Advertisement

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ
নেত্রকোণার গ্রামীণ ব্যাংকের কার্যালয়কে লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

Advertisement

গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার বিরিশিরি বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। খবর ইউএনবির।

বিরিশিরি শাখার ব্যবস্থাপক মো. শামসুল হক বলেন, “গভীর রাতে পেট্রল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের বাইরে আনসার সদস্যরা পাহারায় ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে তারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে পেট্রলভর্তি আরও একটি কাচের বোতল পড়ে ছিল, যা বিস্ফোরিত হয়নি।”

শামসুল হক আরও বলেন, “পেট্রল বোমাটি কার্যালয়ের ভেতরে প্রবেশ না করায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কার্যালয়ের গেটের সামনে রাখা একটি মোটরসাইকেলের পেছনের কিছু অংশ পুড়ে গেছে।”

Advertisement

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ১টা ৩৪ মিনিটে দুর্বৃত্তরা পরপর দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।”

ওসি জানান, আনসার সদস্যদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ইউএনবি জানিয়েছে, সম্প্রতি নেত্রকোনার ঠাকুরাকোনা, কুমড়ী, মৌগাতি, চল্লিশা, আমতলা, পূর্বধলার খলিশাউড়াসহ বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের একাধিক শাখা কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।