বরিশাল নগরীর বটতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাংচুর ও আগুন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। তবে এতে বাড়িটির বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ওই বাসভবনের নিচে থাকা গার্ডের রুমটির আংশিক ক্ষতি হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে বিক্ষুব্ধ জনতা নানকের বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে বাসার জালানার গ্লাস ভাংচুর করে। একপর্যায়ে তারা ওই বাসার নিচে গার্ডের রুমে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিক্ষুব্ধ জনতা নানকের বাসার সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, নানকের বাসায় আগুন দেওয়া হয়েছে এমন একটি খবর শুনেছি। তবে এখনও বিস্তারিত কিছুই জানতে পরিনি।