Advertisement

স্কুটার-মোটরবাইকের সামনে নম্বর প্লেট: কেন বাধ্যতামূলক করতেই চায় সরকার?

স্কুটার-মোটরবাইকের সামনে নম্বর প্লেট: কেন বাধ্যতামূলক করতেই চায় সরকার?
ছবি: এআই দিয়ে তৈরি

মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বরসংবলিত প্লেট বসানো বাধ্যতামূলক করেছে সরকার। উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে ট্রাফিক শৃঙ্খলা ফেরানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরায় আইন লঙ্ঘনকারী যানবাহন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা।

Advertisement

গত ১৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশদূষণসংক্রান্ত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। বলা হয়, মোটরসাইকেল চলাচলে অনিয়ম ও গতিসীমা লঙ্ঘন ঠেকাতে বাহনটির সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর দৃশ্যমান রাখতে হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের মূল দায়িত্ব দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ)। গাড়ির সামনের অংশে নম্বর প্লেট লাগানোর জন্য মালিকদের আগে সময় দেওয়া হয়েছিল ১৫ নভেম্বর পর্যন্ত, পরে তা দেড় মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

Advertisement

তবে সড়ক পরিবহন আইনের আওতায় নেওয়া এই সিদ্ধান্তের পর থেকে চালক, যানবাহন প্রস্তুতকারক, পরিবহন বিশেষজ্ঞ ও সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ শুরু হয়েছে। নতুন এই বাধ্যবাধকতা ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক আইন প্রয়োগের গতি বাড়াবে বলে দাবি করা হচ্ছে। তবে এর বাস্তব প্রয়োগ, বাইকের যান্ত্রিক নিরাপত্তা, সৌন্দর্যহানি ও সম্ভাব্য আর্থিক বোঝা নিয়ে নতুন করে সংশয়ও তৈরি হয়েছে।

কেন এই নিয়ম?

নিয়মটির প্রয়োজনীয়তা সামনে এসেছে মূলত এআই ক্যামেরাভিত্তিক নজরদারি চালুর পর। গত ৭ মে থেকে রাজধানীর বিভিন্ন ব্যস্ত মোড়ে এআই ক্যামেরা বসিয়ে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় মামলা দেওয়ার প্রক্রিয়া শুরু করে ট্রাফিক বিভাগ। পুলিশের ব্যবহৃত আধুনিক প্রযুক্তির ৩৬০ ডিগ্রি পিটিজেড ক্যামেরা চলন্ত যানবাহন ও মানুষ শনাক্ত করতে সক্ষম। সড়কের যানবাহনের ওপর নজর রাখার পাশাপাশি এসব ক্যামেরা সফটওয়্যারের সাহায্যে আইন লঙ্ঘনকারীদের ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে এবং মালিকের কাছে ডিজিটাল প্রসিকিউশন পাঠায়।

কিন্তু এআই ক্যামেরায় মামলা দায়ের শুরুর পরই একটি ফাঁক ধরা পড়ে। এত দিন মোটরসাইকেলের ক্ষেত্রে কেবল পেছনের অংশেই ডিজিটাল নম্বর প্লেট ও রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগ ব্যবহারের বিধান ছিল। পুলিশের পর্যবেক্ষণ বলছে, কোনো বাইক সিগন্যাল ভেঙে দ্রুত বেরিয়ে গেলে কিংবা লেনের ভুল পাশ দিয়ে সোজা ক্যামেরার মুখোমুখি এলে ক্যামেরায় শুধু বাইকের সামনের অংশই ধরা পড়ে। বাংলাদেশে সব সময় মোটরসাইকেলের পেছনেই নম্বর প্লেট বসানো হয় বলে অনেক ক্ষেত্রে আইন লঙ্ঘনকারী বাইকের রেজিস্ট্রেশন নম্বর পড়তে পারছিল না এআই প্রযুক্তি। এই সীমাবদ্ধতা দূর করতেই দ্রুততম সময়ে সামনের অংশে নম্বর প্লেট বসানোর আদেশ জারি করা হয়।

সরকারের উচ্চপর্যায়ের ওই সিদ্ধান্তের পর বিআরটিএ যে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে, তাতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর আলোকে মোটরসাইকেলের পেছনে সরকারি আরএফআইডি ও উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ নম্বর প্লেট আগের মতোই থাকবে। তবে সামনের অংশে মালিককে নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত নিয়ম মেনে নম্বর প্লেট সংযুক্ত করতে হবে।

এর জন্য প্রথমে ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল যে, ওই সময়ের মধ্যে নিয়ম না মানলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে পরে নতুন প্রজ্ঞাপনে সেই সময়সীমা দেড় মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ছবি: এআই দিয়ে তৈরি
ছবি: এআই দিয়ে তৈরি

প্রথম প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী বিআরটিএ স্কুটার ও সাধারণ ক্যাটাগরির মোটরসাইকেলের জন্য দুটি ভিন্ন পরিমাপ নির্দিষ্ট করে দিয়েছিল। স্কুটারের সামনের ম্যানুয়াল নম্বর প্লেটের দৈর্ঘ্য ঠিক করা হয় ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার। আর স্কুটার ছাড়া অন্য সব সাধারণ মোটরসাইকেলের প্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার। দুই ধরনের প্লেটেই বাংলা অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কোনোভাবেই ২০ মিলিমিটারের কম হওয়া চলবে না। প্লেট তৈরি করতে হবে স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের ধাতব পাতে। এতে পুরোপুরি সাদা ব্যাকগ্রাউন্ডে স্পষ্ট কালো রঙে বাংলা বর্ণ ও সংখ্যা লিখতে হবে। স্কুটার ছাড়া অন্য বাইকে পুরো রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক লাইনে লেখা যাবে। প্লেটে কোনো শোভাবর্ধক ফ্রেম, অপ্রয়োজনীয় নকশা বা বাড়তি অলংকরণ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

আদেশটির কারিগরি ও আইনি দিক পর্যালোচনার জন্য আগস্টে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে বিআরটিএ। কমিটিতে ছিলেন বিআরটিএর প্রকৌশল পরিচালক, বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক, এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ, ডিএমপির ট্রাফিক কর্মকর্তা এবং দেশের মোটরসাইকেল আমদানিকারক ও প্রস্তুতকারক সমিতির প্রতিনিধিরা। কমিটি স্থানীয় উৎপাদনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক বৈঠক করে মতামত নেয়। এরপর আগস্ট ও সেপ্টেম্বরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন লেক রোডে ১০টি ভিন্ন মডেলের মোটরসাইকেলে নমুনা নম্বর প্লেট বসিয়ে এআই ক্যামেরায় পরীক্ষামূলক ট্রায়াল চালানো হয়।

ট্রায়াল পর্যালোচনায় কমিটি শুধু ক্যামেরায় নম্বর পড়া যাচ্ছে কি না, সেটিই দেখেনি। প্লেটের কারণে মোটরসাইকেলের ব্রেকিংয়ে সমস্যা হচ্ছে কি না, স্টিয়ারিং ঘোরাতে কোনো বাধা তৈরি হচ্ছে কি না এবং হেডলাইট ও ইন্ডিকেটর লাইট ঠিকভাবে দৃশ্যমান থাকছে কি না–সেসবও পরীক্ষা করে দেখেছে। পাশাপাশি বাইকটি দুর্ঘটনায় পড়লে ধাতব পাতটি চালক বা পথচারীর আঘাতের ঝুঁকি বাড়ায় কি না এবং ভবিষ্যতে ইলেকট্রনিক টোল সংগ্রহ বা ড্রোনের মাধ্যমে নজরদারির সঙ্গে এই প্লেট খাপ খাবে কি না, সেসবও পর্যালোচনা করা হয়।

নীতিগত দিক থেকে এ ক্ষেত্রে বড় একটি আইনি পরিবর্তনও আনতে হয়েছে। সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর ৩৬ নম্বর বিধির ১০ উপবিধিতে স্পষ্ট বলা ছিল, মোটরসাইকেল ও প্রতিবন্ধীবান্ধব যানকে সামনের নম্বর প্লেট প্রদর্শন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কমিটির ইতিবাচক মতামতের পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ওই বিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক সংশোধন এনে গত ১ নভেম্বর গেজেটে নতুন প্রজ্ঞাপন প্রকাশ করে, যার মাধ্যমে সামনের নম্বর প্লেট বসানোকে বাধ্যতামূলক আইনি রূপ দেওয়া হয়েছে এবং সংশোধিত নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করা হয়েছে। এই প্রজ্ঞাপনে উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে। এর ফলে মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বসানোর ক্ষেত্রে যে আইনি বিধিনিষেধ ছিল, তা পুরোপুরি দূর হয়েছে এবং নিয়মটির প্রশাসনিক বাস্তবায়নের পথ সুগম হয়েছে। অর্থাৎ বিধিমালায় থাকা অব্যাহতির জায়গায় এখন এসেছে বাধ্যবাধকতা।

বিআরটিএর প্রথম বিজ্ঞপ্তিতে যে মাপ দেওয়া হয়েছিল, তা আকারে অতিরিক্ত লম্বা হওয়ায় বিভিন্ন মডেলের বাইকের কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। পরে নতুন সংশোধিত বিধিমালায় মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে সামনের নম্বর প্লেটের আকার, নকশা এবং অক্ষরের উচ্চতায় পরিবর্তন আনার ক্ষমতা বিআরটিএকে দেওয়া হয়েছে। এখন থেকে বিআরটিএ প্রয়োজনে জেলা বা অঞ্চলের নাম, যানবাহনের শ্রেণি নির্দেশকারী ফন্টের আকৃতি, উল্লম্ব অংশের ফাঁকা জায়গা এবং হাইফেনের দৈর্ঘ্য পুনর্নির্ধারণ করতে পারবে।

সামনের নম্বর প্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের জন্য প্রচলিত এক লাইনের বিন্যাসের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প বিন্যাস ব্যবহারের সুনির্দিষ্ট সুযোগ তৈরি হয়েছে। এর পাশাপাশি সংশোধিত বিধিতে বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত করায় এআই ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির সাহায্যে দূর থেকে কিংবা কম আলোতেও নম্বর প্লেটের দৃশ্যমানতা ও গাড়ি শনাক্তকরণ নিশ্চিত করা সম্ভব হবে।

প্রশ্ন কী নিয়ে?

আইনি কাঠামো তৈরি হলেও সিদ্ধান্তটি ঘিরে প্রশ্ন উঠছে একাধিক দিক থেকে। কারিগরি নিরাপত্তা, প্রযুক্তিগত বিকল্পের যৌক্তিকতা, বাড়তি ব্যয় এবং প্রয়োগের কার্যকারিতা–এসবই এখন আলোচনার কেন্দ্রে।

চাকরির জন্য প্রতিদিন ঢাকায় ৩০ কিলোমিটার পথ মোটরসাইকেল চালান শাহরিয়ার হোসেন। তিনি চরচাকে বলেন, “বিশ্বজুড়ে তৈরি আধুনিক বেশির ভাগ মডেলের মোটরসাইকেলে সামনে নম্বর প্লেট বসানোর নির্দিষ্ট জায়গা বা মাউন্টিং ব্র্যাকেট থাকে না। ফলে আমাদেরকে নতুন করে এক্সটার্নাল অ্যাঙ্গেল, ক্ল্যাম্প বা পাত যুক্ত করে বাইকের কাঠামোয় পরিবর্তন আনতে হচ্ছে। এই বাড়তি সংযোজন আমাদের দ্রুতগতির বাইকগুলোর অ্যারোডাইনামিক্স, অর্থাৎ বায়ুপ্রবাহের স্বাভাবিক গতিকে ব্যাহত করতে পারে। এছাড়াও এয়ার ফিল্টারে যথাযথভাবে বায়ুপ্রবাহে বাধা পড়তে পারে। ইঞ্জিন বেশি গরম হয়ে যাবে এতে করে।”

মোটরবাইকের সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কাও আছে শাহরিয়ার হোসেনের, “বিআরটিএর নির্দিষ্ট মাপ অনুযায়ী সাদা অ্যালুমিনিয়াম পাতের ওপর বাংলা অক্ষরে লাইসেন্স প্লেট লাগানোর নিয়ম করেছে। বাইকের পেছনে ইংরেজিতে প্লেট লাগালে সুন্দর লাগে। কিন্তু সামনে দিয়ে বাংলায় এটা লাগালে সৌন্দর্য নষ্ট হবে।”

বিআরটিএ ২০১২ সাল থেকেই ডিজিটাল নম্বর প্লেটের সঙ্গে প্রতিটি যানে আরএফআইডি ট্যাগ বিক্রি করে আসছে। সড়কে বসানো রিডারের মাধ্যমে রেডিও তরঙ্গের সাহায্যে অতি দ্রুত এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে যানবাহন শনাক্ত করাই ছিল এই প্রযুক্তির মূল কাজ। কিন্তু এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও সরকার বা আইন প্রয়োগকারী সংস্থা সড়কে পর্যাপ্ত আরএফআইডি রিডার বসাতে পারেনি।

বাইকে থাকা আরএফআইডি চিপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শতভাগ নির্ভুল শনাক্তকরণ সম্ভব। সেই অবকাঠামো অকার্যকর ফেলে রেখে এখন নতুন করে এআই ক্যামেরানির্ভর ব্যবস্থা চালু করা হয়েছে। এআই ক্যামেরার নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে। ঘন কুয়াশা, তীব্র বৃষ্টি, কাদাপানি, রাতের আঁধারে বিদ্যুৎ বিভ্রাট কিংবা বাম্পার-টু-বাম্পার যানজটে একের পর এক গাড়ি গাদাগাদি করে থাকলে ক্যামেরা সামনের নম্বর প্লেট সঠিকভাবে পড়তে ব্যর্থ হয়। এ ছাড়া অসাধু ব্যক্তিরা সামান্য কাপড় বা ব্যাগ দিয়ে প্লেট ঢেকে দিলে ক্যামেরা কার্যত অন্ধ হয়ে যায়। কিন্তু রেডিও তরঙ্গ বা আরএফআইডি সংকেতকে এভাবে আটকানো সম্ভব নয়।

ছবি: এআই দিয়ে তৈরি
ছবি: এআই দিয়ে তৈরি

বাড়তি ব্যয়ের প্রশ্নটিও এখানে বড় হয়ে উঠছে। পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৫০ লাখ, এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই আছে সাড়ে ১৩ লাখের বেশি। দেশে নিবন্ধিত মোট সাড়ে ৬৮ লাখ যানবাহনের বড় একটি অংশই এই দুই চাকার যান। নিবন্ধনের সময় পেছনের নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগের জন্য বিআরটিএ এখন গ্রাহকের কাছ থেকে ২ হাজার ২৬০ টাকা ফি নিয়ে থাকে। বর্তমান নির্দেশনায় সামনের প্লেট মালিককে স্থানীয় বাজার থেকে কিনে লাগাতে বলা হলেও ভবিষ্যতে যদি বিআরটিএ নিজ দায়িত্বে সরকারিভাবে একই খরচে উভয় প্লেট সরবরাহ শুরু করে, তবে শুধু সামনের প্লেটের জন্যই বাইক মালিকদের অতিরিক্ত টাকা খরচ করতে হবে। এর সঙ্গে প্লেট বসানোর মাউন্টিং ফ্রেম ও মেকানিকের খরচ যুক্ত হলে মোট ব্যয় আরও অনেক বেড়ে যাবে।

বাস্তবে এর প্রভাব এরই মধ্যে বাজারে দেখা যাচ্ছে। মিরপুর, পুরান ঢাকার বংশালসহ বিভিন্ন বাইক অ্যাক্সেসরিজের দোকানে সামনের প্লেট তৈরি ও লাগানোর হিড়িক পড়েছে। প্লেটভেদে খরচ পড়ছে ১৫০ থেকে ৫০০ টাকা। বংশালের দোকানগুলোতে প্রতিদিন হাজার হাজার নম্বর প্লেট বিক্রি হচ্ছে, সঙ্গে চলছে বাইকে অ্যাঙ্গেল ফিটিংয়ের কাজ।

এই বাড়তি খরচ ও ঝামেলায় সাধারণ বাইকারদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ট্রল ও ব্যঙ্গাত্মক ভিডিও বানিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এসব ভিডিওতে দেখা গেছে, বাইকে নম্বর প্লেট লাগানোর জায়গা না পেয়ে চালকেরা প্লেট দড়িতে বেঁধে গলায় ঝুলিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন।

নীতির অস্পষ্টতা নিয়েও উদ্বেগ আছে। চালকদের তীব্র আশঙ্কা, ঢাকার বাইরে বা মফস্বল এলাকায়, যেখানে কোনো এআই ক্যামেরা নেই, সেখানে বাইকারদের অহেতুক পুলিশি হয়রানির শিকার হতে হবে।

এই নীতি ট্রাফিক অপরাধ কমাতে কতটা টেকসই প্রভাব ফেলবে, তা নিয়ে এখনো বড় ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, দেশে এখনো বহু মোটরসাইকেল সম্পূর্ণ অনিয়মিত ও অনিবন্ধিত অবস্থায় রাস্তায় চলছে, পাশাপাশি প্রতিদিন গড়ে প্রায় ৮০০ নতুন বাইক নিবন্ধিত হচ্ছে।

বিশ্লেষকরা যা বলছেন

মোটরসাইকেলের সামনে নতুন করে নম্বর প্লেট বসানোর সিদ্ধান্ত ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. সামছুল হক চরচাকে জানান যে, “মোটরসাইকেলে কেবল চালক একা চলেন না, পেছনের যাত্রী (পিলিয়ন) এবং পাশে ও পেছনে অতিরিক্ত লাগেজ বহন করা হয়। অতএব স্থায়ীভাবে সামনে একটি ধাতব পাত যুক্ত করলে বাইকের গতিশীলতা, সামঞ্জস্য ও সুরক্ষায় কোনো বিঘ্ন ঘটে কি না, তা প্রস্তুতকারকদের নিজস্ব কারিগরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন।”

যানবাহন সুশৃঙ্খলভাবে শনাক্তকরণের মূল প্রযুক্তির ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, “জনগণের কাছ থেকে টাকা নিয়ে ডিজিটাল নম্বর প্লেট ও আরএফআইডি (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) ট্যাগ প্রবর্তন করার সময় সরকারের মূল উদ্দেশ্য ছিল, বেতার তরঙ্গের মাধ্যমে দূর থেকেই স্বয়ংক্রিয়ভাবে গাড়ি শনাক্ত করা। কিন্তু প্রজেক্টটি বাস্তবায়িত হলেও রাস্তায় প্রয়োজনীয় আরএফআইডি রিডার না বসানো এবং যানবাহনের ফিটনেস পরীক্ষায় এগুলো যাচাই না করা বিআরটিএর দায়িত্বহীনতা ও প্রশাসনিক ব্যর্থতারই রূপ। উইন্ডশিল্ড বা বাইকে থাকা আরএফআইডি ট্যাগকে কাপড়ে বা ব্যাগে ঢেকেও তরঙ্গ বাধাগ্রস্ত করা যায় না। চুরি হওয়া যান ট্র্যাকিংয়ে এটি বিশ্বজুড়ে সফলভাবে ব্যবহৃত হয়।”

স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণে টেকসই সমাধানের পরামর্শ দিয়ে ড. সামছুল হক বলেন, “পুরো বিশ্বে প্রমাণিত আরএফআইডি প্রযুক্তিকে নিষ্ক্রিয় ফেলে রেখে, কেবল ক্যামেরাভিত্তিক নজরদারির দিকে যাওয়া মূলত একটি সরকারি কেনাকাটার প্রকল্পে পরিণত হচ্ছে। এতে একদিকে যেমন সরকারের বিপুল কেনাকাটা ও ডেটা স্টোরেজের অপচয় বাড়বে, অন্যদিকে সাধারণ গ্রাহকদের ওপর অহেতুক নতুন নম্বর প্লেটের খরচের বোঝা ও আইনি হয়রানি বৃদ্ধি পাবে। তাই অকার্যকর ও আবহাওয়া-সংবেদনশীল একটি ব্যবস্থার পেছনে বারবার ভুল না করে বিআরটিএর মধ্যকার সক্ষমতার ঘাটতি দূর করা এবং পূর্বের বহুবিধ উপযোগিতার জন্য নেওয়া আরএফআইডি অবকাঠামোকেই পূর্ণাঙ্গভাবে কার্যকর করা প্রয়োজন।”

এদিকে সরকারের নতুন নির্দেশনার বিষয়ে নীতিগত সমর্থনের কথা জানিয়ে রানার অটোমোবাইলস-এর চিফ বিজনেস অফিসার এবং বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলারস এন্ড ম্যানুফেকচারারস অ্যাসোসিয়েশনের (বিএএএমএ) সদস্য মোহাম্মদ আবু হানিফ বলেন, “সরকারের প্রজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্য হলো যে, তারা অনেক সময় বাইককে আইডেন্টিফাই করতে পারে না শুধু পেছনের নম্বর প্লেট দিয়ে। সেক্ষেত্রে তারা সামনেও নম্বর প্লেট চাচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের কিছু বাইক আছে, যেগুলোর সামনে নম্বর প্লেট বসানোর অপশন দেওয়াই আছে। তবে যেসব বাইকে সরাসরি অপশন রাখা নাই, সেগুলোর ক্ষেত্রে সামনে নম্বর প্লেট লাগানো শুরুতে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে।”

ভুল স্থানে নম্বর প্লেট বসানোর ফলে সম্ভাব্য দুর্ঘটনা ও বিআরটিএর নির্দেশনার বিষয়ে আবু হানিফ আরও বলেন, “নম্বর প্লেট উল্টাপাল্টা জায়গায় লাগালেই নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। এ ক্ষেত্রে বিআরটিএর সুস্পষ্ট গাইডলাইনের পাশাপাশি আমরা যেসব ইম্পোর্টার বা কোম্পানি আছি, তারা প্রতিটা মডেলের জন্য ছোট নির্দেশনামূলক ভিডিও তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করতে পারি। কোন মডেলে কীভাবে নম্বর প্লেট বসালে নিরাপত্তার ঝুঁকি থাকবে না, তা ভিডিওতে দেখিয়ে দিলে বাইকারদের বিভ্রান্তি ও কষ্ট অনেকটাই কমে যাবে।”