Advertisement

রাশিয়ার গ্যাস পেতে আসলেই কি চুক্তি করবে ইউরোপ?

সার্গেই ভাকুলেনকো

সার্গেই ভাকুলেনকো

রাশিয়ার গ্যাস পেতে আসলেই কি চুক্তি করবে ইউরোপ?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ইউরোপে আবার রাশিয়ার গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছেন। ফাইল ছবি: সংগৃহীত

চলতি মাসের শুরুতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ইউরোপে আবার রাশিয়ার গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব অনুযায়ী, ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে আবার রাশিয়ার গ্যাস সরবরাহ শুরু হতে পারে। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা এড়াতে যুক্তরাষ্ট্রের একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ব্যবহার করার কথা বলা হয়েছে।

Advertisement

এই উদ্যোগের পেছনে যুক্তি হলো, রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার অর্থনৈতিক বিরোধ এখন অনেকটা অচলাবস্থায় পৌঁছেছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দুই পক্ষের মধ্যে এমন কিছু সম্পর্ক তৈরি করা প্রয়োজন, যাতে উভয় পক্ষই লাভবান হয়। তবে এ ক্ষেত্রে গ্যাসকে উপযুক্ত মাধ্যম বলে মনে হচ্ছে না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন রাশিয়া ও ইউরোপের মধ্যে নজিরবিহীন তীব্র সংঘাতের দিকে এগোচ্ছে। ইইউয়ের ধারণা, বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাশিয়া কার্যত ইউরোপের বিরুদ্ধে একধরনের পরোক্ষ যুদ্ধ চালাচ্ছে। অন্যদিকে মস্কো মনে করে, ইউরোপ যদি ইউক্রেনকে সহায়তা না করত, তাহলে রাশিয়া অনেক আগেই যুদ্ধে জয়ী হতো।

সামরিক সংঘাতের বাইরেও রাশিয়া ও ইউরোপের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। আরোপ করার যোগ্য সম্ভাব্য সব নিষেধাজ্ঞাই দুই পক্ষ একে অপরকে দিয়েছে। অধিকাংশ সম্পর্ক ছিন্ন হয়েছে। দুই পক্ষের অনেক সম্পদ জব্দ করা হয়েছে অথবা বাইরের ব্যবস্থাপনায় দেওয়া হয়েছে। নতুন করে নেওয়ার মতো বড় পদক্ষেপও খুব বেশি বাকি নেই।

Advertisement

সংঘাত আরও বাড়লে দুই পক্ষেরই হারানোর মতো বিষয় ধীরে ধীরে কমে আসবে। ফলে এক পক্ষের জয় না আসা পর্যন্ত সংঘাত চালিয়ে যাওয়াই তাদের কাছে সবচেয়ে স্বাভাবিক কৌশল হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন, উত্তেজনা কমাতে হলে দুই পক্ষকে ঠিক উল্টো পথে হাঁটতে হবে। এমন কিছু সম্পর্ক গড়ে তুলতে হবে, যার স্বার্থে একে অপরের সঙ্গে সমঝোতায় আসতে রাজি হবে তারা।

কিন্তু রাশিয়ার গ্যাস সরবরাহের একটি চুক্তি কি সত্যিই দুই পক্ষের মধ্যে সেই সমঝোতা তৈরি করতে পারবে?

রাশিয়ার পতাকা। ফাইল ছবি: রয়টার্স
রাশিয়ার পতাকা। ফাইল ছবি: রয়টার্স

বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ৫৭০ কোটি ঘনমিটার গ্যাস আমদানি করে ইইউ। এর মধ্যে রাশিয়ার পাইপলাইনের মাধ্যমে আসে ৪০ কোটি ঘনমিটার এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হিসেবে আসে আরও ২৭ কোটি ঘনমিটার।

চলতি বছরের মার্চ মাসেও রাশিয়া থেকে ইউরোপে এলএনজি সরবরাহের পরিমাণ বর্তমানের তুলনায় দ্বিগুণের বেশি ছিল। এ ছাড়া ২০২৪ সালের শেষ পর্যন্ত ইউক্রেনের মধ্য দিয়ে প্রতি সপ্তাহে রাশিয়ার প্রায় ৩০ কোটি ঘনমিটার গ্যাস ইউরোপে যেত। এ বছরের জানুয়ারিতে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করার পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দেয় ইইউ। ২০২৭ সালের শরৎকালের মধ্যে ধাপে ধাপে এই আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইরান যুদ্ধ শুরু এবং হরমুজ প্রণালি বন্ধ হওয়ার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন ধারণা করা হয়েছিল, যুক্তরাষ্ট্রে এলএনজি উৎপাদন বাড়বে এবং কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে ইউরোপে বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।

কাতার সরাসরি ইউরোপে খুব বেশি গ্যাস সরবরাহ করত না। অবশ্য এলএনজির বাজার এখন অনেকটা তেলের বাজারের মতো। অর্থাৎ, এই গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে সহজেই সরবরাহ করা যায়। তাই কোনো একটি দেশ কতটা গ্যাস পাচ্ছে, তার চেয়ে বিশ্ববাজারে মোট কতটা এলএনজি পাওয়া যাচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর কাতার থেকে এলএনজি সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে। আগে প্রতি সপ্তাহে যে পরিমাণ এলএনজি সরবরাহ করা হতো, তা পাইপলাইনের গ্যাসের হিসাবে প্রায় ২২০ কোটি ঘনমিটারের সমান ছিল। এখন তা কমে মাত্র ৩০ কোটি ঘনমিটারে দাঁড়িয়েছে। সরবরাহ আরও কমছে। এ ছাড়া কাতারের গ্যাস উৎপাদন সক্ষমতার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হলেও এসব ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত করতে এক বছর বা তারও বেশি সময় লাগতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ছবি: ফ্রিপিক
ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ছবি: ফ্রিপিক

ইউরোপ চাইলে ২০২২ সালের জ্বালানি সংকটের সময়ের মতো এশিয়ার দেশগুলোর চেয়ে বেশি দাম দিয়ে এলএনজি কিনতে পারে। কিন্তু এতে খরচ অনেক বেড়ে যাবে। কারণ বিশ্ববাজারে এলএনজির দাম এক বছর আগের তুলনায় প্রায় তিন গুণ বেড়েছে। ইউরোপের গ্যাসের বাজারমূল্যও ২০২২ সালের সংকটের সময়ের পর্যায়ে ফিরে গেছে।

অন্যদিকে, শীত মৌসুম শুরুর আগে ইউরোপের গ্যাস সংরক্ষণাগারগুলোতে মোট ধারণক্ষমতার মাত্র ৭৫ শতাংশ গ্যাস জমা হয়েছে। গত ছয় বছরের মধ্যে বছরের এই সময়ে এটি সর্বনিম্ন মজুত। ফলে শীতকালে গ্যাসের চাহিদা মেটানো নিয়ে ইউরোপের উদ্বেগ আরও বেড়েছে।

এমন পরিস্থিতিতে মনে হতে পারে, ইউরোপের এখন রাশিয়ার গ্যাস কেনায় আগ্রহ থাকা উচিত। বিশেষ করে যখন রাশিয়া থেকে ইউরোপে গ্যাস পরিবহনের জন্য প্রয়োজনীয় পাইপলাইনগুলো আগে থেকেই রয়েছে। নর্ড স্ট্রিম-২ পাইপলাইনের একটি অংশ এখনো অক্ষত রয়েছে। এটি কখনো চালু করা হয়নি। তবে রাশিয়ার দাবি, পাইপলাইনের এই অংশটি এখনো গ্যাস পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে।

এ ছাড়া বেলারুশ ও পোল্যান্ড হয়ে জার্মানিতে যাওয়ার ইয়ামাল-ইউরোপ পাইপলাইন রয়েছে। ইউক্রেনের মধ্য দিয়ে গ্যাস সরবরাহের পুরোনো পথটিও রয়েছে। ২০২৪ সালে ইউক্রেনের সুধজা এলাকায় সংঘাত চলার সময়ও এই পথ দিয়ে গ্যাস সরবরাহ চালু ছিল। সুধজা এলাকায় গ্যাসের পরিমাণ মাপার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে।

অন্যদিকে, রাশিয়ার ইয়ামাল উপদ্বীপে অনেক গ্যাসকূপ বন্ধ অবস্থায় পড়ে আছে। সেগুলো আবার চালু করে গ্যাস উত্তোলন এবং ইউরোপে সরবরাহ শুরু করা খুব কঠিন কাজ নয়। অর্থাৎ, শুধু ভালভ খুলে দিলেই গ্যাস সরবরাহ এবং এর বিনিময়ে অর্থ পাওয়া শুরু হতে পারে।

এ ধরনের চুক্তি হলে গ্যাসের দাম কত হবে, তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে গ্যাসের সরবরাহ বাড়লে দাম কমবে, এতে সন্দেহ নেই। অন্যদিকে, রাশিয়ার আয়ের হিসাবও গুরুত্বপূর্ণ। দেশটি যদি বছরে অতিরিক্ত ৫ হাজার কোটি ঘনমিটার গ্যাস রপ্তানি করে এবং প্রতি এক হাজার ঘনমিটারের দাম ৫০০ ডলার পায়, তাহলে বছরে আয় হবে ২৫০০ কোটি ডলার। এই দাম বর্তমান দামের অর্ধেক হলেও তেল ও গ্যাস রপ্তানি থেকে রাশিয়ার বর্তমান আয়ের তুলনায় তা প্রায় ১০ শতাংশ বেশি। কিন্তু সমস্যাটি ঠিক এখানেই। গ্যাস নিয়ে নতুন চুক্তি হলে দুই পক্ষই অর্থনৈতিকভাবে লাভবান হবে ঠিকই, তবে এতে রাশিয়া কিংবা ইইউয়ের অবস্থানের মৌলিক কোনো পরিবর্তন আসবে না।

রাশিয়ার গ্যাস কেনা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া ইউরোপীয় ইউনিয়নের জন্য সহজ ছিল না। এ সিদ্ধান্তের আগে দীর্ঘদিন ধরে ইইউর মধ্যে বিতর্ক হয়েছে। এক পক্ষ বলছিল, তুলনামূলক কম দামে রাশিয়ার গ্যাস কেনা অব্যাহত রাখা উচিত। অন্য পক্ষের মত ছিল, ইউক্রেনকে সমর্থন দেওয়া এবং রাশিয়ার ওপর জ্বালানিনির্ভরতা কাটিয়ে ওঠা যেকোনো অর্থনৈতিক লাভের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

যারা রাশিয়ার গ্যাস কেনা বন্ধ করার পক্ষে ছিলেন, তাদের কাছে এখন সেই সিদ্ধান্ত থেকে সরে আসা দুর্বলতা ও দৃঢ় অবস্থানের অভাব হিসেবে দেখা দেবে। এতে ফ্রান্স ও জার্মানির ক্ষমতাসীন জোটগুলোও রাজনৈতিক চাপে পড়তে পারে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে জ্বালানি সম্পর্ক ছিন্নের বিরোধীদের অবস্থান আরও শক্তিশালী হবে। যেমন, জার্মানির উগ্র ডানপন্থী দল এএফডি। রাশিয়ার গ্যাস কেনা আবার শুরু হলে তাদের এত দিনের বক্তব্যই সঠিক প্রমাণিত হয়েছে বলে মনে হতে পারে।

এ ছাড়া রাশিয়ার রপ্তানি আয় বাড়ানোর সুযোগ করে দেওয়া হলে ইইউকে তাদের পুরো কৌশলই বদলাতে হবে। বর্তমানে ইইউয়ের কৌশল হলো, নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার অর্থের জোগান কমিয়ে দেওয়া, যাতে দেশটি যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয় অর্থ না পায়। একই সঙ্গে রাশিয়ার সাধারণ মানুষের জীবনযাত্রা এত কঠিন করে তোলা, যাতে যুদ্ধের প্রতি তাদের সমর্থন কমে যায়। এর ফলে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তিচুক্তিতে রাজি হতে বাধ্য হবেন–এমনটাই আশা ইউরোপের।

অন্যদিকে, রাশিয়ার নেতৃত্বও মনে করছে, জ্বালানি সংকটের কারণে ইউরোপের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হবে এবং সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়বে। এর ফলে ইউরোপের বর্তমান সরকারগুলো হয় ইউক্রেনকে সমর্থন দেওয়া বন্ধ করতে বাধ্য হবে, নয়তো এমন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, যারা মস্কোর প্রতি তুলনামূলক বেশি সহানুভূতিশীল।

রাশিয়া যদি ইউরোপে আবার কম দামে গ্যাস সরবরাহ করতে রাজি হয়, তাহলে ইউরোপের সরকারগুলোর জ্বালানি খাতে খরচ কমবে। সেই সাশ্রয় হওয়া অর্থ ইউক্রেনকে সহায়তা দেওয়ার কাজে ব্যবহার করা হতে পারে। তাই ইউরোপকে গ্যাস সংকট থেকে বের হতে সহায়তা করা হলে তা সরাসরি রাশিয়ার স্বার্থের বিরোধী হবে বলে মনে করে ক্রেমলিন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র যে চুক্তির জন্য তদবির করছে, তাতে গ্যাস বিক্রি থেকে পাওয়া অর্থ তৃতীয় কোনো দেশে বিশেষ একটি ব্যাংক হিসাবে জমা রাখার প্রস্তাব রয়েছে। এই ব্যবস্থাকে এসক্রো অ্যাকাউন্ট বলা হয়। এর উদ্দেশ্য হলো, ক্রেমলিন যেন ওই অর্থ শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে পারে।

কিন্তু অর্থ যদি সঙ্গে সঙ্গে ব্যবহারের সুযোগ দেওয়া হয়, তাহলে রাশিয়া প্রথমে তা বেসামরিক খাতে ব্যয় করবে। এতে সরকারের বাজেটের অন্য খাতে যে অর্থ বেঁচে যাবে, তা সামরিক খরচে ব্যবহার করতে পারবে মস্কো।

অন্যদিকে, অর্থ যদি এমন হিসাবে জমা রাখা হয়, যেখান থেকে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়া তা তুলতে পারবে না– এমন প্রস্তাব মস্কোর কাছে গ্রহণযোগ্য না হওয়ার সম্ভাবনা বেশি। রাশিয়ার বিভিন্ন পদক্ষেপ থেকে বোঝা যায়, তারা যুদ্ধ শেষ হওয়ার পরের পরিস্থিতি নিয়ে খুব বেশি ভাবছে না। বরং নিজেদের শর্তে যুদ্ধ শেষ করাই তাদের প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্য অর্জনের জন্য এখনই অর্থ প্রয়োজন রাশিয়ার।

কারণ, রাশিয়া যদি শেষ পর্যন্ত যুদ্ধে পুরোপুরি জয়ী হয়, তাহলে ক্ষতিপূরণ বা যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য অর্থ আদায়ের মাধ্যমে তারা এমনিতেই ২৫০০ কোটি বা ৫০০০ কোটি ডলার পেতে পারে।

আর যদি রাশিয়া জয়ী না হয়, তাহলে ওই বিশেষ হিসাবে জমা থাকা অর্থ জব্দ করা হতে পারে। সেই অর্থ ইউক্রেনকে দেওয়া হতে পারে। অথবা ২০২২ সালে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপের যেসব গ্যাস কোম্পানি ক্ষতির মুখে পড়েছিল, তাদের ক্ষতিপূরণ দিতে ব্যবহার করা হতে পারে। যদিও এই ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত এমন সালিশি কর্তৃপক্ষের মাধ্যমে আসতে পারে, যাদের ক্ষমতা রাশিয়া স্বীকার করে না।

এরই মধ্যে জার্মানির জ্বালানি কোম্পানি ইউনিপার সালিশি আদালতের রায়ে রাশিয়ার গ্যাজপ্রম এক্সপোর্টের কাছ থেকে ১ হাজার ৩০০ কোটি ইউরোর বেশি ক্ষতিপূরণ আদায়ের দাবি আদায় করেছে। এ ছাড়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জব্দ করা সম্পদ নিয়ে ইউরোপের চলমান পদক্ষেপগুলোও ক্রেমলিনের সন্দেহ আরও বাড়িয়েছে। রাশিয়ার ধারণা, শেষ পর্যন্ত এই অর্থও তাদের হাতছাড়া হতে পারে।

সবশেষে, রাশিয়ার গ্যাস বিক্রির অর্থ অন্য দেশের নিয়ন্ত্রণে থাকা বিশেষ হিসাবে জমা থাকবে এবং সেই অর্থ খরচ করতে হলে অন্য দেশগুলোর অনুমতি নিতে হবে–এমন ব্যবস্থাও মস্কোর কাছে সন্দেহজনক মনে হবে।

বিষয়টি অনেকটা ২০০৩ সালের যুদ্ধে পরাজয়ের পর ইরাকের ওপর আরোপ করা ব্যবস্থার মতো। ওই ব্যবস্থায় ইরাকের তেল বিক্রির অর্থ বিশেষ হিসাবে জমা রাখা হতো এবং তা ব্যবহারের ক্ষেত্রে বাইরের নিয়ন্ত্রণ ছিল। রাশিয়ার নেতৃত্বের কাছে এমন ব্যবস্থা নিজেদের সার্বভৌমত্বের একটি অংশ ছেড়ে দেওয়ার মতো মনে হতে পারে। বর্তমান পরিস্থিতিতে তারা কোনোভাবেই এমন কিছু মেনে নিতে চাইবে না।

অন্যদিকে, যদি এই গ্যাস চুক্তির অর্থ লেনদেনের দায়িত্ব যুক্তরাষ্ট্রের বেসরকারি মধ্যস্থতাকারীদের হাতে দেওয়া হয় এবং তারা সেখান থেকে কমিশন নেয়, তাহলে ইউরোপের দেশগুলোও আপত্তি তুলতে পারে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের যুক্ত করা হলে এমন আশঙ্কা তৈরি হবে। ইউরোপের দেশগুলোর কাছে বিষয়টি স্বার্থের সংঘাত হিসেবে দেখা দিতে পারে। একই সঙ্গে রাজনীতি, শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এবং ব্যক্তিগত মুনাফার মধ্যে পার্থক্যও অস্পষ্ট হয়ে পড়বে।

এসব কারণ বিবেচনায় ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের মধ্যস্থতায় রাশিয়া ও ইউরোপের মধ্যে নতুন গ্যাস চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম।

লেখক: সিনিয়র ফেলো, কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টার

(লেখাটি আন্তর্জাতিক থিংকট্যাঙ্ক কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টার থেকে অনূদিত)