Advertisement
আল-জাজিরার বিশ্লেষণ

বারবার কেন হামলার শিকার হচ্ছে গ্রামীণ ব্যাংক?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বারবার কেন হামলার শিকার হচ্ছে গ্রামীণ ব্যাংক?
ছবি: সংগৃহীত

গত ১৮ নভেম্বর বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানিতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা চালিয়ে প্রায় ৩০ বছরের নথিপত্রসহ আসবাবপত্র ও সরঞ্জাম ধ্বংস করা হয়। ব্যাংকের অধিকাংশ কর্মী তখন মাঠ পরিদর্শনে ছিলেন। প্রায় ১২ জন হামলাকারী সে সময়ে চাপাতি, পেট্রল ও তালা ভাঙার সরঞ্জাম নিয়ে ব্যাংকে হাজির হয়।

Advertisement

হামলাকারীরা শাখা লুট করে গ্রাইন্ডার দিয়ে ভল্ট কাটার চেষ্টা চালায় এবং প্রায় ৪০ বস্তা ভাউচার ও নথিতে আগুন ধরিয়ে দেয়। আলমারি, ফাইল কেবিনেট, আসবাবপত্র ও সরঞ্জামের পাশাপাশি এক কর্মীর রাইস কুকারও লুট হয়। গ্রামীণ ব্যাংকের কর্মীদের ধারণা, ঋণ শোধ না করার উদ্দেশ্যেই তারা নথি পোড়ায়।

Advertisement

পরে ছড়িয়ে পড়া ভিডিও এবং শাখার ব্যবস্থাপক সোলাইমান মোড়লের বক্তব্য অনুযায়ী, হামলাকারীরা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয় এবং ‘ইউনূসের আস্তানা’ পোড়ানোর ডাক দেয়।

হুমকির মুখে কর্মীরা আতঙ্কিত। শাখার কাজ বন্ধ এবং আমানত ও ঋণের নথি নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এতে গ্রাহকদের আস্থায় চিড় ধরছে এবং আমানতকারীরা ভীত হচ্ছেন বলে জানিয়েছে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা। সব মিলিয়ে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।

একের পর এক হামলার মুখে গ্রামীণ ব্যাংক

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ নভেম্বর থেকে ২৩ নভেম্বরের মধ্যে গ্রামীণ ব্যাংকের ৯৭টি শাখা ও কার্যালয়ে হামলা হয়েছে। কিন্তু এখন এই হামলাগুলো কেন করা হচ্ছে?

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ড. ইউনূস। গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সরে দাঁড়ায়। আল-জাজিরা লিখেছে, এর কয়েক মাস পর এখন এই হামলাগুলো ড. ইউনূসের প্রতিষ্ঠিত নোবেলজয়ী প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে নিয়ে এসেছে। এদিকে হাসিনা সমর্থকেরা থানা ও সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ফরিদপুর ও নড়াইলে বিএনপির তিন কর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

গতকাল সোমবার ড. ইউনূস সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে এই ‘পরিকল্পিত হামলাকে’ মর্মান্তিক আখ্যা দিয়ে জানান, কর্মকর্তা ও সদস্যরা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের কাছে এই ব্যাংকটিই পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন বলে জানান ড. ইউনূস।

প্রায় ৯০ শতাংশ সদস্য-মালিকানাধীন এই ব্যাংকের মোট সদস্য সংখ্যা ১ কোটি ৬ লাখ, যার বেশিরভাগই গ্রামীণ নারী। ব্যাংকে তাদের প্রায় ২৫ হাজার কোটি টাকা আমানত আছে। ৫৫ লাখ গ্রাহকের কাছে ব্যাংকটির ১৯ হাজার কোটি টাকার বেশি ঋণ বকেয়া রয়েছে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদ আল-জাজিরাকে জানান, প্রচলিত ব্যাংকিং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এই প্রতিষ্ঠানের প্রায় ২১ হাজার কর্মী এখন নিরাপত্তাহীনতা ও মানসিক চাপে ভুগছেন, যা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে।

আওয়ামী লীগ কি গ্রামীণ ব্যাংককে লক্ষ্যবস্তু বানাচ্ছে? কেন?

গ্রামীণ ব্যাংকে হামলার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে দায়ী করেছে সরকার। সম্প্রতি ভারতে নির্বাসিত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তার সমর্থকদের নতুন তৎপরতায় গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় থানা-বাড়িতে অগ্নিসংযোগ ও বিএনপির তিন কর্মীকে হত্যার মতো অস্থিরতা তৈরি হয়েছে। এর পাশাপাশি হামলা হচ্ছে গ্রামীণ ব্যাংকের অনেক শাখায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং শেখ হাসিনার সাজা হওয়ায় আওয়ামী লীগের কট্টরপন্থীরা এখন ইউনূসের প্রতীক হিসেবে গ্রামীণ ব্যাংকের ওপর ক্ষোভ ঝাড়ছেন।

ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ‘হিউম্যানিটারিয়ান অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ ইনিশিয়েটিভ’-এর গবেষক মুবাশ্বার হাসান বলেন, এই হামলাগুলো যে সময়ে হচ্ছে, সেটিই হামলাগুলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তুলছে। “তার (হাসিনার) দল পুরো সপ্তাহজুড়ে তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে তৎপরতা চালিয়েছে। ড. ইউনূসের সঙ্গে সংশ্লিষ্ট প্রতীকগুলোর মধ্যে গ্রামীণ ব্যাংকই তাদের হাতের নাগালে থাকা সবচেয়ে সহজ লক্ষ্যবস্তু। আওয়ামী লীগের কট্টরপন্থীদের কাছে ইউনূস হলেন তাদের পতনের প্রধান মুখ। তাই তার ব্যাংকে আগুন দেওয়াটা ইউনূসকে পাল্টা আঘাত করারই একটি পথ”–আল-জাজিরায় মুবাশ্বার হাসানের বিশ্লেষণ।

হাসানের মতে, নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজপথে দলের উপস্থিতি জানান দেওয়ার উদ্দেশ্যেও এসব হামলা চালানো হতে পারে। তিনি বলেন, “বিশেষ করে গোপালগঞ্জে চালানো এই হামলাগুলোর কিছু অংশ শক্তি প্রদর্শনের মহড়া বলে মনে হচ্ছে—যার মাধ্যমে সমর্থকদের এই বার্তা দেওয়া হচ্ছে যে, ‘আমরা এখনো আছি’।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান এই সহিংসতাকে একটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন। তার মতে, ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের সামনে দুটি পথ খোলা ছিল–নিজেদের ভুল স্বীকার করে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়া, অথবা জোর করে রাজনীতিতে ফেরার চেষ্টা করা। দলটি দ্বিতীয় পথটিই বেছে নিয়েছে। শাহান বলেন, “গ্রামীণ ব্যাংকে হামলা আসলে ‘প্রতিশোধের রাজনীতির’ বার্তা দেওয়ার একটি প্রচেষ্টা।”

শাহান আরও বলেন, সরকারকে কঠোর পদক্ষেপ নিতে উসকানি দেওয়ার উদ্দেশ্যেও এসব হামলা চালানো হতে পারে, যাতে আওয়ামী লীগ নিজেদের ‘ভুক্তভোগী’ হিসেবে উপস্থাপন করতে পারে এবং সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ পায়।

গ্রামীণ ব্যাংকে হামলার মূল্য কারা দিচ্ছেন?

আল-জাজিরা লিখেছে, গ্রামীণ ব্যাংকের অধিকাংশ শেয়ারের মালিক সেই দরিদ্র নারীরা, যারা ঋণ ও সঞ্চয়ের জন্য এর ওপর নির্ভরশীল। গবেষক হাসানের মতে, শাখা পুড়লে মূলত এই নারীদেরই ঋণ ও সঞ্চয়ের নথি ছাই হয়ে যায়। ফলে কার্যক্রম ব্যাহত হলে তারা মহাজনি ঋণের ফাঁদে পড়তে পারেন এবং নিয়মিত কিস্তি চালানো তাদের জন্য কঠিন হয়ে উঠবে।

ইতিমধ্যেই হামলার কারণে অচল হয়ে পড়া শাখাগুলোর বকেয়া ঋণের সুদ গণনা স্থগিত করেছে কর্তৃপক্ষ, পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে কর্মীদের সরিয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে অবকাঠামো ও নথিপত্রের ক্ষতির চেয়েও বড় সংকট হিসেবে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থাই এখন হুমকির মুখে পড়েছে।

সরকার কেন হামলাগুলো থামাতে হিমশিম খাচ্ছে?

আল-জাজিরা লিখেছে, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় এই হামলাগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের আইনশৃঙ্খলা রক্ষার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আহমেদের দাবি, সরকার হিমশিম খাচ্ছে না। তিনি পুলিশ বাহিনীতে কিছুটা জনবল ঘাটতির কথা জানান। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, এ ঘটনায় আটটি মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে বিশ্লেষক শাহানের মতে, কঠোর দমন অভিযান চালালে আওয়ামী লীগ ‘ভুক্তভোগী’ সেজে সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নিতে পারে, এই আশঙ্কায় সরকারের পদক্ষেপ কিছুটা সীমিত।

গ্রামীণ ব্যাংকের এমডি হামিদ জানান, পুলিশ সহায়তা ও আগাম সতর্কবার্তা দিলেও বেশিরভাগ ক্ষেত্রে নিজেদেরই সতর্ক থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছে। তার মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যাংকের প্রতিও গ্রাহকদের আস্থা আপনাআপনি ফিরে আসবে।