Advertisement

৪ বছরে ব্যাংক খাতের সংস্কার শেষ করতে চায় বাংলাদেশ ব্যাংক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

৪ বছরে ব্যাংক খাতের সংস্কার শেষ করতে চায় বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক। ছবি: বাসস

ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করে স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনতে চার বছর মেয়াদি সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় খেলাপি ঋণ কমানো, ব্যাংকগুলোর মূলধন শক্তিশালী করা, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Advertisement

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Advertisement

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে সম্পদের গুণগত মান পর্যালোচনা বা অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) কার্যক্রম চলছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এর মাধ্যমে দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা ও সম্পদের মানের অবনতির প্রকৃত চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ কিউ আরের কারণে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের পরিস্থিতি নয়। বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত দুর্বলতার প্রতিফলন। চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে খেলাপি ঋণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়া হচ্ছে। পাশাপাশি এসব ব্যাংকে সুশাসন ফেরাতে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ছাড়া ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা তৈরি করা হয়েছে। এর আওতায় প্রয়োজন অনুযায়ী নতুন মূলধন জোগান, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে। আগামী চার বছরে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

দীর্ঘমেয়াদি সংস্কারের অংশ হিসেবে আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায় বাড়ানো, ঋণ বিতরণে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগও রয়েছে। একই সঙ্গে জরুরি সহায়তা ব্যবস্থাগুলো পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এসব সংস্কার বাস্তবায়িত হলে ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও স্থিতিশীলতা বাড়বে। এ প্রক্রিয়ায় আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি জনসাধারণকে গুজব বা অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক তথ্য অনুসরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।