সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৩ শিশু।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এর মধ্যে ঢাকা বিভাগে ৫২৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন ও রংপুর বিভাগে ৩৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া নয়জনের মধ্যে ঢাকা ও সিলেটে ৩ জন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছে।
নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন ও সিলেট বিভাগে ২৫ জন রয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ২০৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৩৯ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৩০০ জন। এ সময়কালে সন্দেহজনক হামে মোট ১ হাজার ২৫৬ জন ও নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন সন্দেহজনক হাম রোগী। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।