনৈতিক দায়ও ইতিহাসের অংশ। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের আত্মজীবনীতে এই দুই মাত্রার ভারসাম্য থাকা প্রয়োজন।
জরুরি অবস্থা: দায় কার, ব্যাখ্যা কার?
সোনিয়ার রাজনৈতিক বয়ানের একটি উল্লেখযোগ্য অংশ ১৯৭৫–৭৭ সালের জরুরি অবস্থা নিয়ে। তিনি স্বীকার করেছেন, ভারতে জরুরি অবস্থার সময় গুরুতর রাজনৈতিক ও প্রশাসনিক বাড়াবাড়ি হয়েছিল। কিন্তু সেই ঘটনার দায় ব্যাখ্যা করতে গিয়ে তিনি সঞ্জয় গান্ধী ও তার স্ত্রী মেনকা গান্ধীর ভূমিকার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। তার বর্ণনায়, সঞ্জয় সাংবিধানিক কোনো পদে না থেকেও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করেছিলেন। ইন্দিরা গান্ধীও পরবর্তী সময়ে তার কর্মকাণ্ডের ক্ষতিকর দিক উপলব্ধি করেছিলেন। অন্যদিকে রাজীব গান্ধীকে উপস্থাপন করা হয়েছে এমন একজন হিসেবে, যিনি মাকে জরুরি অবস্থা আরোপের বিষয়ে সতর্ক করেছিলেন এবং পরে জনগণের অসন্তোষ উপলব্ধি করতে সাহায্য করেছিলেন।
এই বর্ণনার রাজনৈতিক তাৎপর্য আছে। এতে নেহরু-গান্ধী পরিবারের ভেতরেই দায়ের একটি বিভাজন তৈরি হয়েছে। ইন্দিরা গান্ধীর সিদ্ধান্তের দায় আংশিকভাবে সঞ্জয়ের ওপর, আর রাজীবকে দেখানো হয়েছে তুলনামূলকভাবে সতর্ক ও বিবেকবান ব্যক্তি হিসেবে। এই বর্ণনাকে পরিবারের রাজনৈতিক ভাবমূর্তি রক্ষার প্রচেষ্টা হিসেবেও দেখা যায়। জরুরি অবস্থার দায়কে সঞ্জয় ও মেনকার দিকে সরিয়ে দিয়ে ইন্দিরা ও রাজীবকে অনেকটা বিতর্কের বাইরে রাখা হয়েছে সোনিয়ার বইয়ে।
এখানে ইতিহাসের একটি মৌলিক নীতি স্মরণ করা প্রয়োজন। জরুরি অবস্থা ছিল প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের সাংবিধানিক ও রাজনৈতিক সিদ্ধান্ত। সঞ্জয় গান্ধীর অনানুষ্ঠানিক প্রভাব গুরুত্বপূর্ণ হলেও রাষ্ট্রীয় ক্ষমতার আনুষ্ঠানিক দায় থেকে ইন্দিরা গান্ধী ও তার সরকারকে অব্যাহতি দেওয়া যায় না। রাজনৈতিক পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক দিয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্তের দায় নির্ধারণ করাও সম্ভব নয়। সোনিয়ার বর্ণনা তাই পারিবারিক স্মৃতি হিসেবে মূল্যবান, কিন্তু জরুরি অবস্থার পূর্ণাঙ্গ ঐতিহাসিক ব্যাখ্যা হিসেবে যথেষ্ট গ্রহণযোগ্য নয়।
১৯৮৪: শোকের বয়ান ও রাজনৈতিক দায়
১৯৮৪ সালের শিখবিরোধী সহিংসতা নিয়ে সোনিয়ার বক্তব্য আরও সংবেদনশীল। তিনি ঘটনাটিকে ‘দুঃখজনক ও লজ্জাজনক অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়ার কথা বলেছেন এবং রাজীব গান্ধীর হৃদয়ে কোনো সাম্প্রদায়িক বিদ্বেষ ছিল না বলে দাবি করেছেন। তার বক্তব্যের মূল সুর হলো, রাজীব ওই হত্যাকাণ্ডের নির্দেশ দিতে পারেন না বা দেননি।
এখানে দুটি বিষয় আলাদা করে দেখা দরকার। প্রথমত, রাজীব গান্ধীর ব্যক্তিগত মনোভাব সম্পর্কে সোনিয়ার স্মৃতি ও উপলব্ধি তার নিজস্ব বক্তব্য। দ্বিতীয়ত, ১৯৮৪ সালের হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় প্রশাসনের ভূমিকা, রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ একটি পৃথক ঐতিহাসিক ও বিচারিক অনুসন্ধানের বিষয়। ফলে তখনকার রক্তাক্ত ও হিংসাত্মক পরিস্থিতিকে ব্যক্তিগত সদিচ্ছা দিয়ে ব্যাখ্যা করা এবং তার ভিত্তিতে রাজনৈতিক দায় নির্ধারণ করা যায় না।
সেই সময় রাজীব গান্ধীর বহুল আলোচিত ‘বড় গাছ পড়লে মাটি কাঁপে’ মন্তব্যটিও বইয়ে আলোচিত হয়নি বলে সমালোচকেরা উল্লেখ করেছেন। বক্তব্যটি কেন দেওয়া হয়েছিল, এর রাজনৈতিক প্রেক্ষাপট কী ছিল এবং সহিংসতার পর রাষ্ট্রীয় প্রতিক্রিয়া কতটা কার্যকর ছিল—এসব প্রশ্নের বিস্তারিত আলোচনা প্রত্যাশিত ছিল।
সোনিয়ার নিজের একটি আত্মসমালোচনামূলক মুহূর্ত অবশ্য বইটিকে অন্য মাত্রা দিয়েছে। ১৯৮৯ সালে ভাগলপুরের সহিংসতাপীড়িত এলাকা পরিদর্শনের পর তিনি ভেবেছেন, ১৯৮৪ সালে নিজের পরিবারের ওপর নেমে আসা শোক কি দিল্লির শিখদের ওপর সংঘটিত সহিংসতার ভয়াবহতা উপলব্ধি করার ক্ষেত্রে তাকে সীমাবদ্ধ করেছিল? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। কারণ এখানে তিনি নিজের ব্যক্তিগত বেদনার বাইরে গিয়ে অন্যের বেদনা বোঝার চেষ্টা করেছেন। বইটিতে এই ধরনের আত্মসমালোচনা আরও বিস্তৃত হলে এর ঐতিহাসিক মূল্য বাড়ত।
শাহবানু, বাবরি মসজিদ ও ধর্মনিরপেক্ষতার পরীক্ষা
ভারতের ধর্মনিরপেক্ষ রাজনীতির ইতিহাসে শাহবানু মামলা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯৮৫ সালে ভারতের সুপ্রিম কোর্ট তালাকপ্রাপ্ত শাহবানুর ভরণপোষণের অধিকার স্বীকার করে রায় দেয়। পরে রাজীব গান্ধীর সরকার ১৯৮৬ সালে মুসলিম নারী (বিবাহবিচ্ছেদ-পরবর্তী অধিকার সংরক্ষণ) আইন প্রণয়ন করে। এই সিদ্ধান্তকে অনেকেই ধর্মীয় রক্ষণশীল নেতৃত্বের চাপের কাছে সরকারের নতি স্বীকার হিসেবে দেখেছেন। অন্যদিকে সমর্থকেরা একে মুসলিম ব্যক্তিগত আইন ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে রাজনৈতিক সমঝোতা হিসেবে ব্যাখ্যা করেছেন।
সোনিয়া বইয়ে রাজীবকে এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করার কথা বলেছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি মনে করেন, সরকার একটি ভারসাম্য তৈরির চেষ্টা করেছিল। এখানেই প্রশ্ন ওঠে—নারীর ন্যায়বিচার, সংবিধানের সমতা ও ধর্মীয় সম্প্রদায়ের রাজনৈতিক অনুভূতির মধ্যে ভারসাম্য কীভাবে নির্ধারিত হবে? রাষ্ট্র কি ধর্মীয় নেতৃত্বের আপত্তিকে প্রাধান্য দিয়ে একজন নারীর বিচারিক অধিকার সীমিত করতে পারে? এই প্রশ্নের পূর্ণ রাজনৈতিক ও নৈতিক বিশ্লেষণ বইটিতে পাওয়া যায় না।
ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ছবি: এনডিটিভির সৌজন্যে
বাবরি মসজিদ ধ্বংসের প্রসঙ্গেও সোনিয়ার বর্ণনা সমালোচনার জন্ম দিয়েছে। তিনি রাজীব গান্ধীর অবস্থানকে এমনভাবে তুলে ধরেছেন, যেখানে মন্দির নির্মাণ ও মসজিদ অক্ষত রাখার মধ্য দিয়ে একটি সমঝোতার সম্ভাবনা খোঁজা হয়েছিল। তার বয়ানে রাজীবের উদ্দেশ্য ছিল মহাত্মা গান্ধীর নৈতিকতা ও ন্যায়বিচারভিত্তিক ‘রামরাজ্য’ ধারণাকে সামনে আনা। কিন্তু রাজীব সরকারের আমলেই ১৯৮৬ সালে বাবরি মসজিদের তালা খুলে হিন্দুদের উপাসনার সুযোগ দেওয়া হয়েছিল। রাম জন্মভূমি আন্দোলনের রাজনৈতিক বিস্তারও তার প্রধানমন্ত্রিত্বের সময় ঘটে। এসব সিদ্ধান্তের রাজনৈতিক পরিণতি নিয়ে সোনিয়ার বিবরণ আরও বিশদ হওয়া প্রয়োজন ছিল।
অন্যদিকে ১৯৯২ সালে মসজিদ ধ্বংসের সময় পি. ভি. নরসিংহ রাওয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার কেন্দ্রীয় ক্ষমতায় ছিল। সোনিয়ার বর্ণনায় বাবরি ধ্বংসের দায় বিজেপি-আরএসএসের ওপর কেন্দ্রীভূত হলেও সে সময় তার দল কংগ্রেসের কেন্দ্রীয় সরকার পরিচালনাকালীন বিতর্কিত, দ্বিধাগ্রস্থ ও দ্বৈত ভূমিকা যথেষ্ট আলোচিত হয়নি, যা পরিস্থিতিকে নাজুক ও স্পর্শকাতর করেছিল।
এখানে একটি বড় রাজনৈতিক বৈপরীত্য আছে। কংগ্রেস নিজেকে ধর্মনিরপেক্ষ রাজনীতির ধারক হিসেবে উপস্থাপন করে। কিন্তু শাহবানু মামলা থেকে বাবরি মসজিদ ধ্বংসের পূর্ববর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ পর্যন্ত কংগ্রেসের সিদ্ধান্ত ও নিষ্ক্রিয়তা ভারতের ধর্মীয় মেরুকরণকে প্রভাবিত করেছে। ধর্মনিরপেক্ষতার দাবি শুধু রাজনৈতিক প্রতিপক্ষের সাম্প্রদায়িকতার সমালোচনা দিয়ে প্রতিষ্ঠিত হয় না। নিজের দলের নীতি ও ব্যর্থতারও জবাবদিহিরও প্রয়োজন হয়।
কংগ্রেসের নেতৃত্ব: উত্তরাধিকার, কৌশল ও ক্ষমতার প্রশ্ন
সোনিয়া ১৯৯৮ সালে কংগ্রেসের সভাপতি হন। বইয়ে তিনি লিখেছেন, কংগ্রেস ওয়ার্কিং কমিটি নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেয় এবং সীতারাম কেশরীকে সরে দাঁড়াতে হয়। এরপর তিনি সভাপতি নির্বাচিত হন। কিন্তু এই পরিবর্তনের রাজনৈতিক প্রক্রিয়া, দলীয় ক্ষমতার দ্বন্দ্ব এবং কেশরীর অবস্থান থেকে তাকে সরানোর বাস্তবতা নিয়ে বিবরণ সংক্ষিপ্ত। বিশ্লেষণে এই সংক্ষিপ্ততাকে তাৎপর্যপূর্ণ বলা যায়। কারণ, এখানে কংগ্রেসের অভ্যন্তরীণ গণতন্ত্রের প্রশ্ন আসে। একটি জাতীয় রাজনৈতিক দলের নেতৃত্ব পরিবর্তন কীভাবে হয়, সিদ্ধান্ত গ্রহণে সাধারণ কর্মী ও নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকা কতটা থাকে এবং পারিবারিক উত্তরাধিকার দলীয় প্রতিষ্ঠানের ওপর কতটা প্রভাব বিস্তার করে—এসব বিষয় গুরুত্বপূর্ণ। সোনিয়া গান্ধী কংগ্রেসকে নির্বাচনীভাবে পুনরুজ্জীবিত করতে ভূমিকা রেখেছেন, জোট গঠনে দক্ষতা দেখিয়েছেন; কিন্তু তার নেতৃত্বের উত্থানকে দলীয় গণতন্ত্রের প্রশ্ন থেকে বিচ্ছিন্ন করা যায় না।
২০০৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের ঘটনা বইয়ের আলোচিত অংশ। সোনিয়ার বর্ণনায়, প্রথমে জোটনেতাদের চাপের মুখে তিনি সম্মতি জানিয়েছিলেন। পরে সন্তান রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত পরিবর্তন করেন। মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করার পেছনে তার রাজনৈতিক যুক্তিও তুলে ধরেছেন। তিনি মনে করেছিলেন, বাম দলগুলোর সমর্থনসহ একটি জোট সরকার পরিচালনায় মনমোহন সিং অর্থনৈতিক নীতি ও প্রশাসনিক ধারাবাহিকতার প্রশ্নে আস্থা তৈরি করতে পারবেন।
এই বর্ণনা থেকে বোঝা যায়, সোনিয়া নিজেকে শুধু আবেগপ্রবণ বা অনিচ্ছুক নেতা হিসেবে দেখাতে চাননি। তিনি রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া একজন সংগঠক হিসেবেও নিজের ভূমিকা তুলে ধরেছেন। কিন্তু ২০০৪–১৪ সময়কালের ইউপিএ সরকারের নীতি, সাফল্য, দুর্নীতির অভিযোগ, দলীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষমতার সম্পর্ক নিয়ে বইটি তুলনামূলকভাবে কম আলোচনা করেছে।
২০০৪ সালের পরবর্তী সময়ের বিবরণকে সংক্ষিপ্ত করা নিজেকে ও নিজের রাজনৈতিক সিদ্ধান্তে আর পদক্ষেপকে আড়াল করার প্রয়াস হতে পারে সোনিয়ার কাছে। এই সীমাবদ্ধতা বিশেষভাবে লক্ষণীয়। কারণ সোনিয়া ছিলেন কংগ্রেসের সভাপতি এবং ইউপিএ জোটের অন্যতম প্রধান রাজনৈতিক কর্তৃত্ব। মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেও সোনিয়ার রাজনৈতিক প্রভাব নিয়ে ভারতীয় রাজনীতিতে দীর্ঘদিন আলোচনা হয়েছে। এই সম্পর্কের প্রকৃতি, সিদ্ধান্ত গ্রহণের কাঠামো এবং সরকারের সাফল্য-ব্যর্থতার দায় কীভাবে ভাগ হয়—স্মৃতিকথায় তা আরও স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল।
যা বলেছেন, যা বলেননি: নির্বাচিত স্মৃতির রাজনীতি
একটি রাজনৈতিক আত্মজীবনীতে লেখক কী বলেছেন, তার পাশাপাশি কী বলেননি, সেটিও গুরুত্বপূর্ণ। সোনিয়ার বইয়ে অমিতাভ বচ্চনের নাম অল্প কয়েকবার এসেছে। তার স্ত্রী জয়া বচ্চনের উল্লেখ নেই। অথচ রাজীব গান্ধীর সঙ্গে বচ্চন পরিবারের একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বইয়ে তাদের বাবা-মা হরিবংশ রাই বচ্চন ও তেজি বচ্চনের সঙ্গে সোনিয়ার ব্যক্তিগত সম্পর্কের স্মৃতি রয়েছে। এই বৈপরীত্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
একইভাবে বোফর্স বিতর্কের বর্ণনায় সোনিয়া বিরোধীদের রাজনৈতিক প্রচার ও কংগ্রেসের ভেতরের কিছু ব্যক্তির ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন। কিন্তু বিতর্কটির পূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাস, বিশেষত রাজিবের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেননি। অক্টাভিও কোয়াত্রোচ্চির প্রসঙ্গও অনুল্লেখিত। ২০১৩ সালে রাহুল গান্ধীর নিজের সরকারের অনুমোদিত অধ্যাদেশকে প্রকাশ্যে ‘সম্পূর্ণ অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করার ঘটনাও বইয়ে নেই, যদিও পরবর্তী সময়ে রাহুলের সংসদ সদস্যপদ বাতিলের প্রসঙ্গ এসেছে।
এই অনুল্লেখগুলো থেকে লেখকের উদ্দেশ্য নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না। কিন্তু এগুলো দেখায়, স্মৃতিকথা অতীতের নিরপেক্ষ সংরক্ষণাগার নয়। লেখক নিজের অভিজ্ঞতা, সম্পর্ক, রাজনৈতিক অবস্থান ও স্মৃতির ভিত্তিতে অতীতকে নির্বাচন করেন। এই বৈশিষ্ট্যকে সোনিয়ার রাজনৈতিক আত্মপক্ষসমর্থনের অংশ হিসেবে দেখা যেতে পারে। বইটিতে পরিবারের রাজনৈতিক সাফল্যের কৃতিত্ব পরিবার পায়, আর ব্যর্থতার দায় অনেক ক্ষেত্রে অন্যদের ওপর পড়ে বা নীরবতায় হারিয়ে যায়, এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে সফলতার সঙ্গে।
ফলে একটি অন্তর্নিহিত প্রশ্ন উপেক্ষা করা যায় না। রাজনৈতিক আত্মজীবনী কি লেখকের ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি তার রাজনৈতিক দায়ও স্বীকার বা অস্বীকার করবে? নাকি তা নিজের ও পরিবারের ভাবমূর্তি রক্ষার একটি নির্বাচিত বিবরণ হয়ে থাকবে?
গোধরা, মোদি ও সমকালীন রাজনৈতিক মেরুকরণ
২০০২ সালের গোধরা ট্রেন অগ্নিকাণ্ডের প্রসঙ্গে সোনিয়া ঘটনাটির কারণকে ‘বিতর্কিত’ বলেছেন। ওই ঘটনায় ৫৯ জন নিহত হন। পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় বিশেষ আদালত ২০১১ সালে ৩১ জনকে দোষী সাব্যস্ত করে। ফলে ঘটনাটির বিচারিক ইতিহাস উল্লেখ না করে একে শুধু বিতর্কিত বলা হলে বিবরণ অসম্পূর্ণ থাকে। একই সঙ্গে গোধরা-পরবর্তী গুজরাটে মুসলিমবিরোধী সহিংসতা এবং তৎকালীন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিচারিক ও রাজনৈতিক বিতর্ক আলাদা করে বিবেচনা করা জরুরি। একটি ঘটনার বিচারিক সিদ্ধান্ত অন্য ঘটনার দায় নির্ধারণ করে না।
নরেন্দ্র মোদির সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও সোনিয়া শীতল ও দূরত্বপূর্ণ অভিজ্ঞতার কথা বলেছেন। সংসদে মোদির ভাষা ও বিরোধীদের প্রতি আচরণের সমালোচনা করেছেন। অন্যদিকে অটল বিহারি বাজপেয়ির সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ব্যক্তিগত সৌজন্যের স্মৃতি তুলে ধরেছেন। এই দুই নেতার বিষয়ে তার ভিন্ন বর্ণনা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করবে সমকালীন ভারতীয় রাজনীতির মেরুকরণের দিকে।
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ছবি: সংগৃহীত
কারণ, কংগ্রেস ও মোদি-নেতৃত্বাধীন বিজেপির দ্বন্দ্ব এখন শুধু নির্বাচনী প্রতিযোগিতায় সীমাবদ্ধ নয়। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সংখ্যালঘু অধিকার, ইতিহাসের ব্যাখ্যা এবং রাষ্ট্রের চরিত্র নিয়ে দুই দলের মধ্যে গভীর মতপার্থক্য রয়েছে। সোনিয়ার আত্মজীবনী এই রাজনৈতিক বিরোধের বাইরে দাঁড়িয়ে লেখা কোনো নিরপেক্ষ দলিল নয়। এটি সেই দ্বন্দ্বেরই একটি অংশ।
আত্মজীবনী, ইতিহাস ও রাজনৈতিক উত্তরাধিকার
বইটি প্রকাশের আগে প্রকাশক পরিবর্তন নিয়েও বিতর্ক হয়েছিল। সোনিয়ার বক্তব্য অনুযায়ী, প্রকাশনা সংস্থা পেঙ্গুইন সরকারের সমালোচনাসংক্রান্ত কিছু অংশ নিয়ে অস্বস্তি প্রকাশ করেছিল এবং সম্পাদনার প্রস্তাব দিয়েছিল। পেঙ্গুইন এই ব্যাখ্যার সঙ্গে দ্বিমত জানিয়েছে। পরে হার্পার কলিন্স ভারতে বইটি প্রকাশ করে। এই বিতর্ক ভারতে মতপ্রকাশ ও প্রকাশনার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে, যদিও প্রকাশক পরিবর্তনের কারণ নিয়ে দুই পক্ষের বক্তব্য আলাদা করে বিবেচনা করা প্রয়োজন।
বইটির তথ্যগত নির্ভুলতা নিয়েও প্রশ্ন উঠেছে। ইন্ডিয়া টুডে ও দ্য ট্রিবিউন–এর পর্যালোচনায় রাজ্যসভার সদস্য নির্বাচনের পদ্ধতি, আরএসএস প্রতিষ্ঠার সাল, আহমেদ প্যাটেলের মৃত্যুর বছর, কারগিল যুদ্ধের সময়রেখা এবং নির্বাচনী ফলাফলসংক্রান্ত কয়েকটি ভুলের কথা বলা হয়েছে। সব ভুল সমান গুরুত্বপূর্ণ নয়; কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক ঘটনার তথ্যগত ভুল একটি স্মৃতিকথার ঐতিহাসিক নির্ভরযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে।
এই সমালোচনাগুলোর বিপরীতে বইটির ব্যক্তিগত অংশের সাহিত্যিক ও মানবিক মূল্যও অস্বীকার করা যায় না। ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা, স্মৃতির সূক্ষ্মতা এবং কিছু আত্মসমালোচনামূলক মুহূর্তের কথা সোনিয়া সফলতার সঙ্গে তুলে ধরেছেন। তবে, বইটিকে রাজনৈতিক ইতিহাসের চেয়ে পরিবারের পক্ষে একটি আত্মপক্ষসমর্থনমূলক বিবরণ হিসেবে মূল্যায়ন বরারও সুযোগ রয়েছে। বইটির অনুল্লেখ ও নির্বাচিত স্মৃতির দিকে মনোযোগ দিলে না-বলা কথার দীর্ঘ ফিরিস্তি করা সম্ভব। এই ভিন্নতার দৃষ্টিতে দেখলে বইটির শক্তি ও সীমাবদ্ধতা দুটিই বোঝা যায়।
সোনিয়ার আত্মজীবনীকে তাই তিনটি স্তরে পড়া প্রয়োজন। প্রথমত, এটি একজন নারীর ব্যক্তিগত জীবন, ভালোবাসা, শোক ও সাংস্কৃতিক অভিযোজনের স্মৃতিচারণ। দ্বিতীয়ত, এটি ভারতীয় নাগরিকত্ব ও জাতীয় পরিচয়ের বিতর্কে নিজের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা। তৃতীয়ত, এটি নেহরু-গান্ধী পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারকে ব্যাখ্যা ও সংরক্ষণের একটি বয়ান।
এই তিনটি স্তরের কোনোটিকেই অন্যটির বিকল্প করা যাবে না। সোনিয়ার ব্যক্তিগত কষ্টকে সম্মান করা মানে তার রাজনৈতিক সিদ্ধান্তকে সমালোচনার বাইরে রাখা নয়। আবার তার রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করার অর্থ তার জন্মপরিচয় নিয়ে বিদ্বেষ প্রকাশের অধিকার অর্জন করা নয়।
বাংলাদেশের পাঠকের কাছে এই বইয়ের তাৎপর্য এখানেই। দেশভাগের পর দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো ধর্ম, ভাষা, জাতীয়তাবাদ ও নাগরিকত্বের ভিন্ন ভিন্ন সমীকরণ তৈরি করেছে। বাংলাদেশেও বাঙালি পরিচয়, বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্মীয় পরিচয় ও ক্ষুদ্র জাতিসত্তার অধিকার নিয়ে বিতর্ক রয়েছে। সোনিয়ার জীবন মনে করিয়ে দেয়, নাগরিক পরিচয়কে জন্ম, ধর্ম বা বংশের সংকীর্ণ সীমায় আটকে রাখা যায় না। একই সঙ্গে রাজনৈতিক উত্তরাধিকার সীমিত ও ক্ষমতার জবাবদিহিতার মধ্যে থাকা অপরিহার্য।
সোনিয়া গান্ধী তার আত্মজীবনীতে মূলত তিনটি কথা বলতে চেয়েছেন: তিনি ভারতের কাছে চিরকাল বহিরাগত নন। তার রাজনৈতিক জীবনকে শুধু পারিবারিক উত্তরাধিকার দিয়ে ব্যাখ্যা করা যায় না এবং নেহরু-গান্ধী পরিবারের ইতিহাসকে তার অভিজ্ঞতার আলোকে নতুন করে পড়া প্রয়োজন। কিন্তু তার বক্তব্যের ঐতিহাসিক গ্রহণযোগ্যতা নির্ভর করবে শুধু তার স্মৃতির ওপর নয়, তিনি যে ঘটনাগুলো বলেছেন এবং যে ঘটনাগুলো এড়িয়ে গেছেন—উভয়কেই স্বাধীন তথ্য ও সমালোচনামূলক বিচারের মুখোমুখি করার ওপর।
শেষ পর্যন্ত ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ একটি বড় প্রশ্নের সামনে দাঁড় করায়: একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আপন হয়ে ওঠার অধিকার কি জন্মপরিচয়ের ওপর নির্ভর করবে, নাকি নাগরিকত্ব, সমান মর্যাদা ও পারস্পরিক স্বীকৃতির ওপর? আর রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে পরিচয়ের স্বীকৃতির পাশাপাশি জবাবদিহি কতটা নিশ্চিত হবে? দক্ষিণ এশিয়ার গণতন্ত্র, সুশাসন, অংশগ্রহণ, অন্তর্ভুক্তি এবং জাতীয়তাবাদের আলোচনায় এই দুই প্রশ্নই সমান গুরুত্বপূর্ণ।
লেখক: প্রফেসর ও চেয়ারম্যান, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ (সিসিআরএসবিডি)।