ইসরায়েলের একজন প্রবীণ আরব আইনপ্রণেতা বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের শাসনের অবসান ঘটাতে ইহুদিদের নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য কয়েক দশকের প্রচলিত অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত তাদের জোট।
বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আরব জয়েন্ট লিস্টের জ্যেষ্ঠ সদস্য আহমদ তিবি অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, “এই অপরাধী সরকারের পতন ঘটাতে আমরা অতীতে যা করিনি, এবার তা করতে চাই।”
তবে এ ধরনের যেকোনো রাজনৈতিক অংশীদারত্ব উভয় পক্ষের জন্যই জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। জয়েন্ট লিস্টের জন্য এর অর্থ হবে এমন একটি সরকারকে সমর্থন দেওয়া, যারা ইসরায়েলের যুদ্ধ বন্ধ করবে কিংবা অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ নিয়ন্ত্রণ করবে। এমন সম্ভাবনা কম। অন্যদিকে নেতানিয়াহু বিরোধীদের জন্য এর অর্থ হবে এমন দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হওয়া, যারা শুধু ইসরায়েলের নীতির সমালোচনাই করে না, দেশটির ইহুদি রাষ্ট্র হিসেবে পরিচয়ও প্রত্যাখ্যান করে।
ঐতিহাসিকভাবে রেকর্ডসংখ্যক ভোটার উপস্থিতির ফলে ইসরায়েলের পার্লামেন্টে আরব নেতৃত্বাধীন দলগুলো এবার সর্বোচ্চ আসন পেয়েছে। তিবি বলেছেন, নেতানিয়াহু বিরোধী সরকারকে বাইরে থেকে সমর্থন দিতে প্রস্তুত জয়েন্ট লিস্ট, তবে সেই সরকারের অংশ হতে চায় না তারা। এতে আরব দলগুলোকে সন্দেহের চোখে দেখা ইহুদি নেতৃত্বাধীন দলগুলোর উদ্বেগ কমতে পারে এবং জয়েন্ট লিস্টের নিজস্ব ভোটারদেরও সন্তুষ্ট করা সম্ভব হবে। একই সঙ্গে সরকার গঠনে দলটির উল্লেখযোগ্য প্রভাব বজায় থাকবে।
ইসরায়েলের ইতিহাসে মাত্র একটি আরব দল ২০২১ সালে দেশটির সরকারে অংশ নিয়েছিল। তবে সেই দল রা'আম জয়েন্ট লিস্টের তুলনায় অনেক বেশি সমঝোতামুখী এবং তাদের আসনসংখ্যাও ছিল কম। রা'আম আরেকটি নেতানিয়াহু বিরোধী সরকারে অংশীদার হতে আগ্রহী। তবে এ ধরনের যেকোনো ব্যবস্থার জন্য জয়েন্ট লিস্টের সমর্থনও প্রয়োজন হবে।
ইহুদি নেতৃত্বাধীন দলগুলো যদি এ ধরনের অংশীদারত্ব প্রত্যাখ্যান করে, তাহলে তা প্রমাণ করবে যে ইসরায়েল ‘সবার জন্য পূর্ণাঙ্গ গণতন্ত্র নয়, বরং একটি জাতিভিত্তিক শাসনব্যবস্থা’—মন্তব্য করেন তিবি।
জয়েন্ট লিস্টের অবস্থান অধিকাংশ ইসরায়েলির বিপরীত
বর্তমান ইসরায়েল ভূখণ্ডে বসবাসকারী ফিলিস্তিনি জনগোষ্ঠীর অধিকাংশই ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘটিত যুদ্ধের সময় পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন অথবা তাদের বিতাড়িত করা হয়েছিল। যারা থেকে গিয়েছিলেন, তাদের নাগরিকত্ব এবং ভোটাধিকারসহ অন্য অধিকার দেওয়া হয়। বর্তমানে ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ তাদের ও তাদের বংশধরদের নিয়ে।
ঐতিহাসিকভাবে ইসরায়েলি আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোকে অনেক ইহুদি সন্দেহের চোখে দেখে আসছে। ইসরায়েলের শত্রুদের পক্ষে কথা বলা বা তাদের প্রশংসা করা কয়েকজন আইনপ্রণেতার বক্তব্য এ অবিশ্বাস আরও বাড়িয়েছে।
সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। ছবি: সংগৃহীত
তিনটি বামপন্থী ও জাতীয়তাবাদী দলের জোট জয়েন্ট লিস্ট ইসরায়েলের তথাকথিত ‘বর্ণবাদী জায়নবাদী ঐকমত্য’ প্রত্যাখ্যান করে। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলের দখলে যাওয়া পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে থাকা ইহুদি ইসরায়েলিদের সঙ্গে অংশীদারত্বের আহ্বান জানায় তারা। একই সঙ্গে ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে দেশটির সব নাগরিকের সমান অধিকারের দাবি করে।
যুদ্ধের এই সময়ে অনেক ইহুদি ইসরায়েলি জয়েন্ট লিস্টের এ অবস্থানকে দেশের শত্রুদের সমর্থন হিসেবে দেখেন। নেতানিয়াহুও এ ধরনের মনোভাব উসকে দিয়েছেন। তিনি আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অপ্রমাণিত অভিযোগ তুলেছেন এবং তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরেছেন।
নেতানিয়াহু বিরোধীদের সামনে কঠিন সিদ্ধান্ত
এ পরিস্থিতি সাবেক জেনারেল গাদি আইজেনকটের নেতৃত্বাধীন নেতানিয়াহুর প্রধান বিরোধীদের সামনে কঠিন সিদ্ধান্তের পরিস্থিতি তৈরি করেছে।
নির্বাচনী প্রচারে তারা নেতানিয়াহুকে একজন দুর্নীতিগ্রস্ত নেতা হিসেবে তুলে ধরেন, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা প্রতিরোধে ব্যর্থ হয়েছেন এবং পরে ওই হামলার বিষয়ে জনসম্মুখে তদন্ত আটকে দিয়েছেন। তারা নির্বাচনকে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে তুলে ধরে বলেন, নেতানিয়াহুর উগ্র ডানপন্থী সরকার ইসরায়েলের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য হুমকি।
১২০ সদস্যের নেসেটে নেতানিয়াহুর জোটের ৫৩টি আসনের বিপরীতে তারা পেয়েছেন ৪৮টি আসন। জয়েন্ট লিস্ট পেয়েছে ১১টি এবং রা'আম পেয়েছে আটটি আসন। ফলে নেতানিয়াহুবিরোধী সংখ্যাগরিষ্ঠতা গঠনে এই দুই দল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইসরায়েলের সাধারণ নির্বাচনের আগে উত্তরাঞ্চলীয় শহর বাক্কা আল-ঘারবিয়ায় আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্টের প্রার্থী ও ইসরায়েলি নেসেটের সদস্য আহমদ তিবির নির্বাচনী প্রচারের একটি বিলবোর্ড। ৮ অক্টোবর ২০২৬। ছবি: এপি/ইউএনবি
জয়েন্ট লিস্ট নেতানিয়াহু বিরোধী জোটকে ভোট দিয়ে অথবা ভোটদানে বিরত থেকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রয়োজনীয় সীমা কমিয়ে সরকার গঠনে সহায়তা করতে পারে। দুই ব্যবস্থাতেই জয়েন্ট লিস্টকে সরকারে সরাসরি অংশ নিতে হবে না। সরকারে যোগ দিলে গাজা ও লেবাননে পরিচালিত যুদ্ধের বিরোধিতা করা সত্ত্বেও দলটির আইনপ্রণেতাদের সেই যুদ্ধ পরিচালনাকারী সরকারের অংশ হতে হবে, যা তাদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে।
আইজেনকটের কয়েকজন মিত্র আরব দলগুলোর সমর্থনকে স্বাগত জানিয়েছেন। তবে অন্যরা এর বিরোধিতা করছেন। তাদের যুক্তি, জয়েন্ট লিস্টের নেতাদের অতীতের কিছু বক্তব্যে ইসরায়েলের বৈধতা অস্বীকার করা হয়েছে অথবা দেশটির শত্রুদের সমর্থন জানানো হয়েছে।
তিবি বলেন, নেতানিয়াহু বিরোধীদের সঙ্গে অংশীদারত্ব গড়লে যুদ্ধ বন্ধ হবে কিংবা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে—এমন কোনো ভ্রান্ত ধারণা তার নেই। তবে নেতানিয়াহুর শাসনের অবসান ঘটিয়ে একটি ‘সংস্কারমুখী সরকার’ ফিলিস্তিনি নাগরিকদের জীবনযাত্রার উন্নতি ঘটাতে পারে। পাশাপাশি আরব সম্প্রদায়ের মধ্যে সহিংস অপরাধের ক্রমবর্ধমান প্রবণতার মতো স্থানীয় সমস্যাগুলো মোকাবিলারও সুযোগ তৈরি হতে পারে।
কী কী শর্ত থাকবে, তা এখনো স্পষ্ট নয়
আইজেনকট বলেছেন, আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে যেকোনো অংশীদারত্বের ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা এবং সংগঠনটিকে ধ্বংস করার প্রয়োজনীয়তা স্বীকার করা।
তিবি বলেছেন, জয়েন্ট লিস্টের মতো যেসব দল সরকারে যোগ না দিয়ে বাইরে থেকে সমর্থন দিতে চায়, তাদের ক্ষেত্রে এসব শর্ত প্রযোজ্য নয়।
জয়েন্ট লিস্ট ও রা'আম—দুই দলই হামাসের নেতৃত্বে ৭ অক্টোবরের হামলা এবং বেসামরিক নাগরিকদের ওপর যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানিয়েছে। তবে তারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতে কিংবা সংগঠনটিকে ধ্বংস করার আহ্বান জানাতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের যুক্তি, এমন অবস্থান নিলে গাজায় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানকে ন্যায্যতা দেওয়ার সুযোগ তৈরি হবে।
ইসরায়েলের জাতীয় নির্বাচনের দিন দেশটির মাগার শহরের একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার সময় মেয়েকে কোলে নিয়ে আছেন ফিলিস্তিনি প্রার্থী ও রা’আম পার্টির নেতা মানসুর আব্বাস। ২৭ অক্টোবর ২০২৬। ছবি: সংগৃহীত
তিবি বলেন, ৭ অক্টোবরের হামলা এবং এর জবাবে ইসরায়েলের সামরিক অভিযান—দুটিই অনৈতিক ছিল।
দীর্ঘদিন ধরেই আরব দলগুলোর বিরুদ্ধে ডানপন্থীদের আক্রমণের অন্যতম লক্ষ্য হয়ে আছেন এই প্রবীণ আইনপ্রণেতা। ২০১৯ সালের ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহু, যিনি জনপ্রিয়ভাবে বিবি নামে পরিচিত, ‘বিবি না তিবি?’ স্লোগান দিয়ে প্রচার চালিয়েছিলেন। এর মাধ্যমে তিনি ভোটারদের সতর্ক করেছিলেন, তার বিরোধিতা করার অর্থ সরকার গঠনের জন্য আরব নেতৃত্বাধীন দলগুলোর ওপর নির্ভর করা।
তিবি মঙ্গলবার বলেন, এবারের নির্বাচনের ফলাফল সেই স্লোগানের অর্থই উল্টে দিয়েছে।
তিনি বলেন, “তিনি যখন ‘বিবি না তিবি?’ বলেছিলেন, তখন আরবদের বিরুদ্ধে উসকানি দিয়েছিলেন। এখন পরিস্থিতি হলো ‘তিবি’, কারণ আরব ভোটাররা বিপুলসংখ্যায় নির্বাচনে অংশ নিয়েছেন। এবার নিঃসন্দেহে গল্পটা আমাদের।”