মালয়েশিয়া সফর বাতিল করে শুধু অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।
আজ মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামীর আমির তার পূর্বনির্ধারিত সফর শেষে অস্ট্রেলিয়া ছেড়ে করে দেশের উদ্দেশে রওনা হয়েছে বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিজের ভেরিভাইড ফেসবুক পেজে বিরোধী দলীয় নেতা জানিয়েছেন, একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় এক দিনের সফরটি স্থগিত করেছেন তিনি।
গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়া সফরে যান শফিকুর রহমান। তখন জানানো হয়েছিল ২৬ নভেম্বর তিনি অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরবেন।
ফেসবুকে জামায়াতের আমির লিখেছেন, “অস্ট্রেলিয়ায় ৪ দিনের সফর সম্পন্ন করে দেশের পথে রওনা হলাম। প্রবাসী ভাই-বোনদের আন্তরিকতায় আমি মুগ্ধ ও অভিভূত। আল্লাহ তায়ালা তাদের সকলকে উত্তম প্রতিদান ও সম্মান দান করুন।”
সফর স্থগিত হওয়া প্রসঙ্গে জামায়াত আমির লিখেছেন, “একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় এক দিনের সফরটি স্থগিত করলাম। ইনশাআল্লাহ, নিকট ভবিষ্যতে প্রবাসী ভাই-বোনদের সঙ্গে মালয়েশিয়ায় সাক্ষাৎ করার আশা রাখি।”