আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসসকে এ তথ্য জানিয়েছেন।
আখতার আহমেদ বলেন, “ইউপি নির্বাচন নিয়ে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।”
ইসি সচিব বলেন, “সংলাপে রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে। এবং আইনশৃঙ্খলা বিষয়েও একটি মিটিং হবে।”
আখতার আহমেদ জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করা হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সঙ্গে তিন দিনের এই সংলাপ অনুষ্ঠিত হবে। এ ছাড়া পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে, তাদের সঙ্গেও আলোচনায় বসা হবে।
ইসি কমিশনার বলেন, ইউপি নির্বাচনের জন্য ইসির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ইসি কমিশনার আরও বলেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন। এই চারটি বিষয়ের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে।
দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে এবারের ভোট আয়োজনের পরিকল্পনা করেছে কমিশন। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন, দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৮০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়নে ভোট হবে।